Home » শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গণেশের মূর্তি
--শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মহাদেব বাবু মানুষটি বড় ভালো। দোষের মধ্যে তিনি গরিব। নুন আসতে পানতা ফুরোয়। আর সেইজন্যে বাড়িতে তাঁকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালোমানুষির জন্যই মহাদেববাবু কোনও উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করতেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব-দুঃখীদের সাহায্য করেন। কেউ ধারটার করলে শোধ চাইতে পারেন না। দুষ্টু লোকেরা তাঁকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন, এ জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না। তাঁর সেইজন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুলেরা খাওয়াদাওয়ার কষ্ট পেলে তাঁর খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তাঁর নেই। তবে আর সামান্য কিছু টাকা যদি রোজগার করতে পারতেন তা হলেই হত।
একদিন কাজকর্ম সেরে মহাদেব বাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটকলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুলি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু-সজ্জন দেখলেই সিকিটা আধুলিটা যাই হোক প্রণামি দিয়ে প্রণাম করে যান।
আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তাঁর বিশাল জটা আর দাড়ি গোঁফ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তিভরে একখানা সিকি প্রণামি দিয়ে প্রণাম করলেন।
সাধু তাঁর দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কী চাস তুই?
মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা।
সাধুটা সর্বত্যাগী, তাঁদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে।
সাধু তাঁর দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না?
না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন।
সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জ্বলজ্বলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট্ট গণেশমূর্তি বের করে বললেন, এই নিয়ে যা।
মহাদেব মূর্তিটা ভক্তিভরে নিয়ে কাপালে ঠেকালেন। পেতলের তৈরী ছোট সুন্দর একখানা মূর্তি।
সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি।
যে আজ্ঞে। কিন্তু বাবা, আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কী করে?
কে কার দাম দিতে পারে রে ব্যাটা! দাম দেওয়া কি সোজা! যা, বাড়ি যা।
ভারি যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তাঁর বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন।
ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তাঁর পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জ্বেলে দেখলেন, একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এল তা আকাশ-পাতাল ভেবেও বুঝতে পারলেন না।
পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলায় সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল, আজ একটা টাকা প্রণামি দিয়ে যাবেন, তা আর হল না।
সারাদিন হাড়ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়েদেয়ে ঘুমোলেন মহাদেববাবু। আবার কী আশ্চর্য! আজও মধ্যরাতে তাঁর পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কী হচ্ছে? এ্ কি গণেশঠাকুরের মহিমা?
তিনি গণেশমূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া!
তা রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেব বাবু।
মাসান্তে তাঁর ত্রিশটি টাকা অতিরিক্ত আয় হল। তাতে সংসারেরও সামান্য উন্নতি হল। মহাদেববাবু তিশটাকা থেকে পাঁচটি টাকা জমিয়ে ফেললেন। টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হত না।
গণেশবাবার পয়েই যে এ কান্ড ঘটছে তাতে তাঁর আর সন্দেহ রইল না। সাধুবাবা তাঁকে কী আশ্চর্য জিনিসটা না দিয়ে গেলেন!
কৃতজ্ঞতায় রোজ তাঁর চোখে জল আসে।
বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবে সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে। অল্প অল্প টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি। তাঁর বেশি লোভ নেই।
মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু-একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন, উল্টদিকের বাড়ির মদন চৌধুরি। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড় কেপ্পন।
একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গেও এল।
মদন জিগ্যেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেত-টেতন বাড়িয়ে দিয়েছে নাকি?
আজ্ঞে না, মদনদা।
তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি-খুশি ভাব দেখছি। বাউমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে? বলি ব্যাপারখানা কী?
মহাদেব বাবু অতি সরল মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশমূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরিকে বলে ফেললেন। মদন চৌধুরির চোখ লোভে চকচক করতে লাগল। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশবাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা -- ওতে কী হয়?
