Home » তারাপদ রায়

মত্ত - তারাপদ রায়

একটা মামলার প্রয়োজনে একটা জেলা শহরে যেতে হয়েছিল। যথারীতি জেলা আদালতের উঠোনে এবং গেটের পাশে অনেকগুলি ভাতের হোটেল, পান-সিগারেট এবং মিষ্টির দোকান। এরই মধ্যে সবচেয়ে বড় মিষ্টির দোকানটায় গিয়ে দোকানের মালিককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে সবচেয়ে বড় উকিল কে? আমি বাইরে থেকে এসেছি, একটু জানতে পারলে উপকার হয়।
      আমার জিজ্ঞাসা শুনে প্রবীণ মিষ্টান্ন বিক্রেতা কি যেন একটু ভেবে তারপর বললেন, ‘সবচেয়ে ভাল উকিল?’
      আমি বললাম, ‘হ্যাঁ। আমার একটা মামলার ব্যাপারে বিশেষ দরকার।’ 
      সবচেয়ে ভাল উকিল হলেন বলাইবাবু, আমাদের এই জেলার মধ্যে, তারপর ভদ্রলোক কিঞ্চিত ইতস্তত করে বললেন, “অবশ্য তিনি যদি মাতাল অবস্থায় না থাকেন?”
      আমি একটু চিন্তিত হলাম। মাতাল উকিল! উকিলের আগে মাতাল বিশেষণটা খুব ভাল ঠেকছে না। সুতরাং আবার জিজ্ঞাসা করলাম, দু নম্বর ভাল উকিল কে? 
      মিষ্টান্ন ব্যবসায়ী বললেন, 'দু নম্বর ভাল উকিল হলেন ওই বলাইবাবুই, তিনি যখন মত্ত অবস্থায় থাকেন।’
      বলা বাহুলা ভদ্রলোকের এই ধাঁধা আমার পছন্দ হয়নি, আমি অন্য উকিলের খোঁজ করেছিলাম।
     এই উকিলবাবু আদালতে মদ খেয়ে আসেন। জানি তাকে যদি প্রশ্ন করা হয়, আপনি এত মদ খান কেন? তিনি বলবেন, আমি এত-শত মদ কিছু খাই না। আমি অল্প-অল্প খাই, বারবার খাই।’
     সে যা হোক, আদালত নয়, বিদেশী এক শহরে দেখেছি পানশালার নাম ‘অফিস’ (The office)। প্রথমে এই চমকপ্রদ নামকরণের ব্যাপারটা বুঝতে পারিনি। পরে রহস্যটা বুঝেছিলাম, এই পানশালা থেকে যত দেরি করেই বাড়ি ফেরা যাক, মিথ্যে না বলে সত্যি কথাই বলা যাবে, ‘অফিসে দেরি হয়ে গেল।’
      মদ ও মদ্যপের গল্পের শেষ নেই। আগে অনেক বলেছি, পরে অনেক বলব। আপাতত একটি অনুকাহিনী উপস্থাপন করছি। এক পানশালায় তিনজন বাঁধা খাদ্দের। বেয়ারারা তাদের নাম দিয়েছে, বড়দা, মেজদা, ছোড়দা। যথারীতি একদিন সন্ধ্যায় এই তিনজনে বসে পান করছিলেন। বড়দা একটু বেশি বেশি খাচ্ছিলেন। কিছুক্ষণ বাদে ডোজের মাত্রা বেশি হয়ে যাওয়ায় বড়দা বেহুঁশ হয়ে চেয়ার থেকে গড়িয়ে মেঝেতে পড়ে গেলেন।
মেজদা এবং ছোড়দার কিন্তু এতে ভ্ৰক্ষেপ নেই, বরং বড়দার এই বেহুশ হয়ে পড়ে যাওয়ার ব্যাপারটা দুজনে খুব তারিফ করতে লাগলেন এই বলে যে, বড়দার একটা মাত্রাজ্ঞান আছে, ঠিক কখন থেমে যেতে হয় সেটা বড়দা জানেন।’
      এইসময় এক আগন্তুক পানশালায় প্রবেশ করে ছোড়দা-মেজদার টেবিলের সামনে বসলেন। তাকে বেয়ারা এসে, “কি দেব? প্রশ্ন করার আগেই তিনি অধঃপতিত বড়দার দিকে আঙুল দেখিয়ে জিজ্ঞাসা করলেন, ‘ইনি কে?
       বেয়ারা বলল, ইনি বড়দা।’ 
      আগন্তুক বড়দাকে খুব ভালভাবে পর্যবেক্ষণ করে তারপর প্রায় ষড়যন্ত্রকারীর মতো গলা নামিয়ে বেয়ারাকে বললেন, “ওই বড়দাকে যা দিয়েছিলে, ভাই আমাকেও তাই দিয়ো।’

      পুনশ্চ :
      রাম, আমার পোষা চরিত্র, অবশেষে তার মাতলামির গল্পই বলি। রোববার সকালে অনেক বেলায় ঘুম থেকে উঠে হ্যাং-ওভারগ্রস্ত গঙ্গারাম বেশ কয়েকবার আড়মোড়া ভাঙার পর বৌকে জিজ্ঞাসা করল, ‘হ্যাগো, কাল রাতে আমি বাড়ি ফেরার সময় কি কোন হইচই করেছি।’
      ‘না তুমি করেনি।’ গম্ভীর মুখে গঙ্গারামের বউ বলল, হইচই করার মতো অবস্থা তোমার ছিল না। তবে যারা তোমাকে গাড়ি থেকে নামিয়ে তারপর চ্যাংদোলা করে, বাড়ির মধ্যে দিয়ে গেল তারা খুব হইচই করেছিল। পাড়ার সমস্ত লোক জেগে উঠেছিল।’

মাতাল সমগ্র, তারাপদ রায়
Saturday, April 30, 2016

শিশুশিক্ষা (১) -- তারাপদ রায়

এক বাড়িতে বাইরের ঘরে বসে অপেক্ষা করছিলাম গৃহস্বামীর জন্য। কিছুই খেয়াল করিনি, হঠাৎ পায়ের গোড়ালিতে একটা দংশনের যন্ত্রণা অনুভব করলাম। পা দুটো ছিল একটা নিচু বেতের টেবিলের তলায়। তাড়াতাড়ি চমকে উঠে দেখি একটি দশ-বারো মাস বয়সের শিশু কখন নিঃশব্দে হামাগুড়ি দিয়ে টেবিলের নীচে ঢুকে জুতোর ওপরে আমার গোড়ালির মাংস তীক্ষ্ণ দুধদাঁত দিয়ে কামড়ে ধরেছে। যখন ঘুরে ঢুকেছিলাম ঘর খালিই ছিল কিংবা হয়তো শিশুটি সোফা-টোফার পিছনে হামাগুড়ি দিয়ে ঘুরছিল; এমনও হতে পারে ভিতরের ঘর থেকে পর্দার নীচ দিয়ে চলে এসেছে, অন্যমনস্ক থাকায় আমি টের পাইনি। অবশ্য একটু পরেই বাড়ির ভিতরে শোরগোল শোনা গেল, ডাকু কোথায় গেল, ডাকু ?’ বুঝলাম এই অবোধ শিশুটিই নিজ যোগ্যতায় এই সামান্য বয়সে এই নাম অর্জন করেছে।
খুঁজে খুঁজে বাইরের ঘরে এসে এক পরিচারিকা ডাকুকে উদ্ধার করে নিয়ে গেলেন। ততক্ষণে তার ধারালো দংশন থেকে আমি আমার পা ছাড়িয়ে নিয়েছি, চারটে দাত গর্ত হয়ে বসে গেছে, সেখানে লাল মুক্তোর মতো রক্তের বিন্দু। .
মনে পড়ল কয়েক বছর আগে যোধপুর পার্কে এক বাড়িতে সদর গেটে নোটিশ দেখেছিলাম, Beware of Children– শিশু হতে সাবধান।
Sunday, October 11, 2015

পদ্মাসন --তারাপদ রায়

সকালবেলা বাজার করতে দেরি হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি দাড়ি কামিয়ে অফিস যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় জরুরি খবর এল আমার এক মামাশ্বশুর সকালবেলা পদ্মাসন করতে গিয়ে আটকিয়ে গিয়েছেন।
ভদ্রলোক কাছেই থাকেন, সুতরাং এই বিপদে সর্বপ্রথমে আমাকেই খবর দিয়েছেন। বিপদটা সত্যি যে কী, তা আমি প্রথমে বুঝে উঠতে পারিনি। যদি পদ্মাসন করতে না পারেন, আটকিয়ে যান, করবেন না; আর তা ছাড়া আমি তো আর যোগব্যায়ামের শিক্ষক নই, সত্যি কথা বলতে গেলে যোগব্যায়ামের য-ও আমি জানি না, এ ব্যাপারে আমার কী করার আছে?
আমার এই মামাশ্বশুর গজেনবাবু, আজ কিছুদিন হল যোগব্যায়ামে খুবই উৎসাহিত হয়ে পড়েছেন। নানা জনের কাছে এ সম্পর্কে নানা কথা শুনে তিনি যোগব্যায়ামের চার্ট কিনে নিজেই ছবি দেখে দেখে আসন শুরু করেন।
যোগব্যায়ামের বহুল প্রচলিত আসনগুলির মধ্যে একটি হল ওই পদ্মাসন। আপাতভাবে ছবি দেখে আসনটি যত সহজ মনে হয় তা নয়, আবার খুব জটিল তাও নয়। আসলে একেক রকম আসন একেক জনকে পুষিয়ে যায়। যে পারে সে সহজেই পারে, যে পারে না সে হাজার চেষ্টা করেও পারে না, অনেকটা কবিতা লেখা বা গান গাওয়ার মতোই।

