তিন বিধাতা - পরশুরাম

সমস্ত উচ্চ স্তরের আলাপ অর্থাৎ হাই লেভেল টক যখন ব্যর্থ হল তখন সকলে বুঝলেন যে মানুষের কথাবার্তায় কিছু হবে না, ঐশ্বরিক লেভেলে উঠতে হবে৷ বিশ্বমানবের হিতার্থী সাধুমহাত্মারা একযোগে তপস্যা করতে লাগলেন৷ অবশেষে যা কেউ স্বপ্নেও ভাবেনি তা সম্ভব হল, ব্রহ্মা, গড আর আল্লা সুমেরু অর্থাৎ হিন্দুকুশ পর্বতে সমবেত হলেন৷ আরও বিস্তর দেবতা ও উপদেবতার এই ঐশ্বরিক সভার বিতর্কে যোগ দেবার ইচ্ছা ছিল, কিন্তু অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে পারে এই আশঙ্কায় উদ্যোক্তারা কেবল তিন বিধাতাকে আহ্বান করেছিলেন৷
ব্রহ্মার সঙ্গে নারদ, গডের সঙ্গে সেন্ট পিটার, এবং আল্লার সঙ্গে একজন পিরও অনুচর রূপে অবতীর্ণ হলেন৷ তা ছাড়া অনেক অনাহূত দেব-দেবী ঋষি সেন্ট যক্ষ নাগ ভূত পিশাচ এঞ্জেল ডেভিড প্রভৃতি মজা দেখবার জন্য অদৃশ্যভাবে আশেপাশে অবস্থান করলেন৷
ব্রহ্মার মূর্তি সকলেই জানেন,-চার হাত, চার মুখ, একবার মনে হয় দাড়ি-গোঁফ আছে, আবার মনে হয় নেই৷ পরনে সাদা ধুতি-চাদর, কাঁধে পইতার গোছা, মাথায় মুকুট৷ গড নিরাকার, তাঁকে দেখবার জো নেই৷ তথাপি ভক্তগণের বিশেষ অনুরোধে বাক্যালাপের সুবিধার জন্য তিনি পুরাকালের জিহোভার মূর্তিতে এলেন৷ বুকভরা কাঁচা-পাকা দাড়ি-গোঁফ, কাঁধভরা চুল, বড়ো বড়ো চোখ, কোঁচকানো ভ্রূ, দুর্বাসার মতন রাগী চেহারা, পরনে একটা আলখাল্লা৷ পঞ্চাশ-ষাট বছর আগে চীনাবাজারে ছবির দোকানে খ্রিস্টীয় সম্প্রদায় বিশেষের জন্য এই রকম ছবি বিক্রি হত, এখনও হয় কি না জানি না৷
আল্লা গডের চাইতেও নিরাকার, অনেক অনুরোধেও তিনি মূর্তি ধারণ করতে অথবা কোনো কথা বলতে মোটেই রাজি হলেন না৷ পিরসাহেব বললেন, কোনো ভাবনা নেই, আল্লা সর্বত্র আছেন, এখানেও আছেন; তাঁর মতামত আমিই ব্যক্ত করব৷ কিন্তু নারদ আর সেন্ট পিটার বললেন, তুমি যে নিজের কথাই বলবে না তার প্রমাণ কী? পিরসাহেব উত্তর দিলেন, এই চাঁদমার্কা ঝান্ডা খাড়া করে রাখছি, এর নীচে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে আমি কথা বলব : আল্লা যদি নারাজ হন তবে এই পবিত্র ঝান্ডা আমার মাথায় পড়বে৷
ব্রহ্মা ও গড এই প্রস্তাবে রাজি হলেন, কারণ আল্লার সেবককে খুশি রাখতে তাঁরা সর্বদাই প্রস্তুত৷
নারদ, সেন্ট পিটার আর পিরসাহেবের বর্ণনা অনাবশ্যক৷ এঁদের চেহারা যাত্রার আসরে, প্রাচীন ইউরোপীয় চিত্রে এবং ইসলামি সভায় ও মিছিলে দেখতে পাওয়া যায়৷