মহাদেব বাবু মাথা নেড়ে বললেন,-- না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের। আমার তার বেশি দরকার নেই।
মদন চৌধুরি খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন।
তিনচারদিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল-জল দিতে গিয়ে দেখেন, কুলুঙ্গিতে গণেশমূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও গণেশমূর্তি পাওয়া গেল না। মহাদেব বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন, তাঁর দু-চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগল।

একটা দীর্ঘশ্বাস পেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সওয়ার নয়।
ওদিকে মদন চৌধুরির আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশমূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতেই তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন।
সকালবেলা তিনি গণেশমূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা। ও তোমার মহিমা কী বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেইজন্যই তো দুপুরবেলা চুপিচুপি তোমাকে চুরি করে এনেছি। ও-বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে পাঁচগুণ করে দাও।
তাই হল। পরের রাত পরপর পাঁচটি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরির পেটের ওপর। তিনি আহ্লাদে ডগোমগো। গণেশ তাঁর কথা শুনেছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন , তোমার হাত খুলে গেছে বাবা। তাহলে এবার টাকাটা পঞ্চাশগুণ হোক।
তাই হল। মাঝরাতে বৃষ্টির মতো তাঁর পেটের ওপর মোট আড়াইশো কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরির পেটে বেশ ব্যাথা লাগল। কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তাঁর ব্যথার কথা মনে রইল না। সকালে তিনি গণেশবাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়া যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও।
রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরি। মধ্যরাতে হঠাৎ যখন তাঁর পেটের ওপর টাকা পড়তে শুরু করল তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং টং টং করে টাকা পড়তে লাগল মাথায়, গায়ে, হাতে পায়ে। আড়াই লাখ টাকার বৃষ্টি যখন শেষ হল তখন মদন চৌধুরির মাথা পেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হকয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন। টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা।
যখন জ্ঞান ফিরল তখন শরীরে একশো ফোড়ার ব্যাথা। নড়তে পারছেন না। কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা দু-হাজার গুণ করে দাও।
তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাতে হঠাৎ যেন বজ্রনির্ঘোষের একটা শব্দ হর। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগল। আহ্লাদে দু-হাত তুলে চেঁচালেন মদন চৌধুরি। কিন্তু আহ্লাদ বেশিক্ষণ স্থায়ী হল না। পঞ্চাশ কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগল। হৃদপিন্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি।
জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তখন তাঁর শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা, ঘুরছে, জিব বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশবাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে-কাঁদতে বললেন, আর চাইনে বাবা, আমার প্রাণটা রক্ষে কর।
কিন্তু কে শোনে কার কথা! মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরি বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো তাঁর মাথায় আর গায়েই এসে পড়তে লাগল। ঘরখানা টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নীচে আবার চাপা পড়লেন মদন চৌধুরি।
পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব চাট্টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে মদন চৌধুরি এসে তাঁর সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ। আমিই চুরি করেছিলুম লোভে পড়ে তার শাস্তি ভালোমতোই পেয়েছি। গণেশমূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এল।
মদন চৌধুরি চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশবাবা। আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা তোমার টাকা ফেরত নাও। ও আমার চাই না। এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন আমার ঘরে আর একটিও টাকা নেই। আমিও হাঁফ ছেড়ে বেঁচেছি।
মহাদেব গণেশমূর্তিকে আবার কুলুঙ্গিতে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত এই গল্পটি “ঝুরি কুড়ি গল্প” বইটি থেকে নেওয়া হয়েছে।
Wednesday, October 7, 2015

মনোজদের অদ্ভুত বাড়ি -২ -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফের ঠাকুরঝি আছাড় খেলেন।আজকে খেলেন গোয়াল ঘরে। আছাড় খাওয়া তার নিত্য দিনের কর্ম। বলতে পারেন হবি। এমন কোন জায়গা নেই যেখানে তিনি আছাড় খাননি। এমনকি যেখানে লোকজন সচরাচর পড়ে যায় না সেই শুকনো সমতল জায়গাতেও তিনি আছাড় খান। সে যাকগে দুঃখহরণ বাবু খুব মনোযোগ দিয়ে অংক কসছিলেন। হঠাৎ মুখ তুলে দেখেন তার ছাত্রছাত্রীরা নেই। সবাই গোয়াল ঘরের দিকে ছুটেছে।
বিরক্ত হয়ে দুঃখহরণ বাবু তখন গানের মাস্টারমশাই গণেশ ঘোষালের ঘরে গেলেন তার সাথে দুটো গল্প করতে। গিয়ে দেখেন, সেখানেও এক গোলমাল।
গণেশবাবু আত্মহত্যা করবেন বলে চালের বিমের সঙ্গে একটা মোটা দড়ির ফাঁস ঝুলিয়ে দড়িটা টেনেটুনে দেখছেন।
দুঃখবাবু বললেন, “এ কী?”
দৃশ্য দেখে দুঃখহরণবাবু চমকে উঠলেন না। মাসের মধ্যে দু-তিনবার গণেশ ঘোষাল আত্মহত্যার চেষ্টা করে থাকেন।
দুঃখবাবু দড়িটা ভালভাবে দেখে বললেন, “ভালো বাঁধা হয়নি।”
গণেশবাবু ফাঁসটা ধরে একটু ফুল খেয়ে বললেন, “না, দিব্যি শক্ত হয়েছে।’
দুঃখবাবু মাথা নেড়ে বলেন, ‘দড়িটাও বেশ পুরনো, মাঝখানে ফেঁসো বেরিয়ে আছে। ফাঁস গলায় দিয়ে ঝুলবার সময়ে যদি দড়ি ছি৭ড়ে যায় তো পড়ে হাত-পা ভাঙবে।”
গণেশবাবু তাচ্ছিল্যের সঙ্গে বললেন, “ভাঙে ভাঙুক। ভারী তো তুচ্ছ হাত-পা। মরতে গেলে হাত পায়ের চিন্তা করলে চলে না মশাই।”
গণেশবাবু মাথা নেড়ে বলেন, “হ্যাঁ। গরুর গলা থেকে খুলে এনেছি। বদমাশ গরুটা ঢুসিয়ে দিতে এসেছিল, কোনক্রমে বেরিয়ে এসে দরজার ঝাঁপটা টেনে দিয়েছিলাম ভাগ্যিস।
দুঃখবাবু চেয়ারে পা তুলে বসে বললেন, “এই সকালবেলাতেই মরতে চাইছেন কে? সকালবেলাটা সুইসাইড করার পক্ষে ভাল না। হুটহাট লোকজন এসে পড়তে পারে। এসব গভীর রাতে করতে হয়, যখন কেউ এসে বাঁচাতে পারবে না।”
“হুঁঃ”।” বলে গণেশবাবু দুঃখবাবুর দিকে একটু কটমট করে চেয়ে থেকে বললেন, “গভীর রাত পর্যন্ত আমি জেগে থাকতে পারি না। এত ঘুম পায় যে, মরা-টরার কথা মনেই থাকে না?”