আগে আমরা কাঠের পিঁড়িতে জোড়াসন হয়ে বসে ভাত খেতুম। পদ্মাসন এই জোড়াসনেরই ঠিক পরের ধাপ। জোড়াসনে পায়ের পাতা দুটো উরুর নীচে থাকে, আর পদ্মাসনে সেটা উরুর উপরে চেপে বসিয়ে দিতে হয়; হাঁটু, পায়ের গোড়ালি এবং উরু কাপে কাপে আটকিয়ে যায়; এই আসনের সঙ্গে ঠিক মতো নিশ্বাসের ব্যায়াম করলে নাকি শূন্যে ভাসমান অবস্থায় থাকা যায়, সাধু-সন্ন্যাসীরা তাই করে বাতাসে ওড়েন।
এত কথা আমার জানা ছিল না।মাত্র তিনদিন আগে, গত শনিবারে সন্ধ্যাবেলা আমার মামাশ্বশুর মশায় একঘণ্টা ধরে সমস্ত আমাকে বিশ্লেষণ করে বুঝিয়েছেন। তারপর আজকেই এই অবস্থা।

মামাশ্বশুর মশায়ের গৃহভূত্য আমাকে ডাকতে এসেছিল। এই লোকটির কোনও নাম নেই, আসলে ওর নাম ছিল বোধ হয় নিখিল,মামাশ্বশুর মশায়ের বাবার নামও তাই। তখন তিনি ওর নতুন নামকরণ করেন মংলু। কিন্তু সে এই নাম গ্রহণ করতে রাজি হয়নি, এই নামে ডাকলে সাড়া দেয় না, আমি মামাশ্বশুর মশায়কে বলেছিলাম সাহেবদের কায়দায় ওকে ‘বয়’ অথবা ‘বেয়ারা’ বলে ডাকতে কিন্তু তিনি সাত্ত্বিক মানুষ, এই বিজাতীয় পরামর্শে তিনি মোটেই রাজি হননি। ফল, লোকটিকে এই, ওই, হ্যাঁরে সম্বোধন করেই চালাতে হচ্ছে।
আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, হ্যারে কী হয়েছে ঠিক করে বল তো ?’ সে ভাল করে গুছিয়ে বলতে পারল না, কিন্তু তার উত্তেজনা এবং ভাবভঙ্গি দেখে মনে হল ঘটনাটা সত্যিই গুরুতর।
মামাশ্বশুর মশায়ের বাড়ি গিয়ে দেখলাম রীতিমতো জটিল অবস্থা। বাইরের ঘরে ভিড়, ভিতরে শোবার ঘরের মেঝেতে কম্বল পেতে তিনি যোগাসন করছিলেন, সেখানে এবং বারান্দায়ও অনেক লোক। কী হল’ জিজ্ঞাসা করাতে সকলের কাছ থেকে একই জবাব পেলাম, আসন করতে গিয়ে আটকিয়ে গেছেন। ভিড় ঠেলে শোবার ঘরে গিয়ে দেখি মামাশ্বশুর মশায় নতুন কেনা লাল কম্বলের উপরে তার সাধের পদ্মাসনে বসে রয়েছেন। তবে তার মুখে স্বৰ্গীয় প্রশান্তির পরিবর্তে প্রচণ্ড উদ্বেগ।
কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা অনুধাবন করতে পারলাম। সত্যিই উনি পদ্মাসনে আটকিয়ে গেছেন। আজই প্রথম বহু চেষ্টার পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে পদ্মাসনে বসেছেন কিন্তু তার পরেই আটকে গিয়েছেন, এখন আর বেরিয়ে আসতে পারছেন না। তার দুই পায়ের পাতা উরুর উপরে চেপে বসে গেছে, গিটে গিঁটে ফিট করে গেছে দুই গোড়ালি, এখন আর এই প্যাচ খুলতে পারছেন না।
প্রায় দু’ ঘণ্টা এই অবস্থায় আছেন। এটাই সৰ্বকালের দীর্ঘতম সময়ের পদ্মাসনের রেকর্ড, ঠিকমতো ভাবে পেশ করলে বুক অফ রেকর্ডেও স্থান পেতে পারে। তবে এতক্ষণ পদ্মাসনে থাকলে শূন্যে উঠে যাওয়ার যে সম্ভাবনা থাকে তা অবশ্য দেখা যাচ্ছে না। মামাশ্বশুর মশায় বোধহয় মুখ বিকৃত করে সেই উড্ডয়ন-প্রবণতাকেই প্রতিরোধ করার চেষ্টা করছেন। জানলা দিয়ে বেরনো এত বড় শরীরের পক্ষে সম্ভব নয়, মামিশাশুড়ি মহাশয় বুদ্ধি করে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়েছেন যাতে তাঁর পতিদেবতা মহোদয় ফুরুত করে উড়ে না যান।
অবশ্য দেখেশুনে মনে হচ্ছে সে সম্ভাবনা খুবই কম। কিন্তু উড়তে পারুন বা না পারুন, অন্তত এই পদ্মাসনের বেড়াজাল ছিড়ে তাকে অন্য দশজন সাধারণ মানুষের মতো হাঁটাচলা, ওঠা-বসা তো করতে হবে; সংসার আছে, অফিস আছে, আহার-নিদ্রা, শয়ন-ভোজন আছে, এই ভাবে পদ্মাসনে আটকে থাকলে চললে না।
মুখ-চোখের বিকৃতি এবং উন্মুক্ত শরীরের বিভিন্ন অংশের পেশি সঞ্চালন দেখে বুঝতে পারলাম তিনিও প্রাণপণ চেষ্টা করছেন পদ্মাসন খুলে বেরিয়ে আসতে। দরদর করে সারা শরীর দিয়ে ঘাম পড়ছে তার!
পাড়ার ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি পুরনো আমলের বুড়ো চিকিৎক, কিন্তু জন্মে কোনও রোগীকে এ অবস্থায় দেখেননি। মামাশ্বশুর মশায়ের চারপাশে তিন-চার পাক দিয়ে তিনি বললেন, গজেনবাবুকে হাসপাতালে নিয়ে যান।’
হাসপাতালে নেওয়া কি সোজা কথা! অফিস পড়ে রইল। পাড়ার কয়েকটি ছেলের সাহায্যে একটি টেম্পো ভাড়া করে তারপর পাশের বাড়ির থেকে একটি বেশ বড় কাঁঠাল কাঠের পিঁড়ি ধার করে সেই পিঁড়ির উপরে তাকে বসিয়ে বিয়ের কনেকে যেভাবে পিঁড়িতে তুলে সাতপাক দেওয়া হয় সেইভাবে শূন্যে তুলে টেম্পোতে বসিয়ে দেওয়া হল।
এখন হাসপাতালে কী হবে কে জানে ? মামাশ্বশুর মশায় কতদিন এইরকম আটকিয়ে থাকবেন তা-ই বা কে বলতে পারে ?
তবে বেডের জন্য অসুবিধে হবে না নিশ্চয়। কারণ মামাশ্বশুর মশায়ের কোনও বেড দরকার নেই, তিনি তো বসেই আছেন, বেড় শোয়ার অবস্থায় পৌছালেই তিনি বাড়ি ফিরে আসবেন, তখন আর হাসপাতালের দরকার নেই।
Tuesday, October 6, 2015