ব্রহ্মা গড ও আল্লা-এঁদের মেজাজ একরকম নয়৷ ঠাট্টা তামাশায় কোনো
হিন্দু দেবতা চটেন না৷ ব্রহ্মার তো কথাই নেই, তিনি সম্পর্কে সকলেরই ঠাকুরদা৷
গড অত্যন্ত গম্ভীর, তবে সম্প্রতি তাঁর কিঞ্চিৎ রসবোধ হয়েছে, তাঁকে নিয়ে একটু আধটু পরিহাস করা চলে৷ কিন্তু আল্লা শুধু দৃষ্টির অতীত বাক্যের অতীত নন, পরিহাসেরও অতীত৷ পাকিস্তান শাসনতন্ত্রের মুখবন্ধে যে আল্লার আধিপত্য ঘোষণা করা হয়েছে তা মোটেই তামাশা নয়৷
কালিদাস লিখেছেন, মহাদেবের তপস্যার সময় নন্দীর শাসনে গাছপালা নিস্পন্দ হল, ভোমরা-মৌমাছি চুপ করে রইল, পাখি বোবা হল, হরিণের ছুটোছুটি থেমে গেল,-সমস্ত কানন যেন ছবিতে আঁকা৷ তিন বিধাতার সমাগমে সুমেরু পর্বতেরও সেই অবস্থা হল; কিন্তু এঁরা ধ্যানস্থ না হয়ে তর্ক আরম্ভ করলেন দেখে স্থাবর-জঙ্গম আশ্বাস পেয়ে ক্রমশ প্রকৃতিস্থ হল৷
ব্রহ্মাকে দেখে জিহোভারূপী গড ভ্রূকুটি করে বললেন, তুমি কী করতে এসেছ? তোমাকে তো আজকাল কেউ মানে না, শুধু বিয়ের নিমন্ত্রণপত্রে তোমার ছবি ছাপা হয়৷ কৃষ্ণ শিব কালী বা রামচন্দ্র এলেও বা কথা ছিল৷
ব্রহ্মা বললেন, তাঁরা আমাকেই প্রতিনিধি করে পাঠিয়েছেন৷ পিরসাহেব অবাক হয়ে ব্রহ্মার দিকে চেয়ে আছেন দেখে নারদ বললেন, কী দেখছ সাহেব?
পির চুপিচুপি বললেন, এঁর তো চারো তরফ চার মুহ৷ বিছানায় শোন কী
করে?
নারদ৷ শোবার জো কী! ভর রাত ঠায় বসে থাকেন৷ ইনি ঘুমুলে তো প্রলয় হবে৷
পির৷ ইয়া গজব!
সেন্ট পিটার করজোড়ে বললেন, এখন সভার কাজ শুরু করতে আজ্ঞা হোক৷
ব্রহ্মা বললেন, মাই হেভনলি ব্রাদার্স, মেরে আসমানি বরাদমান, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এই সভার একজন সভাপতি স্থির করা৷ আমি বয়সে সবচেয়ে বড়ো, অতএব আমিই সভাপতিত্ব করব৷
গড বললেন, তা হতেই পারে না৷ তুমি হচ্ছ তেত্রিশ কোটির একজন, আর আমি হচ্ছি একমাত্র অদ্বিতীয় ঈশ্বর-
ঝান্ডার দিকে সসম্ভ্রমে দুই হাত বাড়িয়ে পিরসাহেব বললেন, ইনিও, ইনিও৷
গড৷ বেশ তো, আমি আর ইনি দু-জনেই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর৷ কিন্তু আমি হচ্ছি সিনিয়র, অতএব আমিই সভাপতি হব৷
ব্রহ্মা৷ দাদা, কত দিন ওই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছ? জগৎ সৃষ্টি করেছ কবে?
গড৷ আমার পুত্র যিশু জন্মাবার প্রায় চার হাজার বৎসর আগে৷
ব্রহ্মা৷ তার আগে কী করা হত?