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “মনোজদের অদ্ভুত বাড়ি” থেকে অংশ বিশেষ।

মনোজদের অদ্ভুত বাড়ি -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আদ্যশক্তিদেবী আছাড় খেয়েছেন শুনলে আজকাল লোকজন কেউ তেমন অবাক হয় না। কেউ যদি কাউকে গিয়ে বলে, জানো, আদ্যাশক্তি আজ আছাড় খেয়েছেন? তাহলে যাকে বলা হয় তিনি অবাক হয়ে বলেন “ওওও, এ আর এমন কী? উনার আছাড় খাওয়া অভ্যাস।
তবু কেউ যদি আছাড় খায়ই, সে আদ্যাশক্তি দেবীই হোন বা আর যে কেউ হোক, নিয়ম হল লোকজন গিযে তাকে ধরিমরি করে তুলবে। গোয়াল ঘরের চেঁচামেচি শুনে তাই সবাই দৌড়ে গেল।
গিয়ে দেখে, গোয়ালঘরের এক কোণে যেখানে ব্যায়োগ্যাসের গবেষণার জন্য হারাধন বিজ্ঞানী গোবরের তাল জমিয়ে পচাচ্ছিল সেখানে আদ্যাশক্তিদেবীর অর্ধেক ডুবে আছে। তিনি নিঃশব্দে চেঁচাচ্ছেন। অর্থাৎ তাঁর মুখ নড়ছে কিন্তু শব্দ বেরচ্ছে না।
বুড়ি ঝি কিরমিরিয়ার অভ্যাস হল, বাড়িতে কোনও রকম ঘটনা ঘটলেই সে বিলাপ করে কাঁদতে বসবে। বাড়িতে কিছু ঘটলেই কিরমিরিয়ার বিলাপ শুরু হয়ে যায়। এই তো সেদিন খুঁকির ড্রইং খাতা হারিয়ে গিয়েছিল। সে কি বিলাপ!!!.. ও বাবাগো? খোঁকির এখন কী হবে গো! ইস্কুলের দিদিমিণি এখন খুঁকিকে বকবে গো! সারাদিন তার বিলাপের জ্বালায় সবাই অস্থির। এখন বাড়িতে যাই ঘটুক, কিরমিরিয়াকে কেউ কিছু খবর দেয় না।
প্রায় দুদিন কিরমিরিয়া বিলাপ করেনি। বিলাপ না করলে তার পেট ফেঁপে যায, খিদে নষ্ট হয়ে মুখে অরুচি হয়। রোগাও হয়ে যায় সে। দুদিন বাদে জবর ঘটনা দেখে কিরমিরিয়া গিযে গোবরে অর্ধেক ডুবে থাকা আদ্যাশক্তি দেবীর মুখের সামনে উবু হযে বসে মনের সুখে কেঁদেকেটে বিলাপ করতে লাগল, ‘ও ঠাকুরঝি গো, এত জায়গা থাকতে তুমি কেন গোবরে গিয়ে পড়লে গো! উঠোনে পড়লে না, পুকুরে পড়লে না, ছাদ থেকে পড়লে না, গোবরে গিয়ে পড়লে গো! এখন তোমারই বা কী হবে, গোবরেই বা কী হবে গো!

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “মনোজদের অদ্ভুত বাড়ি” থেকে অংশ বিশেষ।

গোঁসাই বাগানের ভুত -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বুরুন সব বিষয়ে ভাল কিন্তু অঙ্কে সে গোল্লা। এবার পরীক্ষাতে সে অঙ্কে ১৩ পেয়েছে। এতে বাড়ির সবাই তার উপর অভিমান। তার বাবাতো রেগেমেগে আগুন। এমনটি তার বোনও তার সাথে কথা বলে না, খেলতে যাওয়া নিষেধ। বুরুনের নিজের কাপড় নিজেকেই ধুতে হয়। ঘর পরিস্কার করতে হয়, ভাত বেড়ে খেতে হয় আরও কত কি! এতো অবহেলা সহ্য করা যায় না। মনের দুঃখে বুরুন গেল গোঁসাইবাগানে। সাধারনত মন ভাল থাকলে বুরুন সেখানে যেত না। আজ তার মৃত্যুর ভয় নেই। সাপে কাটলেই কি আর বিছাতে কাটলেই কি। ঘনজঙ্গলের অনেক ডালপালা পেরিযে বনের অনেক গভীরে একটা পুকুর পাড়ে গিয়ে সে পৌছেছে। পুকুরের পাড়েই একটা কুল গাছ থেকে বুনো কুল পেরে খাচ্ছে। মনটা তার ভাল নেই। হঠাৎ সে দেখে পুকুরের ওপারে একটা মানুষ দাড়িয়ে আছে। বুরুন ভাবল, এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ কোথা থেকে এল রে বাবা। কিন্তু বুরুনের তাতে কোন ভ্রক্ষেপ নেই। মানুষ থাকলেই বা তাতে তার কি এসে যায়!