ডাকাতের হাতে -- তারাপদ রায়

এতক্ষণ ভদ্রলোককে কেউ লক্ষ করেনি। ভদ্রলোক মেঝের এক প্রান্তে দেয়াল ঘেঁষে গালে হাত দিয়ে বসেছিলেন।
ঘরময় দুরন্ত উত্তেজনা ও বিশৃঙ্খলা। পুলিশের লোক, খবরের কাগজের লোক-– কে কাকে লক্ষ করে। একটু আগে বাজারের পিছনে ব্যাঙ্কের এই একতলার ঘরে ডাকাতি হয়ে গেছে।
পুলিশের কর্তারা ব্যাঙ্কের এজেন্ট ও ক্যাশিয়ারের কাছ থেকে ডাকাতির বিবরণ ও অপহৃত অর্থের পরিমাণ জেনে নিচ্ছিলেন। স্থানীয় থানার ছোট দারোগাবাবু তার কালো নোটবুকে টুকে নিচ্ছিলেন, তা হলে একশো টাকার নোটের বান্ডিল সাতাশটা, পঞ্চাশ টাকার নোটের বান্ডিল সতেরোটা, কুড়ি টাকার নোটের. এমন সময়ে ভদ্রলোক হঠাৎ ঘরের অন্যপ্রান্ত থেকে উঠে এসে দারোগাবাবুর সামনে কীরকম যেন হাঁটু মুড়ে আধা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ালেন।
ভদ্রলোকের উর্ধ্বাঙ্গে একটি হ্যান্ডলুমের ঘন গেরুয়া রংয়ের পাঞ্জাবি, পাঞ্জাবিটির ঝুল বেশ লম্বা এবং তাই রক্ষা, কারণ তার নিম্নাঙ্গ সম্পূর্ণ শূন্য, কোনও কাপড়-চোপড় নেই। পাঞ্জাবির কাপড় বেশ মোট বলে পাঞ্জাবির তলায় কোমরের নীচে কিছু আছে কি না বোঝা যাচ্ছে না।
ভদ্রলোককে লক্ষ করা মাত্র তাড়াতাড়ি পুলিশকে দেখিযে ব্যাঙ্কের এজেন্ট সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন, ‘এই তো যার কথা বলছিলাম, এই যে... ভদ্রলোকের আশ্চর্য পোশাক এবং বিহ্বল চেহারা আর তার সঙ্গে এজেন্ট সাহেবের উত্তেজনা দেখে, পুলিশের এক কর্তা যিনি কাউন্টারে হেলান দিয়ে এতক্ষণ কাউন্টার টিপে টিপে কতটা শক্ত পরীক্ষা করে দেখছিলেন, তিনি মুহুর্তে বুঝে ফেললেন, এই ব্যক্তি অবশ্যই ডাকাতদের একজন। তিনি চাপা গলায় নির্দেশ দিলেন, ‘অ্যারেস্ট হিম’। সঙ্গে সঙ্গে দুজন সেপাই দুদিক থেকে ছুটে গেল।
কিন্তু এরই মধ্যে এজেন্ট, ক্যাশিয়ার সবাই হা হা করে উঠলেন, আরে করেন কী? করেন কী? উনি ডাকাত নন।’
উনি ডাকাত নন, তা হলে উনি কী?’ পুলিশের ছোটসাহেব গর্জে উঠলেন। উনি মিস্টার ছকু চৌধুরী। বাঁশের ব্যবসায়ী। আমাদের ক্লায়েন্ট।’ ব্যাঙ্কের তরফে এই উত্তরে চমকিত হয়ে পুলিশেরা একটু নিরস্ত হলেন, শুধু ছোটসাহেব জিজ্ঞাসা করলেন, আপনাদের ব্যাঙ্কের ক্লায়েন্টরা আজকাল এই রকম পোশাক পরে আসেন নাকি?’
ছকু চৌধুরী এতক্ষণে হাত জোড় করে পুলিশ সাহেবের সামনে দাঁড়িয়েছেন। ঠিক দাঁড়িয়েছেন বলা যায় না, পা দুটো হাটুর কাছে ত্রিভুজের মতো ভাজ করে পাঞ্জাবির বুল দ্বারা যতটা লজ্জা নিবারণ করা সম্ভব তার চেষ্টা করে যাচ্ছেন।
পিছনে থানার জমাদারসাহেব রুল হাতে দাঁড়িয়ে ছিলেন, তার উপরওলাদের সম্মুখে এই অর্ধোলঙ্গ ব্যক্তিটির দাঁড়ানোর ভঙ্গির এই বেয়াদবি তার পক্ষে সহ্য করা অসম্ভব। জমাদার রূল উঁচিয়ে বললেন, “এই, সিধা হো যাও, সোজা দাঁড়াও।”
জমাদারের আদেশ পেয়ে ছুকু চৌধুরী কাকুতি-মিনতি করতে লাগলেন, না স্যার, আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলবেন না। সে আমি পারব না।"
অবশ্য এত কাকুতি-মিনতি করার প্রয়োজন ছিল না। প্রায় সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন ছকু চৌধুরী এতক্ষণ যে কারণে মেঝেতে বসে ছিলেন এখন সেই কারণেই বঁকা হয়ে দাঁড়িয়ে আছেন । লজ্জা নিবারণ ছাড়া তার আর কোনও উদ্দেশ্য নেই।
সদ্য ডাকাতি হওয়া ঘরের আবহাওয়া আগেই থমথমে ছিল, এর পরে আরও থমথমে হয়ে উঠল। সবাই চুপচাপ। অবশেষে পুলিশের ছোটসাহেব নীরবতা ভাঙলেন, আপনি ডাকাত নন, ঠিক আছে। কিন্তু আপনি শুধু পাঞ্জাবি পরে ব্যাঙ্কে এসেছেন কেন? ভদ্রসমাজে যাতায়াত নেই আপনার ?”
হুকু চৌধুরী থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, না স্যার, আমার লুঙ্গি...'; সঙ্গে সঙ্গে ছকুবাবুর অর্ধসমাপ্ত বাক্যটি ব্যাঙ্কের এজেন্টসাহেব অনুমোদন করলেন, ‘হ্যা, ছকুবাবুর লুঙ্গি...।”
ডাকাতির তদন্তের মধ্যে এইরকম একটি সামান্য লুঙ্গির প্রসঙ্গ আসায় পুলিশের লোকেরা খুব চটে উঠলেন, ছোটসাহেব আবার ধমকে উঠলেন, কীসের লুঙ্গি? এসব কী ইয়ারকি হচ্ছে?
এবার ছকুবাবু একেবারে মুষড়িয়ে পড়লেন, স্যার, আমার লুঙ্গিটা ডাকাতেরা কেড়ে নিয়ে গেছে।’ পুলিশ সাহেবদের অবাক হবার পালা, লুঙ্গি ডাকাতেরা কেড়ে নিয়ে গেল? সোনার সুতো দিয়ে বোনা, নাকি বেনারসি লুঙ্গি? ডাকাতদেরও কি আজকাল কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে?
ব্যাঙ্কের ক্যাশিয়ারবাবু ব্যাখ্যা করে বললেন, না ঠিক তা নয়; ডাকাতদের টাকা বেশি হয়ে গিয়েছিল। তারা বোধহয় আশা করেনি যে এত টাকা পাবে। দুটো মাত্র বড় বড় বাজারের থলে এনেছিল, সে দুটো পুরোপুরি ভরে গেলে তখন কী আর করবে, সামনের কাউন্টারে ছকুবাবু টাকা জমা দিতে এসেছিলেন, ওঁকে দুজনে মিলে জাপটিয়ে ধরে ওঁর লুঙ্গিটা খুলে নিয়ে বাকি টাকা বস্তার মতো করে বেঁধে ফেলল।"
পুলিশ সাহেব হতবাক, বলেন কী মশায়? লুঙ্গিটা খুলে নিয়ে নিল? ছকুবাবুর পক্ষ সমর্থন করে ক্যাশিয়ারবাবু বললেন, ‘ছকুবাবু খুব ভাল লোক, স্যার। আমাদের পুরনো কাস্টমার। প্রথমে উনি কেন, আমরা কেউই ধরতে পারিনি, ডাকাতের কেন ওঁর ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা ভাবলাম ডাকাতের দল ভেবেছে ওঁর কাছে অনেক টাকা আছে, কিন্তু ওঁর ওই সামান্য দু’ হাজার আড়াই হাজার টাকা ডাকাতেরা ছুল না। শুধু ওঁকে ধরে ওঁর লুঙ্গিটা খুলে নিল। ছকুবাবু যখন বুঝতে পারলেন যে লুঙ্গিটা খুলে নিচ্ছে, তিনি যথেষ্ট বাধা দিয়েছিলেন স্যার, কেন দেবেন না, বলুন। আমরাও হকচকিয়ে গিয়েছিলাম, না হলে স্যার, ব্যাঙ্ক ডাকাতি তো সব জায়গাতেই হচ্ছে, আমাদের সব টাকাই তো ইপিওর করা, আমাদের তাতে কিছু এসে যায় না, কিন্তু ব্যাঙ্কের ভিতর থেকে পুরনো খন্দেরের লুঙ্গি নেবে, এ কী রকম অত্যাচাৱ ?"
ক্যাশিয়ারবাবুর ভরসা পেয়ে পুলিশদের হতবাক অবস্থা দেখে ছকুবাৰু এতক্ষণে একটু সাহস অর্জন করেছেন, পুলিশ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বললেন, ‘স্যার, আমার কী হবে? পুলিশসাহেব এবার একটু ঠাণ্ডাভাবেই বললেন, ‘কী হবে আপনার, যা শুনলাম, আপনার টাকাপয়সা তো কিছু যায়নি! এখন কিছুক্ষণ ওই সিঁড়ির নীচে চুপচাপ বসে থাকুন। তারপর সন্ধ্যার সময় যেই লোডশেডিং হবে, অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরে যাবেন।”
কিন্তু আমি স্যার, আর বাড়ি ফিরতে পারব না স্যার। লুঙ্গিটা আমার নয় স্যার।’ ছকু চৌধুরীর এই কথা শুনে পুলিশ সাহেব আরও বিচলিত হলেন, লুঙ্গিটা আপনার নয়?
ছকু চৌধুরী আবার হাতজোড় করলেন, স্যার, সত্যি বলছি স্যার, লুঙ্গিটা আমার শালার। দুদিনের জন্যে কলকাতায় বেড়াতে এসেছে, দুপুরে চৌরঙ্গিতে পাতাল রেলের গর্ত দেখতে বেরিয়েছে। ভাবলাম পাঁচ মিনিটের জন্য যাই ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে আসি। টাকাপয়সা সব ঠিক রইল, শুধু গেল আমার শালার লুঙ্গিটা!’ ছকু চৌধুরী হাউহাউ করে কেঁদে উঠলেন, “আমার শালা যখন জানতে পারবে আমি তার লুঙ্গি পরে বেরিয়ে ছিলাম, আমি কী করে তাকে মুখ দেখাব, আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে আমি কী করে মুখ দেখাব ? ডাকাতেরা আমার এ কী সর্বনাশ করে গেল, স্যার!
ব্যাঙ্ক আর পুলিশের লোকেরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে ছকু চৌধুরীর কান্না দেখতে লাগলেন। খবরের কাগজের লোকেরা ঝপাঝপ ছবি তুলতে লাগলেন।
পুনশ্চ: কোনও পাঠক বা পাঠিকার যদি এরকম সন্দেহ হয় যে এই কাহিনীর সঙ্গে সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কোনও ডাকাতির খবরের কোনও সম্পর্ক আছে, তার ভুল নিরসন করার জন্যে জানাই, এই কাহিনীর সঙ্গে কোনও বাস্তব ঘটনা বা চরিত্রের কোনও যোগাযোগ নেই।