গড৷ বাংলা বাইবেল পড়নি বুঝি? ‘ঈশ্বরের আত্মা জলমধ্যে নিলীয়মান ছিল৷’
ব্রহ্মা৷ অর্থাৎ ডুব মেরে ঘুমুচ্ছিলে৷ আমাদের নারায়ণ ডোবেন না, ভাসতে ভাসতে নিদ্রা যান৷ আল্লা তালা কী বলেন?
পির৷ কোরান শরিফ পড়ে দেখবেন, তাতে সব কুছ লিখা আছে৷
ব্রহ্মা৷ তাতে কী হয়েছে৷ আমার এক-একটি জীবনকালই যে বিপুল,
একত্রিশের পিঠে তেরোটা শূন্য দিলে যত হয় তত বৎসর৷ তুমি যখন জলমধ্যে নিলীয়মান ছিলে তখনও আমি দেদার সৃষ্টি করেছি৷
নারদ কৃতাঞ্জলি হয়ে বললেন, প্রভুরা, আমি বলি কী, কে বড়ো কে ছোটো সে তর্ক এখন থাকুক৷ আপনারা তিনজনেই সভাপতিত্ব করুন৷
সেন্ট পিটার বললেন, সেই ভালো৷ পিরসাহেব নীরবে ডাইনে বাঁয়ে উপরে নীচে মাথা নাড়তে লাগলেন৷
নারদ বললেন, আপনাদের কষ্ট দিয়ে এখানে ডেকে আনার উদ্দেশ্য-জগতে যাতে শান্তি আসে, মারামারি কাটাকাটি দ্বেষ হিংসা অত্যাচার প্রতারণা লুন্ঠন প্রভৃতি পাপকার্য যাতে দূর হয় তার একটা উপায় স্থির করা৷
ব্রহ্মা৷ গড ভায়া, তুমিই একটা উপায় বাতলাও৷
গড৷ উপায় তো বহুকাল আগেই বলে দিয়েছি৷ জগতের সমস্ত লোক যিশুর শরণাপন্ন হক, তাঁর উপদেশ মেনে চলুক, দু-দিনে শান্তি আসবে, পৃথিবীতে স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা হবে৷
ব্রহ্মা৷ কিন্তু দেখতেই তো পাচ্ছ লোকে যিশুর উপদেশ মানছে না৷ তবু তুমি
চুপ করে আছ কেন৷ তোমার বজ্র ঝঞ্ঝা মহামারী অগ্নিবৃষ্টি এসব কী হল?
গড৷ সবই আছে, তেমন তেমন দেখলে অন্তিম অবস্থায় প্রয়োগ করব, এখন নয়৷ আমি মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছি, যাকে বলে ফ্রি উইল৷ মানুষ যদি জেনেশুনে উৎসন্নে যায় তো আমি নাচার৷
ব্রহ্মা৷ তা হলে মানছ যে মানুষের কুবুদ্ধি দূর করবার শক্তি তোমার নেই৷ আল্লা তালার মত কী?
পির৷ দুনিয়ার লোকে যদি ইসলাম মেনে নেয় তবে সব দুরুস্ত হয়ে যাবে৷
নারদ৷ যারা মেনে নিয়েছে তাদেরও তো গতিক ভালো দেখছি না৷ আল্লা তাদের খৈরিয়ত করেন না কেন?
পির৷ আগে সকলকে পাকিস্তানের সঙ্গে এক দিল হতে হবে৷
নারদ৷ তা তো হচ্ছে না৷ আল্লা জোর করে সকলকে একদিল করে দেন না কেন?