কিছুক্ষন পর মানুষটা পুকুরের জলের উপরে পা ফেলে বুরুনের দিকে আসতে লাগল। লোকটি জলের উপর দিয়ে হাঁটছে কিন্তু পা জলে ভিজছে না। বুরুন অবাক হলো, সে বিজ্ঞান ক্লাসে জেনেছে গ্রাভিটির কারনে জলের উপর দিযে হাঁটা অসম্ভব। কিন্তু লোকটি দিব্যি হাঁটতে। যাই হোক, বিজ্ঞানের যে আরও কত কিছু জানার বাকি আছে, কেই বা জানে। সে ঘটনাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আবার কুল গাছ থেকে কুল পেরে খেতে লাগল।
লোকটি বুরুনের সামনে এসে ইয়া বড় বড় দাঁত বের করে এক গাল হেঁসে বলল, “কি খোকা, ভয় পেয়েছ?”
বুরুন একটু অবাক হয়ে বলে, “ভয়? না, ভয় পাব কেন?
“পাওনি?” এবার লোকটাই অবাক।
“না, ভয় পাওয়ার কী আছে? আমি শুধু সায়েন্সের কথা ভাবছিলাম, মনে হয় সায়েন্স এখনো অনেক কিছু জানে না।?
“তা বটে।” বলে লোক একটু হেসে লোকে যেমন টুপি খোলে, ঠিক সেভাবে নিজের মাথাটা ঘাড় থেকে তুলে এনে হাতে নিয়ে একটু ঝেড়েঝুড়ে পরিষ্কার করল চাঁদির জায়গাটা, তারপর মুন্ডুটা আবার যথাস্থানে লাগিয়ে বলল, “মাথায় খুব উকুন হয়েছে কিনা, তাই চুলকাচ্ছে।”
“ও।” বুরুন বলে।
লোকটা বিরক্ত হয়ে বলে, “কী ব্যাপার তোমার বল তো! এবারও যে বড় ভয় পেলে না?”
বুরুন কাঁধ ঝাঁকিয়ে বলল, “আপনার মাথায় উকুন হয়েছে আর চুলকোচ্ছে বলে আমার ভয় পাওয়ার কী আছে?”
লোকটা রেগে গিয়ে বলল, “তুমি ভাবছ আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি?”
“হতে পারে”
লোকটা হঠাৎ ডান হাতটা ওপর দিকে তুলল। বুরুন দেখল, হাতটা লম্বা হয়ে একটা চালতা গাছেল মগডালে চলে গেছে। পরমুহূর্তে একটা পাকা চালতা পেড়ে এনে লোকটা বুরুনের সামনে ফেলে দিয়ে বলল, “দেখলে?”
বুরুন বিরক্ত হয়ে বলে, “না দেখার কী? চোখের সামনেই তো পাড়লেন।”
লোকটা ধমকে উঠে বলে, “তবে ভয় পাচ্ছ না যে!”
“ভয় না পেলে কী করব?” এই বলে বুরুন থোকা থেকে কয়েকটা কুল ছিঁড়ে মুখে ফেলল।
লোকটি ভারি আঁশটে মুখ করে বলল, “লজ্জা করছে না কুল খেতে? চোখের সামনে জলজ্যান্ত আমাকে দেখতে পেয়েও নিশ্চিন্ত মনে কুল খাওয়া হচ্ছে? আরো দেখবে? অ্যাঁ!”
বলে লোকটা হঠাৎ ডান হাত দিয়ে বাঁ হাতটা খুলে চারদিকে তলোয়ারের মতো ঘোরাতে লাগল; তারপর বাঁ হাত দিয়ে ডান হাত খুলে নিল। দুটো পা দু’হাতে খুলে নিয়ে দেখাল। তারপর একবার অদৃশ্য হয়ে ফের হাজির হল। তেরো-চোদ্দ ফুট লম্বা হয়ে গেল আবার হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট হয়ে গেল। এসব করে হাঁফাতে হাঁফাতে আবার আগের মতো হয়ে সামনে দাঁড়িয়ে বলল, ‘দেখলে?’
“হুঁ!”
“হুঁ মানে? এ-সব দেখাও পরও মূর্ছা যাচ্ছ না যে! দৌড়ে পালাচ্ছ না যে! দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খেয়ে যাচ্ছ যে বড়! আমি কে জান?”
“কে?”
“আমি গোসাঁই ডাকাতের বড় স্যাঙাৎ নিধিরাম। দুশো বছর ধরে এখানে আছি, বুঝলে? দুশো বছর।”
‘বুঝলাম।”
“কী বুঝলে?”