কালীঘাটের পাখা -- তারাপদ রায়

‘এসি পাখা ডিসি পাখা আকাশের কানে কানে
শিশি বোতল রেগুলেটার সরু সরু গানে গানে”
কোনও পণ্ডিত পাঠক যাতে মনে না করেন যে এই অসামান্য পঙক্তি দুটি এই ব্যর্থ কবির রচনা, সেই জন্যে প্রথমেই তার ভ্রম নিরসন করা দরকার। এই শ্লোকটি মূলত সুকুমার রায়ের এবং প্রয়োজনবোধে এর কিঞ্চিৎ পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন আমার স্বর্গীয় অগ্রজ। আমার দাদা সাত বছর পরলোকে গিয়েছেন। তাকে নিয়ে রসিকতা করব না, কিন্তু ঘটনাটা একটু বলি।
অনেকদিন কবিতা লেখা হয়নি। একটি কবিতা লেখার খুব চেষ্টা করছিলাম, কলম দিয়ে ঝলমল করে বেরিয়ে এল।
‘এসি পাখা ডিসি শাখা আকাশের কানে কানে...’ একটু পরে হৃদয়ঙ্গম হল লিখনদেবী চান না যে আমি কবিতা লিখি, সুতরাং আবার কাণ্ডজ্ঞান। এসি পাখা আজকাল সব বাড়িতেই আছে, কিন্তু এই শ্লোকের ডিসি পাখাটি ছিল আমাদের কালীঘাট বাড়িতে। এই পাখাটিকে অনেকেই স্বচক্ষে দেখেছে, এই কলকাতা শহরের বহু নামকরা লোক আছেন যারা এই পাখাটির হাওয়া খেয়েছেন, তাদের কেউ কেউ এখনও চোখ বুজে একটু চেষ্টা করলেই পাখাটিকে স্পষ্ট দেখতে পান বনবন করে ঘুরছে।
কোনও সাধারণ জিনিস ছিল না আমাদের এই পাখাটি। অন্য পাখায় যেখানে তিনটি ব্লেড থাকে, এর ছিল চারটি প্রত্যেকটি এক সমকোণে নববুই ডিগ্রিতে পাশেরটির লম্ব। তিনটি ব্লেড ছিল টিন বা ওই জাতীয় কোনও ধাতুজ দ্রব্যের। কয়েক বছর পর পর একেকবার একেক রকম রং করতে করতে পাখাটি শেষ পর্যন্ত একটা ঝাপসা কালো রঙের চেহারা ধারণ করেছিল। সম্পূর্ণ কালো নয়, যখন অন্ধকারে চলত তখনও ঝাপসা ভাবটা দেখা যেত।
এর অবশ্য অন্য একটি কারণ ছিল। ওই পাখাটির চতুর্থ ব্লেড়টি ছিল কাঠের এবং সেটা কী কাঠ ছিল, ভগবান জানেন, তাতে বিশেষ কোনও রং ধরত না। তা ছাড়া একবার সামান্য হালকা রং করার পরই কাঠের ব্লেডটি একটু বেঁকে যায়, তারপর থেকে রং করার সময় ওটাকে বাদ দিয়েই রং করা হত।
পাখাটির গায়ে অর্ধস্পষ্ট ইংরেজি হরফে লেখা ছিল, Government of Bengal, Excise Department, তার নীচে (98), ব্র্যাকেটেই।
আমাদের কোনও কোনও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের ধারণা ছিল পাখাটি আমরা গভৰ্মেন্টের কোথাও থেকে চুরি করেছি। এক নীতিবাগীশ মাস্টারমশাই আমার ছোটভাই বিজনকে পড়াতেন, ওই পাখাটাই ছিল পড়ার জায়গায়, তিনি ওটার হাওয়া কিছুতেই খেতে চাইতেন না, এদিকে বিজনের গরমে লেখাপড়া হত না, শেষ পর্যন্ত বিজনের লেখাপড়াটাই বরবাদ হয়ে গেল।
অন্য কারও কারও বিশ্বাস ছিল যে আমার পূর্বপুরুষেরা প্রচুর মদ-গাঁজা খেতেন, এই বাবদ সরকারের আবগারি বিভাগের প্রচুর আয় হত এবং এই সব বিবেচনা করে এই ইলেকট্রিক পাখাটি সদাশয় সরকার বাহাদুর আমাদের পরিবারকে উপহার দিয়েছিলেন।
এসব কোনও কথাই সত্য নয়। আমার আগের চৌদ্দ পুরুষে কারও সরকারের সঙ্গে কোনও সম্বন্ধই ছিল না । সরকারের ঘর থেকে পাখা চুরি করে আনা কিংবা সরকারের কাছ থেকে পাখা পুরস্কার পাওয়ার যোগ্যতা আমাদের বংশের ছিল না।
রহস্যটা এই যে, সরকারি ডিসপোজাল থেকে আমার দাদাবাবু এই পাখাটি এগারো টাকা আট আনা দিয়ে নিলামে কিনেছিলেন, সেও অনন্তকাল আগে।
রডটা কখনও রং করা হয়নি, বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু সরকারি হরফগুলি পাঠ করা যেত। এমনিতে কৌতুহলী লোকদের বোঝালে বুঝত, কিন্তু মুশকিল ছিল ওই নাইনটি-এইট সংখ্যাটি নিয়ে।
পাখাটি কি আটানব্বই সালের, তার মানে আঠারোশো আটানব্বুই তার মাত্র কয়েক বছর আগে ইডেন গার্ডেনে কলকাতার প্রথম ইলেকট্রিক আলো এসেছে, কলকাতার লোকে দল বেঁধে সন্ধ্যাবেলা সেই আলো দেখতে যেত। সেই অর্থে পাখাটি যথেষ্ট প্রাচীন। তা হতেও পারে। আবার এমনও হতে পারে যে পাখাটি এক্সাইজ ডিপার্টমেন্টের আটানব্বুই নম্বর পাখা ছিল। সে আমলে আবগারি বিভাগ কত বড় ছিল, তাদের এই আটানব্বুইটা কিংবা ততোধিক পাখা কীভাবে ব্যবহৃত হত, তাদের শরীর বা মাথা এত গরম হত কেন, এসব প্রশ্নও সঙ্গে সঙ্গে এসে যায়।
এসব তাত্ত্বিক প্রশ্ন না তুলে পাখাটির আগাগোড়া, যতটুকু এখনও মনে আছে, বর্ণনা করছি। আমাদের ওই পাখাটির সবচেয়ে বিচিত্র অংশটি ছিল এর রেগুলেটার এবং সেই জন্যই বোধহয় আমার দাদা এসি পাখার ভিসি পাখার গানে রেগুলেটার শব্দটি ঢুকিয়েছিলেন।
আটাত্তর আর পি এম এর গ্রামোফোন রেকর্ডের বাক্সের মতো আকারের কালো চৌকো রেগুলেটার, তার উপরের দিকে একটি সিংহের ছবি আঁকা, যার থাবার নীচে একটি মরা মোষ কিংবা গোরু পড়ে রয়েছে।
রেগুলেটরটির আটটি ঘর, কিন্তু এক থেকে আট সব ঘরেই সমান গতিতে চলত এবং সে সাংঘাতিক গতি দু’মিনিট-আড়াই মিনিট পর পর রেগুলেটারটি একটু কেঁপে উঠত, তখন পাখাটা একটু কমে যেত।
আধঘণ্টা পাখা চললে রেগুলেটার গনগনে গরম হয়ে যেত। এ সময় অনেক লোক না বুঝে হাত হাত দিয়ে লাফিয়ে উঠেছে, রেগুলেটারের ছোঁয়ায় হাতে ফোসকা পড়ে গেছে।
আমাদের কিন্তু খুবই সুবিধে হয়েছিল। আমরা ওই রেগুলেটারের গায়ে ধরে পাউরুটি টোস্ট করে নিতাম। রেগুলেটারের উপর দিকে টিনের কৌটোয় বসিয়ে আমরা দিদিমা তার দোক্তার ধরে মৌরি ভেজে নিতেন।
খুবই কাজের ছিল ওই রেগুলেটার কিন্তু শেষের দিকে পাখাটা বিরুদ্ধাচরণ শুরু করল। পাখাটা খুললেই গোঁ গোঁ করে বুনো ষাঁড়ের মতো করতে থাকত। পুরো পাড়া থরথর করে কাঁপতে থাকত। অনেক বাড়ির কম পাওয়ারের বালব পুট করে ফেটে চৌচির হয়ে যেত। অনেকের রেডিওতে এক সঙ্গে তিন-চারটে সেন্টার চলে আসত।
আমাদের কোনও অসুবিধা হত না! অস্তিম পর্বে পাখাটা চালানোর একটু আগেই দেখে নিতাম আমাদের নিজেদের জিনিসপত্র, আলো-পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম সব বন্ধ আছে কি না। বন্ধ না থাকলে সব বন্ধ করে নিশ্চিন্ত হয়ে তারপর পাখাটা চালু করতাম। -
সবচেয়ে সুবিধে ছিল রাতের বেলায়। পাখাটা চালালে আর অন্ধকার ঘরে আলোর দরকার হত না। পাখাটার ভিতর থেকে আলো ঠিকরে ঠিকরে বেরিয়ে আসত, শুধু আমাদের ঘরে নয়, জানালা দরজা খোলা থাকলে আশপাশের ঘরবাড়ি আলোয় আলোময় হয়ে যেত।
পাড়ার লোকেরা অনেক চেষ্টা করেছিল, থানা-পুলিশ, আইন আদালত। কিন্তু কেউ তাদের পাত্তা দেয়নি। এই বিচিত্র পাখার কথা কেউ বিশ্বাস করেনি। অবশ্য আমরা খুব নির্দয় ছিলাম না। একবার এক প্রতিবেশী নবদম্পতির অনুরোধে তাদের ফুলশয্যার সময় দুই সপ্তাহ আমরা পাখাটি বন্ধ রেখেছিলাম।
আরেকবার পাশের বাড়ির ছাদে পাড়ার ছেলেরা রবীন্দ্রজয়ন্তী করেছিল, ছাদে ইলেকট্রিক ছিল না, তাদের আলো পাওয়ার জন্য আমরা পাখাটি আমাদের বিনা প্রয়োজনেই চালিয়ে ছিলাম।
অবশেষে আমাদের প্রকৃত ক্ষতি হয় চিন-যুদ্ধের সময় বাষট্টি সালে। ব্ল্যাকআউট আইন ভঙ্গ করার অপরাধে একদিন সরেজমিন তদন্ত করে সিভিল ডিফেন্স দফতর আমাদের পাখাটি বাজেয়াপ্ত করে।
তারপর আর পাখাটির কোনও খোঁজ পাইনি। আজ যখন চারদিকে অন্ধকার, আঘোষিত ব্ল্যাকআউট, সেই পাখাটির কথা কখনও কখনও মনে পড়ে।
Monday, October 5, 2015

