Home » বনফুল

একফোঁটা জল -- বনফুল

রামগঞ্জের জমিদার শ্যামবাবু যে খেয়ালী লোক তা জানতাম। কিন্তু তাঁর খেয়াল যে এতদূর খাপছাড়া হতে পারে তা ভাবিনি। সেদিন সকালে উঠেই এক নিমন্ত্রণপত্র পেলাম। শ্যামবাবু তার মাতৃশ্রাদ্ধে সবান্ধবে নিমন্ত্রণ করেছেন। চিঠি পেয়ে আমার মনে কেমন খটকা লাগল। ভাবলাম- শ্যামবাবুর মায়ের অসুখ হল অথচ আমি একটা খবর পেলাম না! আমি হলাম এদিককার ডাক্তার।
যাই হোক নেমন্তন্ন যখন করেছেন তখন যেতেই হবে। গেলাম। গিয়ে দেখি শ্যামবাবু গলায় কাছা নিয়ে সবাইকে অভ্যর্থনা করছেন। তাঁর মুখে একটা গভীর শোকের ছায়া। আমাকে দেখি বললেন- “আসুন ডাক্তারবাবু- আসতে আজ্ঞা হোক্‌।” দু’চার কথার পর জিজ্ঞাসা করলাম- “আপনার মায়ের হয়েছিল কি?”
শ্যামবাবু একটু বিষ্মিত হয়ে উত্তর দিলেন- “ও আপনি শোনেননি বুঝি! আমার মা তো আমার ছোটবেলাতেই মারা গেছেন- তাকে আমার মনেও নেই- ইনি আমার আরেক মা। সত্যিকারের মা ছিলেন।”
ভদ্রলোকের গলা কাঁপতে লাগল।
আমি বললাম- “কী রকম? কে তিনি?”
তিনি বললেন- “আমার মঙ্গলা গাই- আমার মা কবে ছেলেবেলায় মারা গেছেন মনে নেই- সেই থেকে ওই গাইটিই তো দুধ খাইয়ে আমাকে এত বড় করেছে। ওরি দুধে আমার দেহ মন পুষ্ট। আমার মা আমায় এতদিন পরে ছেড়ে গেলেন ডাক্তারবাবু।”
এই বলে তিনি হু হু করে কেঁদে ফেল্লেন।
আমার বিষ্ময়ের আর সীমা রইল না।
Monday, October 5, 2015