বুরুন বিরক্ত হয়ে বলে, “এসব তো সোজা কথা। বোঝাবুঝির কী আছে! আপনি দুশো বছর ধরে এখানে আছেন।”
লোকটা গম্ভীর হয়ে বলে, “তুমি বাপু তলিয়ে বুঝছ না। দুশো বছর কি কোন মানুষ বেঁচে থাকে বলো!”
“তা থাকে না।”
“তবে আমি আছি কী করে?”
“থাকলে আমি কী করব?”
লোকটা রেগে উঠে বলল, “তবু তুমি তলিয়ে বুঝছ না কিন্তু। আমি আসলে বেঁচে নেই।”
বুরুন আর একটা কুল মুখে নিয়ে বলে, “তাতে আমার কী?”
“ওঃ, খুবই চ্যাটাং চ্যাটাং কথা বলছ যে! ভূতকে ভয় পাওনা, কেমনতরো বেয়াদব ছেলে হে তুমি!”
বুরুন বলল, “ভয় লাগছে না যে।”
এই কথা শুনে লোকটার চেহারা ভারি করুণ হয়ে গেল। অসহায়ভাবে ছলছলে চোখে চেয়ে রইল বুরুনের দিকে।


শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “গোঁসাই বাগানের ভুত” থেকে অংশ বিশেষ।

যতীন বাবুর চারহাত -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

-- যতীনবাবুর দোষটা কি জানেন?
-- আজ্ঞে না, দোষটা কী বলুন তো!
-- যতীনবাবুর সবচেয়ে দোষ হল উনি বড্ড ভালোমানুষ।
-- অ। তা ভালোমানুষিটা দোষের খাতে ধরছেন কেন?
-- ধরব না মশাই? কিছু পৈতিক সম্পত্তি ছিল, ব্যাংকে দিব্যি মোটা টাকার আমানত ছিল, কয়েক লাখ টাকা শেয়ারেও ছিল। গাড়ি-বাড়ি-জমিজমায় একপ্রকার ভাসাভাসি কান্ড, কিন্তু ওই যে, ভালামানুষির দোষ। কেবল বলেন আমি একা ভাল তো হবে না, অন্যদেরও ভালো রাখতে হবে। আর যেমনি কথা অমনি কাজ। দু-হাতে আর কতই বিলানো যায়। ভগবান যদি চারখানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হত।
-- বটে। তা তার ঠিকানাটা বলুন তো!
-- আহা! আগে শুনুন, তবে তো!
-- কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে!
-- আরে না মশাই, না। বিলি হয়েই যেত, কিন্তু ভগবান যে তাঁর আবদার মঞ্জুর করবেন সেটা যতীনবাবু ভেবে দ্যাখেননি। এখন যে তাঁর বিপদ চলছে।
-- কেন মশাই? কিসের বিপদ?
-- বলছি মশাই, বলছি। তার আগে একটা কথা শুনে রাখুন। ভগবান লোকটা বড্ড বেখায়ালের। বড় গলা করে চেয়েচিন্তে দেখবেন, কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো। কিন্তু হঠাৎ হয়তো আনমনে ফিসফিস করে কিছু একটা চেয়ে বসলেন, অমনি সেটা মঞ্জুর করে দিলেন। তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না।
-- তা হলটা কী মশাই?
-- ওই চারটে হাত চেয়েছিলেন যতীনবাবু। ওইটেই তাঁর কাল হল। রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ বগলের তলায় সুড়সুড়ি। প্রথমটায় তেমন বুঝতে পারেননি। অস্বস্তি বোধ করে এপাশ-ওপাশ করছেন, হঠাৎ দুই বগল ফুঁড়ে ভচাক ভচাক করে আরও দুটো হাত বেরিয়ে এল। প্রথমটায তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিলেন। বাড়ির লোকজনও সব লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এল্ কিন্তু কান্ড দেখে সবাই তাজ্জব। চোর-ডাকাতের ব্যাপার নয়। যতীনবাবুর দুই বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে-খুঁড়ে আরও দুটো হাত বেরিযে এসেছে।
-- যাঃ, এ আপনি গুল দিচ্ছেন।
-- আপনি তো গুল বলেই খালাস। যতীনবাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন এটা গুল হলেই বরং ভালো ছিল।
-- কেন মশাই, দুটো বাড়তি হাত থাকলে কাজকর্মের বেশ সুবিধেই হওয়ার কথা।
--কাজকর্মের কথা আর বলবেন না শশাই। কাজকর্মের আগে আরও জলন্ত সব সমস্যা রয়েছে। প্রথম কথা যতীনবাবুর সবজামারই দুটো করে হাতা। কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গলানো যাচ্ছে না বলে সকালেই দর্জিদের ডেকে পাঠানো হল। তারাও পড়ল সমস্যায়। জীবনে চার হাতাওয়ালা জামা বানায়নি, প্রথম সমস্যা হল সেটা।
-- আহা, হাতগুলো একটু বেশি ঢোলা করে দিলেই তো হয়।
-- না, হয় না। নতুন হাতদুটো মহা বজ্জাত। তারা পুরোনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয়। তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ার সেই চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে। যাই হোক, শেষ অবধি চার হাতওয়ালা জামা তৈরী করা হল বটে, কিন্তু চার হাতার গেঞ্জি অমিল। যতীনবাবুর আবার গেঞ্জি ছাড়া চলে না, শেষ অবধি হোসিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জিরও বন্দোবস্ত হল। কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে।
-- সেটা কীরকম?