প্যাঁচ -- তারাপদ রায়

প্যাঁচালো বুদ্ধি যে শুধু বড়দেরই থাকে তা নয়। অল্প বয়সীদের মধ্যেও এর অভাব নেই।
স্কুলের ক্লাসে মাস্টারমশায় ছেলেদের বাসা থেকে রচনা লিখে আনতে বলেছিলেন। মোটামুটি তিন পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, বিষয় ‘আলস্য’।
নির্দিষ্ট দিনে অন্যান্য ছাত্রেরা ক্লাসে এসে তাদের রচনার খাতা জমা দিল। প্রত্যেকেই যে যেমন পারে তিন পৃষ্ঠার মতো করে রচনা লিখেছে।
শুধু একটি ছেলে ব্যতিক্রম।
তার রচনার খাতায় প্রথম পৃষ্ঠার মাথায় লেখা আছে, ‘আলস্য’। তারপর পরপর তিন পৃষ্ঠা সাদা। তৃতীয় পৃষ্ঠার নীচে বড় বড় হরফে লেখা আছে-
‘এর নাম আলস্য।’
অবশ্য এর চেয়েও প্যাঁচালো বুদ্ধি ছিল সেই ছেলেটির যাকে আমি প্রশ্ন করেছিলাম, ‘তুমি সাঁতার কাটতে পারো?’ সে বলেছিল, ‘সময়-সময়।’ আমি অবাক, ‘সময়-সময় মানে?’ ছেলেটি অম্লানবদনে বলল, ‘সময় সময় মানে ওই যখন জলে নামি তখন।’

শিশুশিক্ষা (২) -- তারাপদ রায়

পাড়ার ইস্কুলে পরিতোষবাবুর নাতিকে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনিকেত নামে সেই শিশুটি ভর্তির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অসফল হয়ে অনিকেত বাড়ি ফিরে আসে।
অনিকেত পাড়ার ইস্কুলে ভর্তি হতে পারেনি বলে অনিকেতের ঠাকুরদা পরিতোষবাবু ক্ষিপ্ত হয়ে উঠলেন। ‘ক্লাস ওয়ানে ভর্তি হবে, তার আবার পরীক্ষা, তার আবার মৌখিক, পাড়ার মধ্যে ইস্কুল, আমরাই দেখেশুনে রাখি। আর সেই ইস্কুলই আমার নাতিকে নেবে না।’... এইরকম মনোভাব পরিতোষবাবুর।
তিনি শ্রীমান অনিকেতকে নিয়ে ইস্কুলে উপস্থিত হলেন। সোজা বড়দিদিমণির ঘরে।
পরিতোষবাবু প্রশ্ন করলেন, ‘আমার নাতি শ্রীমান অনিকেত কীসে অযোগ্য বলে প্রমাণিত হল।’
বড়দিদিমণি বললেন, ‘আপনার নাতি সব বিষয়েই কাঁচা। অঙ্কে তো বিশেষ করে কাঁচা। ... আপনি নিজেই দেখুন সে কেমন যোগ্য।’
দপ্তরি দিয়ে বড়দিদিমণি অঙ্কের দিদিমণি সুরমাকে ডেকে পাঠালেন। ... বড়দিদিমণি বললেন, ‘তুমি এর ঠাকুরদার সামনে ওর একটা টেস্ট নিয়ে দেখাও তো।’
সুরমাদি বললেন, ‘আচ্ছা বাবা অনিকেত, তুমি বলো দেখি, তোমাকে যদি চারটে কলা দিই, তার মধ্যে তুমি দুটো খেয়ে ফেলো, তা হলে কটা কলা থাকবে?’
অনেক ভেবেচিন্তে অনিকেত উত্তর দিল, ‘একটা’
বড়দি পরিতোষবাবুকে বললেন, ‘দেখলেন তো!’
পরিতোষবাবু আর কী দেখবেন। তিনি ততক্ষণে পাঞ্জাবীর পকেট থেকে মানি-ব্যাগ বার করে তার থেকে এক টাকার একটা কয়েন বার করেছেন। সেই টাকাটা বড়দির হাতে গুঁজে দিয়ে বললেন, ‘মাত্র একটা কলার জন্য আমার নাতি ফেল হয়ে যাবে। এই নিন একটা কলার দাম দিয়ে দিলাম। এবার আমার নাতিকে ভর্তি করে নিন।’

ডেটলাইন শান্তিনিকেতন -- তারাপদ রায়

নিমাই চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের পুরোনো ছাত্র। শুভময় ঘোষ, অমর্ত্য সেনের প্রায় সমসাময়িক।
শান্তিনিকেতনের সেই যুগে নিমাইয়ের স্ত্রী জয়ার সঙ্গে একটি ছাত্র পড়তেন, তাঁর নাম ছিল সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর। রাঢ় অঞ্চলে ঠাকুর পদবি দুর্লভ নয় আর রবীন্দ্রনাথ নাম তো বাংলার কেন ভারতের ঘরে ঘরে। কিন্তু এই মণিকাঞ্চন যোগটি মারাত্মক।
পঞ্চাশের দশকের এক পৌষমেলার গল্প বললেন নিমাই। সেই পৌষমেলায় আরোও অনেক ছাত্রের মতোই স্বেচ্ছাসেবক ছিলেন নিমাইসখা রবীন্দ্রনাথ ঠাকুর। যথারীতি সেই পৌষমেলায় অফিসঘরের মাইকে প্রচারিত হয়েছিল, ‘রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি যেখানেই থাকো অবিলম্বে মঞ্চে চলে এসো।’ সেই হিমশীতল পৌষের রাতের মেলায় সমবেত হাজার হাজার মানুষ মাইকে এই ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল।

হায় ভীরু প্রেম -- তারাপদ রায়

অনেকদিন আগে একটি ছেলে আমাকে বলেছিল যে, তার যে প্রেমিকা সেই মেয়েটি যমজ সন্তানের একজন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, দু’জনার মধ্যে ঠিক কোনজন তোমার প্রেমিকা বুঝতে তোমার কোন অসুবিধা হয় না?
ছেলেটি ঘাড় নেড়ে আমাকে জানিয়েছিল, আরে না, না দাদা, অসুবিধে হবে কেন? ওর ভাইয়ের একটা গোঁফ আছে যে।
সেই কবে পবিত্র বাইবেলে লেখা হয়েছিল যে ভালবাসা মৃত্যুর মতোই শক্তিশালী। এই বাইবেল-বাক্য স্মরণে রেখেই বোধহয় একজন প্রেমিক তার প্রেমিকাকে এক আবেগবিহ্বল মুহুর্তে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আমি যদি হঠাৎ মরে যাই তা হলে তুমি খুব দুঃখ পাবে?
প্রেমিকের এই শিশুসুলভ প্রশ্নে খুবই কৌতুক বোধ করেছিল যুবতীটি কিন্তু মুখে বলেছিল, ‘নিশ্চয়’।
এরপর প্রেমিক জানতে চেয়েছিল, তুমি খুব কাঁদবে?
প্রেমিকা বলেছিল, কাঁদব না কেন?
তখন সেই প্রেমিক অন্যায় আবদার করে বসল, একটু কেঁদে দেখাও না।
এই অনুরোধ রক্ষা করার বদলে একটি অতি নিষ্ঠুর জবাব দিয়েছিল যুবতীটি, একটু মরে দেখাও না।
জানি না, এর পরেও ভালবাসা মৃত্যুর মতো শক্তিশালী ছিল কি না, এর পরেও টিকেছিল কিনা।

চুরিবিদ্যা -- তারাপদ রায়

নাবালক বয়সে এ বিষয়ে একটি লেখা লিখেছিলাম। সম্ভবত সেটাই ছিল আমার প্রথম রম্যরচনা। এত বিষয় থাকতে ওই নিষ্পাপ বয়সে আমি কেন চুরিবিদ্যার উপরে আমার প্রথম গদ্যটি লিখেছিলাম সেটা যাঁর যেমন ইচ্ছে অনুমান করতে পারেন।
কিন্তু আমার এখনও স্পষ্ট মনে আছে। ওই লেখাটি লিখতে গিয়ে আমি প্রভূত আনন্দ পেয়েছিলাম। লিখতে লিখতে টের পেয়েছিলাম তস্করবৃত্তির প্রতি আমার একটা সহজাত টান রয়েছে। আজ এতদিন পরে ওই একই বিষয়ে আবার লিখতে বসে বুঝতে পারছি, টান যতটাই থাকুক, তখন আমি এ বিষয়ে প্রায় কিছুই জানতাম না। ইতিমধ্যে দীর্ঘ পঁচিশ বছরে সঙ্গদোষে এবং কালদোষে বহু বিখ্যাত তস্করের সঙ্গে আমার পরিচয় হয়েছে; অপর দিকে তস্করেরা এবং তস্করবান্ধব বহু কোতোয়াল সাহেবও আমার খুবই ঘনিষ্ঠ।
আমি আমার এই চুরিবিদ্যায় আপাতত শুধু খাটি চোরেদের কথা বলব, আসল ও আদি চোরের দুঃখের কথা। এর মধ্যে ঠগ-জোচ্চোর-প্রতারকদের টেনে আনব না, তার জন্য পরে কখনও সময় পেলে চেষ্টা করব।
চোর দুই রকম। একপুরুষের নতুন চোর অথবা বংশানুক্রমে বনেদি চোর-বংশের সন্তান। এই একপুরুষের নতুন চোরদেরই কষ্ট বেশি। আজকাল সিঁদকাঠি দুর্লভ, যা দু-একটা গভীর রাতের
অন্ধকারে কামারশালার পিছনের ঝোপে লুকিয়ে থেকে মশার কামড় খেয়ে কিনতে হয় 
তারও লম সাংঘাতিক। কিন্তু যাঁদের বাপ-ঠাকুরদা চোর ছিলেন, তারা নিশ্চয় উত্তরাধিকারসূত্রে জার্মান স্টিলের সিঁদকাঠি পেয়েছেন, সে রকম আজকাল আর কোথায় পাওয়া যাবে? আর তা ছাড়া, এখনকার কাঁচালোহার সিঁদকাঠির উপর ঠিক নির্ভর করা যায় না। তিন ইটের গাথুনি দেয়ালের দুটো ইট মাথার ঘাম পায়ে ফেলে খুলে ফেলেছেন এমন সময় সিঁদকাঠিটি গেল ভেঙে, তখন সব পরিশ্রমই মাটি। তবে কলকাতার প্রেসিডেন্সি জেলে আজ কিছুদিন হল এক দক্ষিণী চোর এসেছেন, তার কাছে জানা গেছে মাদ্রাজ-মুম্বাইতে নাকি এখন স্টেনলেস স্টিলের সিঁদকাঠি পাওয়া যায়, সে যেমন সুন্দর দেখতে তেমনই মজবুত, দাম সামান্য বেশি। নতুন চোরেদের হয়তো এরপর থেকে সিঁদকাঠির সমস্যা থাকবে না।