-- বলছি। যতীনবাবু এখন দুখানা ডান হাত আর দুখানা বাঁ-হাত, বুঝলেন তো!
--দিব্যি বুঝেছি। দুপো ডান, দুটো বাঁ, সোজা হিসেব।
-- হিসেবটা যদি এত সোজা হত তাহলে আর চিন্তা ছিল কী? প্রথম মুশকিল হল খেতে বসে। যতীনবাবু পুরনো ডান হাত দিলে জলখাবারের একখানা লুচি আলুর ছেঁচকি সাপ্টে সবে মুখে তুলেছেন অমনি তাঁর নতুন ডান হাত ফস করে আরও দুখানা লুচি পায়েস মেখে তাঁর মুখে দিল গুঁজে। এখন আপনি বলুন আলুর ছেঁচকি সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয়।
-- তাই তো! কথাটা ভেবে দেখার বিষয়।
-- দুপুরে সবে ঘি মাখা ভাতের গরাস মুখে তুলতে যাবেন এমন সময় তার বিকল্প ডান হাত একগোছা সজনে ডাঁটার চচ্চড়ি তার মুখে গুঁজে দিলে যতীনবাবুর অবস্থাটা কী হয় বলতে পারেন।
-- খুব খারাপ হওয়ার কথা।
-- আর শুধু কি তাই? টেলিফোন ধরতে যাবেন, সেই ফোন নিয়ে দুই ডান হাতে এমন কাড়াকাড়ি হল যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল। বাঁ-হাতে ঘড়ি পরবেন সে উপায় নেই, এক হাতে ঘড়ি পরতে গেলেই আর এক হাত খাবলা মারে। একটু তবলা বাজানোর শখ আছে যোতীনবাবুর। কিন্তু এখন দুটো ডান হাত এবং দুটো বাঁ-হাত মিলে তবলা ডুগিতে এমন সব আওয়াজ তোলে যে কহতব্য। বরাবর বাঁ-হাতে চায়ের কাপ ধরার অভ্যাস তাঁর, সবে চুমুক দেবেন অমনি নতুন বাঁ-হাতটা উঠে এসে কাপটা এমন চেপে ধরল যে গরম চা চলকে পড়ে পেটে ফোসকা হওয়ার জোগাড়। বাজার করতে গিয়েও বিপত্তি। পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে। বুড়ো ঢ্যাঁড়স, পাকা পটল, ধশা আলু কী থাকছে না আজকাল তাঁর বাজারে!
-- এঃ হেঃ যতীনবাবুর তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই।
-- তার আর বলতে। তাই বলছিলুম, ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না। বেখেয়ালের লোক, কোনটা দিয়ে ফেলেন কে জানে। যা আছে তাই নিয়েই খুশি থাকুন মশাই বুঝলেন?
-- খুব খুব।

কবচ -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

--আরে হরিপদবাবু যে! প্রাতঃপ্রণাম,প্রাতঃপ্রণাম!
-- প্রাতঃপ্রণাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলুম না মশাই?
-- তার তাড়াহুড়ো নেই, ক্রমে ক্রমে চিনবেন। আগে কুশলপ্রশ্নাদি সেরে নিই, তারপর না হয় অন্য কথা। তা বলি আপনার খিদে-টিদে ঠিকমতো হচ্ছে তো? রাতে বেশ সুনিদ্রা হয় তো? কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো?
-- দেখছেন মশাই, বাজারে যাচ্ছি। এখন কি আর এত খাতেনের জবাব দেওয়া সময় আছে?
-- কিন্তু হরিপদ বাবু, প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না। এসব প্রশ্নের পিছনে গূঢ় উদ্দেশ্যও থাকতে পারে তো। এই যে ধরুন, আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভাল ঘুমোননি, নানারকম দুশ্চিন্তা করেছেন। আপনার তেমন খিদেও হচ্ছেনা না বলে মুখখানা আঁশটে করে রেখেছেন। কোষ্ঠ পরিস্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ তিরিক্ষি। ঠিক কি না!
-- তা খুব একটা ভুলও বলেলনি বটে। আপনার মতলবখানা কী বলুন তো?