কিন্তু অন্যান্য সমস্যা? . কালো হাফ প্যান্ট আর কালো স্যান্ডো গেঞ্জি পরে চুরি করতে যাওয়াই বহু পুরনো বিধি। কিন্তু কালো রংয়ের স্যান্ডো গেঞ্জি আজকাল একেবারেই পাওয়া যায় না, কেন যে গেঞ্জির কলগুলি এরকম গেঞ্জি উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে এ বিষয়ে পুলিশের কোনও যোগসাজস আছে কি না, বলা যায় না। অনেকে বাধ্য হয়ে সাদা গেঞ্জি কিনে দ্বিগুণ খরচ করে শালকরের কাছ থেকে কালো রং করিয়ে নিচ্ছেন। এতে শুধু পয়সা বেশি লাগছে তাই নয়, যে শালকরের কাছেই সাদা স্যান্ডে গেঞ্জি কালো রং করতে দেওয়া হোক সে এমন মৰ্মভেদী দৃষ্টি নিক্ষেপ করে যে, সঙ্গে সঙ্গে বোঝা যায় যে সে সবই অনুমান করতে পারছে। . . তবে কালো হাফপ্যান্টের ব্যাপারটা একটু কম জটিল। কালো হাফপ্যান্ট চেষ্টা করলে বাজারে অল্পবিস্তর পাওয়া যায়। কিছু কিছু বিদ্যালয়ে সাদা হাফশার্ট আর কালো হাফপ্যান্ট ইউনিফর্ম রয়েছে। আর নতুন যুগের অতিরিক্ত ভিটামিন ও প্রোটিনে এবং সচ্ছল জনকজননীর ব্যাপক স্নেহে আজকাল বহু বালকই অতি নাদুসনুদুস, তাদের ইউনিফর্মের প্যান্ট যে কোনও প্রাপ্তবয়স্ক তস্করকেই চমৎকার ফিট করে। একটা ছোট অসুবিধা রয়েছে যে প্যান্টের সঙ্গে ওই ইউনিফর্মের দোকান থেকে একটা সাদা হাফশার্ট এবং একজোড়া সাদা মোজাও কিনতে হয়।
এত খরচ না বাড়িয়ে হরিষা মার্কেটে অথবা কোনও মঙ্গলবার সময় করে হাওড়া হাটে গেলে শুধু কালো হাফপ্যান্টই সংগ্রহ করা যেতে পারে। একটা দুশ্চিন্তা থেকে যায়, অনেক সময় এসব প্যান্টের রং খুব কাচা থাকে। একবার ধুতে গেলে আর কালোত্ব থাকে না, কালো খড়ির গুড়োর মতো রং বেরয়, এমনিতে কাঁচা কিন্তু অন্য কোনও কাপড়-চোপড়ে লেগে গেলে সেখানে খুব পাকা, আর কিছুতেই উঠবে না।
চুরি করার তো সময়-অসময় নেই, স্থান-অস্থান নেই। একবার নতুন কালো হাফপ্যান্ট পরে একটা বাড়ির পিছনের রেনপাইপ ধরে ঝুলতে ঝুলতে একজন চোর গৃহস্থদের ঘুমানোর জন্য প্রতীক্ষা করছিলেন। এমন সময় প্রচণ্ড বৃষ্টি এল, বৃষ্টিতে ভিজে তার নতুন প্যান্ট থেকে কালো পিচ্ছিল এক তরল পদার্থ বেরতে লাগল। পিছল হয়ে যাওয়ার জন্য তার হাটু স্লিপ করতে লাগল, তিনি আর রেনপাইপ আঁকড়ে ধরে রাখতে পারলেন না, হড়কে নীচে পড়ে গেলেন।
আরেকবার আরেকজন ওইরকম একটা নতুন প্যান্ট একবার পরার পর কাচতে গিয়ে একপুকুর জল কালো করে ফেলেছিলেন। পাড়ার লোকেরা যেই বুঝতে পারল এটা তারই কীর্তি, এই মারে কী সেই মারে!
আসলে এ ভাবে চলে না, চলতে পারে না। এই বৃত্তি থেকে ক্রমশ লোক সরে যাচ্ছে, নানা বাধা ও অসুবিধার জন্য এই প্রাচীন বিদ্যা ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে ধরা পড়া, মার খাওয়া অথবা জেলখাটা এগুলো সনাতন সমস্যা, যাকে ইংরেজিতে বলে নর্মাল প্রফেশনাল হাজার্ড– এ তো থাকবেই, এ নিয়ে কোনও প্রকৃত চোর মাথা ঘামায় না।
কিন্তু চুরি করার পোশাক, সিঁদকাঠি– এগুলি হল আসল সমস্যা। তা ছাড়া, যেটা এখনও বলা হয়নি, গায়ে মাখা তেলের ব্যাপারটা আছে।
চুরি করতে গেলে গায়ে তেল মাখতেই হবে। এটা বহু পরীক্ষিত এবং সর্বসম্মত অতি পুরনো রীতি। দেহ তৈলাক্ত থাকার জন্য কত চোর যে আজ পর্যন্ত শেষমূহুর্তে রক্ষা পেয়েছেন তার ইয়ত্তা নেই।
তেল যে খুব বেশি লাগে তা নয়। সারা শরীরে তেল মাখতে নেই, সেটা অনেক সময় ব্যক্তিগত অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তেল মাখতে হয় উর্ধ্বাঙ্গে দুই হাতে কবজি পর্যন্ত, বিশেষ করে ঘাড়ে, গলায় ও পিঠে। আর আজকালকার নতুন যুগের চোরেরা যারা পুরনোদের মতো কদমছাট দেন না, মাথায় মজা করে বড় চুল রেখেছেন, তাদের মাথার চুলেও তেল মাখাতে হবে।
আগেকার দিনে পাওয়া যেত ক্রিম রঙের বিলিতি গ্রিজ। কী ভাল জিনিস ছিল সেটা, আর কী চমৎকার মৌচাক-মৌচাক গন্ধ বেরত গ্রিজটা দিয়ে। আর দামও ছিল বেশ ন্যায্য। যারা পুরনো চোর তাদের মনে আছে দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত নিউমার্কেটে ম্যাকফারলন সাহেবের দোকানে ক্রিমরঙা গ্রিজের এক পাইন্ডের কৌটো পাওয়া যেত ঠিক দেড় টাকায়। প্যাচপ্যাচে ছিল না, গা কুটকুট করত না। খুব সুবিধা ছিল এই গ্রিজটায়।
আর আজকাল ওইরকম গ্রিজ কোথায় পাওয়া যাবে! একালের চোরেরা ওসব জিনিস জন্মেও চোখে দেখেননি। তারা গায়ে মাখেন পোড়া মবিল-অয়েল, তারও দাম এক বাটি তিন টাকা। সাংঘাতিক কুটকুটে এবং বিষাক্ত দ্রব্য এটি। এই পোড়া মবিলের কল্যাণে শত সহস্র নিরপরাধ তস্করের টাকায় চর্মরোগের ডাক্তারদের বিশাল রমরমাও চলছে। প্রায় সব চোরের গায়ে ঘা-পাঁচড়া, কিছুতেই সারতে চায় না। আর চুরির পরে ওই তেল শরীর থেকে তোলা কম কঠিন নাকি!
এর মধ্যে যারা শৌখিন কিংবা বড়লোক চোর আছেন, তারা কেউ কেউ গায়ে হোয়াইট ভেসলিন
মাখতে শুরু করেছেন, কিন্তু তারও দাম চড়তে চড়তে এক ছোট কৌটো চার টাকা-সাড়ে চার টাকায় পৌছেছে।
অবস্থা ক্রমশ এমন জায়গায় পৌছাচ্ছে যে চৌর্যবৃত্তির দিকে এখন নতুন লোককে আকর্ষণ
ক্রমশ এই রোমাঞ্চকর কাজে তাদের উৎসাহ হারিয়ে ফেলছেন। যে উদ্দীপনা নিয়ে একদিন তারা একটি সফল চুরির জন্য রাতের পর রাত অধীর প্রতীক্ষা করতেন এই দুর্দিনের বাজারে সেই উত্তেজনা আজ কোথায় !