-- চলুন, বাজারের দিকে হাঁটতে-হাঁটতে দুটো কথা কয়ে নিই।
-- কথা কওয়ার উদ্দেশ্যটা কী একটু বলবেন? খামোখা একজন উটকো লোকের সঙ্গে হাপরহাটি বকে মরার সময় আমার নেই।
-- আহা, চটে যাচ্ছেন কেন? ষষ্ঠীচরণ যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় আর সুদসমেত সেই পাঁচহাজার যে পঞ্চাশ হাজার দাঁড়িয়ে যেতে বসেছে, আর পচা গুন্ডা যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিযে প্রতিমাসে অন্যায্য টাকা আদায় করছে, সে তো আর আমার অজানা নয়।
-- দাঁড়ান মশাই, দাঁড়ান। এসব গুহ্য কথা আপনি জানলেন কী করে? মেয়ের বিয়ের সময় মোটে পাঁচটি হাজার টাকা ষষ্ঠীচরণের কাছে ধার নিয়েছিলুম। তখন কি আর জানতুম যে ওই পাঁচ হাজারের ফেরে আমার ঘটিবাটি চাঁটি হওয়ার জোগাড় হবে! ঠিকই বলেছেন মশাই, আমার খিদে হচ্ছে না, ঘুম উধাও, কোষ্ঠ পরিষ্কার নওয়ার লক্ষণই নেই।
-- শুধু কি তাই হরিপদবাবু? গণকঠাকুর সদানন্দ সরখেল যে শনির দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি একখানা নীলা ধারণ করিয়েছিলেন তারও কিস্তি টানতে গিযে আপনি কি কম নাকাল হচ্ছেন। সদানন্দ আবার ভয় দেখিয়ে রেখেছে যে, কিস্তি ঠিকঠাক না দিলে মহাক্ষতির অভিশাপ লাগবে। তার ওপর ধরুন আপনার বাড়ির পাশেই মহাকালী ব্যায়ামাগারের আখড়া। তারা জোড় করে আপনার জমির আড়াই ফুট বাই ষাঠ ফুট দখল করে বসে আছে, আর আপনি প্রতিবাদ করলেই তেড়ে আসছে, এও তো সবাই জানে কিনা।
-- আশ্চর্য মশাই, আমি আপনাকে না চিনলেও আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন! তা মশাই, এত সব জানলের কী করে? আপনি কি শত্রুপক্ষের লোক?
-- ছিঃ ছিঃ, হরিপদবাবু এরিকম অন্যায় সন্দে আপনার হল কী করে? আপনার ভালো চাই বলেই না আর পাঁচটা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি! আপনার গিন্নির বাঁ-হাঁটুর বাত আর অম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধের পিছনে যে হাজার-হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সে খবর জানি বলেই না আপনার দুঃখে ধুঃখিত হয়ে না এসে থাকতে পারলাম না।
-- কিছু মনে করবেন না মশাই, আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্দ ছিল। এখন বুঝতে পারছি, আপনি তেমন খারাপ লোক নন।
-- নই-ই তো! এই যে গেল হপ্তায় আপনি অফিসের লেজারে একটা চল্লিশ হাজার টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিযে দিয়েছিলেন, তার জন্য গণেশবাবু কী অপমানটাই না আপনাকে করলেন। ইডিয়ট, গুড ফর নাথিং, অপদার্থ, মিসফিট, নন-কমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন! তার ওপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আপনি ভালোই জানেন, পায়রাডাঙায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যত অন্ধকার।
-- ওঃ মশাই, আপনি নির্ঘাত অন্তর্যামী। এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাক হচ্ছি। সত্যিই মশাই, গণেশবাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না। এই তো গত ইয়ার এন্ডিং-এ গণেশবাবুর মান বাঁচাতে পরপর চারদিন অফিসের সময় পার করেও দু-তিন ঘন্টা করে বেশি খেটে তাঁর কাজ তুলে দিয়েছি। এই কি তার প্রতিদান? আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয়। সেদিন জামাইষষ্ঠীর নেমতন্নে যাব বলে একটু তাড়াহুড়ো ছিল। বিকেল ছ’টা ছাব্বিশের ট্রেন ধরব বলে তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে সামান্য একটা ভুল হয়ে গিয়েছিল।
--সেই কথাই তো বলছি। তারপর ধরুন, এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড়ে কী কান্ডটা হল?
-- কিছু হয়েছিল নাকি? কী হয়েছিল বলুন তো?
-- সে কী মশাই, এত বড় ঘটনাটা ভুলে মেরে দিলেন! আপনার তো এখনও ভীমরতি ধরার বয়স হয়নি। মাত্র বিয়াল্লিশ বছর তিনমাস, এর মধ্যেই স্মৃতিবিভৃম তো ভাল কথা নয়। অবশ্য জলাতঙ্কের ইনজেকশান নিলে অনেক সময়ে শরীরে নানারকম কেমিক্যাল চেঞ্জ হয়, তাতে স্মৃতিবিভ্রম হওয়াটাও বিচিত্র নয়।
-- আমি যে জলাতঙ্কের ইনজেকশান নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি। নাঃ আমার আরও অবাক হওয়ার উপায় নেই মশাই। ইতিমধ্যে অবাক হওয়ার আপটিমামে পৌছে গেছি।
-- আহা, অবাক হওয়ার দরকারটাই বা কী আপনার! এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড় দিযে আসার সময় আপনি যে দূরে শ্যামাদাস মিত্তিরকে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে, “শ্যামাদাস, ওহে শ্যামাদাস” বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন, তা কি আপনার মনে নেই?