নৈশকাহিনী -- তারাপদ রায়

আমার এই নৈশকাহিনী রাত্রির কোনও ঘটনা নিয়ে নয়। আমার এই কাহিনীর বিষয়বস্তু হল নেশা। আমার বিষয় অবশ্য ঠিক নেশা নয়, নেশার পরিমাপ নিয়ে এই আলোচনা। এক টিপ নস্যি, আড়াই প্যাকেট সিগারেট, তিন হেঁচকির জর্দা, সাত ছিলিম গাজা কিংবা চার পেগ হুইস্কি— একেক রকম নেশার সামগ্রীর মাপ হয় একেকভাবে— অন্তত এতকাল এই ছিল আমার সাবেকি ধারণা।
আমার সেই ধারণা গত রবিবার ধূলিসাৎ হয়ে গেছে। যথারীতি রবিবার দিন বিকেলে হাটতে বেরিয়েছিলাম। ফেরার পথে, তখন সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ প্রায় বিনা নোটিশে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হল। জায়গাটা জগুবাবুর বাজারের কাছাকাছি, চারদিকে পাতাল রেলের গর্ত, কাদা-জল, লোহা-ইট। দৌড়নো দূরের কথা, এর মধ্যে তাড়াতাড়ি হাটাও বিপজ্জনক। একটু দূরেই ডি এন মিত্র স্কোয়ার, যা লোকমুখে বহুদিন হল গাঁজা পার্ক বলে পরিচিত। স্কোয়ারটি কয়েক বছর হল পাতাল রেলের দখলে, কিন্তু তার নাম বা নামকরণের কারণ এখনও বদলায়নি।
কোনও উপায় ছিল না। জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় স্কোয়ারের সামনের ছাদ-ঢাকা, বাঁশের বেড়া দেওয়া পুরনো ঘরটার চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম। বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল ।
চাতালের এদিক-ওদিকে কয়েকটি চক্র বসেছে। আট-দশ জন করে একেকটি চক্র। নানা
মানে গাজা। মদের আড্ডার সঙ্গে গাজার আড়ড়ার পার্থক্য হল যে এখানে সকলেই নিঃশব্দ। নিঃশব্দে একজনের হাত থেকে অন্যের হাতে কলকে চলে যাচ্ছে, তিনি চার-পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন। রাস্তার মুচি, অফিসের বাবু, বাসের পকেটমার সকলে পাশাপাশি গোল হয়ে বসে। রসদ ফুরিয়ে গেলে, সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুরিয়া এনে কলকে ভরে নিচ্ছে। সকলেই শিবনেত্র, কেউ কেউ সম্পূর্ণ চোখ বুজে আত্মস্থ, শুধু সময়মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববতীর কাছ থেকে কলকে গ্রহণের জন্য। বৃষ্টিভেজা বাতাস আমোদিত হয়ে উঠেছে গঞ্জিকাধুত্রের ঘন গন্ধে।
এখানে খুব বেশিক্ষণ দাড়িয়ে থাকলে এক একাই নেশা হয়ে যাবে। অথচ বৃষ্টি আরও জোরে
এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে। বাইরের ঝড়-বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং গঞ্জিকাচক্রের ধোঁয়া থেকে নাক বঁচিয়ে একটা পাশে কোনওরকমে দাঁড়িয়ে ছিলাম, এমন সময়ে এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন।
একটু আগেই ভদ্রলোককে দেখেছি নিমীলিত নয়নে খুব আয়েসের সঙ্গে দুজন পাতাল রেলের মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন। তার বোধহয় নেশা করা শেষ হয়েছে, এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন।
বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে যা হয়, একটু পরেই আমাদের মধ্যে আলাপ শুরু হল। ভদ্রলোক নিজেই উপযাচক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন।
ভদ্রলোকের উপাধি ভুলে গেছি। যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি। ভূপতিবাবু মধ্যবয়সী, রোগা পাকাটে চেহারা। সামান্য ময়লা তাদের ধুতি ও আদির পাঞ্জাবি গায়ে। দেখলেই বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এর পাঞ্জাবিতে গিলে করা থাকে এবং গলায় পাকানো চাদর থাকে। মোটামুটিভাবে কলকাতার আধা বনেদি পুরনো লোক। কথাবার্তায় প্রকাশ পেল শদেড়েক হাতে-টানা রিকশা ছিল ভূপতিবাবুর এই দু-চার মাস আগেও। তার মধ্যে একটির মাত্র লাইসেন্স ছিল। সেই একটি লাইসেন্সেই দেড়শোটি গাড়ি চলত। এখন পুলিশের অত্যাচারে সত্তরটা রিকশা নিজেদের পুরনো বাড়ির উঠোনে লুকিয়ে ফেলেছেন। গোটা তিরিশেক রিকশা ভবানীপুর আর বালিগঞ্জ থানায় ধরে নিয়ে গেছে। দিনকাল ভাল যাচ্ছে না, তাই সময় পেলেই দুঃখ-চিন্তা ভুলতে এখানে এসে এক ছিলিম গাজা টেনে যান।
কিছুক্ষণ কথাবার্তার পরে, বৃষ্টি তখন একটু ধরে এসেছে, হাওয়ার বেগও বেশ কম, ভূপতিবাবু রাস্তায় নামলেন, আমিও নামলাম। তাকে জিজ্ঞাসা করলাম, ভদ্রতার খাতিরে এমনি একটা প্রশ্ন, বাড়ি যাচ্ছেন? ভূপতিবাবু একটু থেমে উত্তর দিলেন, ‘এই সন্ধ্যাবেলা বাড়ি যাব কি মশায়? ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছি। গাজার সঙ্গে দুধটা দরকার। হঠাৎ ভূপতিবাবু কথা পালটিয়ে আমাকে বললেন, আপনি বোধহয় ভাবছেন ভদ্রলোক গাজা খায় কী করে? আমি তাড়াতাড়ি বললাম, না না, সে কী কথা! ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন, বললেন, ‘দেখুন মশায়, আমাকে ভুল বুঝবেন না। সব রকম নেশা-ভাং করে দেখেছি, অনেক মদ খেয়েছি, নামকরা মাতাল ছিলাম আমি, ভবানীপুরের সব ডাকসাইটে মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়ত। কিন্তু গাজা, গাজার সঙ্গে কারও তুলনা হয় না।’
ভর সন্ধ্যায়, বৃষ্টির মধ্যে গেজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্য ভদ্রতাসূচক কী একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ভূপতিবাবু ছাড়ার পাত্র নন। তিনি
কোনটা ছোট— এ নিয়ে যার যা ইচ্ছে বলে কিন্তু এ বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি, মনে মনে অনেক গবেষণা করেছি, অবশেষে একটা বৈজ্ঞানিক হিসেব বের করেছি আর সেই হিসেবে গাজাই সর্বোত্তম ।’
আপনার এই বৈজ্ঞানিক হিসেবটা কী রকম ?” বিন্দুমাত্র দ্বিধা না করে ভূপতিবাবু বললেন, 'আরে মশায়, নেশা মাপতে হবে আঙুল দিয়ে।’ আঙুল দিয়ে! আমি একটু বিস্মিত হলাম, তারপর একটু ভেবে নিয়ে বললাম, হ্যা, মদ কিংবা সিদ্ধির শরবত আঙুল দিয়ে মাপা যেতে পারে। মদের বেলায় দু’ আঙুলে এক পেগ, তিন আঙুলে দেড় পেগ, এ রকম হিসেব হতে পারে।’
আমাকে কথা শেষ করতে দিলেন না ভূপতিবাবু, উত্তেজিত হয়ে বললেন, থামুন তো, খালি মদ আর মদ। আপনারা ফরসা জামা-কাপড়ওলা লোকেরা খালি মদের কথা বলেন। মদ তো পাঁচ-আঙুলে নেশা।’
আমি আকাশের দিকে একবার তাকিয়ে নিয়ে বললাম, পাঁচ-আঙুলে নেশা আবার কী?
‘অশত্থতলার নেশা বুঝতে পারছেন না, ভূপতিবাবু এবার নিজের বিষয় পেয়ে গিয়ে আমাকে প্রাঞ্জলভাবে বোঝাতে লাগলেন, “যত বেশি আঙুল তত বেশি উচ্চমানের নেশা। সবচেয়ে খারাপ নেশা হল এক আঙুলের। দেখবেন ওড়িয়া পানের দোকানে পাওয়া যায়, কালো মতন খবরের কাগজে জড়িয়ে বেচে, গুড়াখু, আঙুলে লাগিয়ে দাঁত মাজতে হয়, এটা হল সবচেয়ে নিকৃষ্ট নেশা’ একটু থেমে ভূপতিবাবু বললেন, ‘এর চেয়ে খারাপ অবশ্য চা। মাত্র আধ আঙুলের ব্যাপার। একটা আঙুল অর্ধেক করে পেয়ালার হাতলে ঢুকিয়ে দিলেই হল। তবে চা ঠিক নেশা নয়।’ বলে ভূপতিবাবু আমার দিকে তাকিয়ে একটু শুকনো হাসলেন, বোধহয় ওঁর সন্দেহ হচ্ছিল আমি খুব চা-খোর, ওঁর বিশ্লেষণে দুঃখিত হতে পারি। কিন্তু তিনি আর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাখ্যা করে যেতে লাগলেন, ‘এর পরেই আসে নস্যি, দু’ আঙুলের নেশা। দু' আঙুল দিয়ে এক টিপ নাকে ঢোকানো, অতি বিশ্রী, নিচু নেশা মশায়। এর চেয়ে সিগারেট একটু ভাল। বিড়িও ওই একই। দু’ আঙুলে ধরে বুড়ো আঙুল অর্ধেক কাত করে মুখে দিয়ে টান, ওই আড়াই আঙুলের নেশা খুব উচু জাতের নয়, তবে ফেলনাও নয়।’
ভূপতিবাবুর এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে, এদিকে আবার বৃষ্টি এসে গেল মনে হচ্ছে অথচ শুনতেও খারাপ লাগছে না, এ রকম আগে আর কখনও শুনিনি তো। ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করে দিয়েছেন, ‘এর মধ্যে আরও অনেক রকম নেশা আছে সেসব বাদ দিচ্ছি। আপনি মদের কথা বলছিলেন, মদ হল পাঁচ-আঙুলে নেশা। পাঁচ আঙুলে গেলাস ধরে মুখে তুলতে হবে। সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলেও ওই পাঁচ আঙুল। সিদ্ধির শরবতও অবশ্য তাই। দুটোই ভাল জাতের নেশা। তবে গাজার কাছে কিছু নয়।’ এই বলে দুটো হাত জোড় করে একটি কাল্পনিক কলকে মুখের কাছে ধরে দু’বার জোরে জোরে টান দিয়ে বললেন, ‘একেবারে পুরো দশ আঙুলের নেশা। দু'হাতের দশ আঙুলে কলকে ধরতে হবে। এর চেয়ে বড় নেশা হয় না।"
বৃষ্টি প্রায় এসে গেল আবার, চলে আসছিলাম, ভূপতিবাবু হাতের মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে বললেন, ‘শেষ কথাটা শুনে যান, কুড়ি আঙুলের নেশা, সেও ওই গাজাই। কাটিহারের মেলায় গেলে দেখবেন, আশত্থ তলায় দারুণ ভিড়, ছিলিম মহারাজ গাজা খাচ্ছেন। দুই হাতে এক কলকে, দুই পায়ে এক কলকে। দুই হাত, দুই পা, দুই কলকে এসে গেছে মুখে, বৃশ্চিকাসনে গঞ্জিকা সেবন করছেন ছিলিম মহারাজ, দুই কলকে দিয়ে গলগল করে ধোঁয়া বেরচ্ছে।’
এতক্ষণে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। ভূপতিবাবুর হাত এক ঝাকুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে এগোলাম।