-- দোষটা কিন্তু শ্যামাদাসরই, বুঝলেন মশাই, গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাবে বলে আমার কাছে দূরবিনটা ধার চেয়েছিল। দূরবিনটা আমার ঠাকুরদার। সাবেক জিনিস, একটা স্মৃতিচিহ্নও বটে। কিন্তু শ্যামাদাস এমন বেআক্কেলে যে, দূরবিনটা ছ’মাসের মধ্যে ফেরত দিল না। চাইলেই বলে, দেব দিচ্ছি। তারপর ‍শুনলুম তার বড় শালা নাকি দূরবিনটা তার কাছে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারতে বেড়াতে যাবে বলে। বলুন তো, টেনশন হওয়ার কথা নয়! তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিলুম।
-- আর তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরের লেজ মাড়িযে ফেললেন। আর কুকুরটাও ঘ্যাক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল।
-- ওঃ সে একটা দুঃস্বপ্নের মতো ঘটনাই বটে। তবে আপনি যে অন্তর্যামী যে বিষয়ে আমার আর কোন সন্দেহই নেই। এসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগ ছাড়া কেউ জানে না। কুকুড়ের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রনা পেটে অতগুলো ইনজেকশন নেওয়া। সে কী অসহ্য অবস্থা তা কহতব্য নয়।
-- না হরিপদবাবু, আপনি নবুবাবুর কথা ভুলে যাচ্ছেন। আপনার দুর্ভোগের জন্য নবুবাবুর অবদানের কথাটাও একটু ভাবুন। সেবার অ্যানুয়াল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে বাইশ পেয়েছিল। নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন। অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম। গজাকে অঙ্ক শেখানোর জন্য আনাকে নবুবাবু মাসে সাতশো টাকা দিতেন। তা দেবেন নাই বা কেন। নবুবাবুর টাকার লেখাজোখা নেই, আর গজাও তার একমাত্র ছেলে। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে এগারো পেল এবং অ্যানুয়ালে পেয়েছিল মাত্র তিন। এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনই, তার উপর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন। অভিযোগ ছিল, আপনি ইচ্ছা করেই গজাকে ভুলভাল শিখিয়েছেন। তা ছাড়া তাঁর গোয়ালে আগুন লাগানোর অভিযোগে এক দফা, তাঁর বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আর এক দফা, তাঁর বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন। পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানায় লক আপে এক রাত্রি আটকেও রাখে। ঠিক কিনা?
-- আর বলবেন না মশাই, আমার কী দোষ বলুন! গজা বেশিরভাগ দিনই অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়ত বা পেট ব্যাথা বলে আমাকে বিদায় করে দিত। নবুবাবুকে বলেও লাভ হত না। বলতেন, ছেলেমানুষ, ওরকম তো একটু করবেই। ওই ফাঁকে ফাঁকে শিখিয়ে নেবেন। কী কুক্ষণে যে গজাকে পড়াতে রাজি হয়েছিলুম কে জানে। নবুবাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন।
-- সম্প্রতি তিনি আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্যও তৈরী হচ্ছেন বলে শুনেছি।
-- ওরে বাবা!
-- তা তো বলছি, আপনি কেমন আছেন সেটা জানা বড় দরকার।
-- যে আজ্ঞে। ভেবেচিন্তে মনে হচ্ছে আমি বিশেষ ভাল নেই। আমার ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না। বুক দুরদুর করে, শরীর দুর্বল লাগে,মাথা ঘোরে।
-- আহা, তার জন্য চিন্তা কী হরিপদবাবু। আমি তো আছি।
-- আপনি আছেন, কিন্তু কীভাবে আছেন?
-- আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল বলেই তো হিমালয়ে পাহাড়িবাবার কাছে ছুটে গিয়েছিলাম।
-- বলেন কী? আমার জন্যে আপনি হিমালয় ধাওয়া করেছিলেন? আপনি তো অতি মহৎ মানুষ মশাই। কিন্তু আমি তো আপনাকে চিনিও না!
-- তাতে কি? আমার চেনা-অচেনা ভেদ নেই। আপনার দুঃখের কথা পাহাড়িবাবার শ্রীচরণে নিবেদন করতেই উনি টানা পাঁচ বছরের ধ্যানসমাধি থেকে জেগে উঠে চিন্তিত মুখে বললেন, তাই তো? হরিপদর সময়টা তো বিশেষ ভাল যাচ্ছে না! এর একটা বিহিত করতেই হবে।
-- বলেন কি মশাই?
-- তবে আর বলছি কী! পাহাড়িবাবার মহিমা তো জানেন না। সাক্ষাৎ শিবস্বয়ম্ভো! তিনি প্রসন্ন হলে আর চিন্তা কীসের? তা তিনি সব টেনেটুনে আপনার ওপর প্রসন্ন হয়েই এই একস্ট্রা স্পেশাল বগলমুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে কাঁচা দুধ, দই আর গঙ্গাজলে শোধন করে ধারণ করবেন। দেখবেন সব গ্রহ-বৈকল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ।
-- আপনি তো বড় পরোপকারী মানুষ মশাই।
-- আর লজ্জা দেবেন না। মানুষের জন্য আর কতটুকুই বা করতে পারি। যাই হোক, প্রণামী বাবদ সামান্য পাঁচ হাজার টাকা ফেলে দিলেই হবে।
-- অ্যাঁ!
-- আজ্ঞে হ্যাঁ।