পির৷ আল্লার মর্জি৷
গড৷ শোনো ব্রহ্মা৷ আমি একজোড়া নিষ্পাপ মানুষ-মানুষী সৃষ্টি করে তাদের ইদং কাননে রেখেছিলুম৷ তারা পরম শান্তিতে ছিল, কিন্তু তোমাদের তা সইল না৷ তোমার এক বংশধর সেখানে গিয়ে কুমন্ত্রণা দিয়ে আদম আর হবাকে নষ্ট করলে৷
ব্রহ্মা৷ সে তো শয়তান করেছিল, তোমারই এক বিদ্রোহী অনুচর৷
গড৷ শয়তান অতি বজ্জাত, কিন্তু আদম-হবাকে সে নষ্ট করেনি, করেছিল বাসুকি, তোমারই এক প্রপৌত্র৷
ব্রহ্মা৷ বাসুকি? সাপ হলেও সে অতি ভালো ছোকরা, কুমন্ত্রণা কখনো দেবে না৷ আচ্ছা তাকেই জিজ্ঞাসা করা যাক৷ নারদ, ডাকো তো বাসুকিকে৷
নারদ হাঁক দিলেন-বাসুকি, ওহে বাসুকি-
নিকটেই এক দেবদারু গাছের ডালে ল্যাজ জড়িয়ে বাসুকি ঝুলছিলেন৷ ডাক শুনে সড়াক করে নেমে এলেন৷ দণ্ডবৎ হয়ে ব্রহ্মাকে প্রণাম করে বললেন, কী আজ্ঞা হয় পিতামহ?
ব্রহ্মা৷ হাঁ হে, তুমি নাকি ইদং কাননে গিয়ে হবা আর আদমকে নষ্ট
করেছিলে?
বাসুকি৷ তাঁর চেরা জিব কামড়ে বললেন, ছি ছি, তা কখনো পারি? ভুল শুনেছেন প্রভু৷ যদি অভয় দেন তো প্রকৃত ঘটনা নিবেদন করি৷
ব্রহ্মা৷ অভয় দিলুম৷ তুমি ব্যাপারটা প্রকাশ করে বলো৷
বাসুকি বলতে লাগলেন৷-সে কি আজকের কথা! সমুদ্রমন্থনের পর আমার সর্বাঙ্গে অত্যন্ত বেদনা হয়েছিল৷ দুই অশ্বিনীকুমারকে জানালে তাঁরা বললেন, ও কিছু নয়, হাড় ভাঙেনি, শুধু মাংস একটু থেঁতলে গেছে; দিন কতক হাওয়া বদলে এসো, সেরে যাবে৷ তখন আমি পৃথিবী পর্যটন করতে লাগলুম৷ বেড়াতে বেড়াতে একদিন তৌরস পর্বতের পাদদেশে এসে দেখলুম উপরে একটি চমৎকার উপবন রয়েছে৷ ঢোঁড়া সাপের রূপ ধরে পাহাড়ের খাড়া গা বেয়ে সড়সড় করে উপরে উঠলুম৷ দেখলুম দুটি নরনারী সেখানে বন্দি হয়ে আছে৷ তারা একবারে অসভ্য, কিছুই জানে না, লজ্জাবোধও নেই৷ দেখে আমার দয়া হল৷ মেয়েটির কাছে গিয়ে মধুর স্বরে বললুম, অয়ি সর্বাঙ্গসুন্দরী, তুমি কার কন্যা, কার পত্নী? তোমার পরনে কাপড় নেই কেন? চুল বাঁধনি কেন? নখ কাটনি কেন? গলায় হার পরনি কেন? ওই যে ষণ্ডা জংলি পুরুষটা ঘাস কাটছে, ওটা কে? তোমাদের চলে কী করে? খাও কী?
আমার সম্ভাষণে মেয়েটি খুশি হল৷ একটু হেসে বললে, আমি হচ্ছি হবা৷ ওর নাম আদম, আমার বর৷ আমি কারও কন্যা নই, আদমের পাঁজরা থেকে জিহোভা আমাকে তৈরি করেছেন৷ আমরা এখানে চাষবাস করি, ফলমূল খাই, মনের আনন্দে গান গাই আর নেচে বেড়াই৷
জিজ্ঞাসা করলুম, কী ফল খাও, আম কাঁঠাল কলা আছে?
হবা বললে, আখরোট আঙুর আনার আবজুস আঞ্জির এইসব মেওয়া খাই৷
শুধু ওই গাছটার ফল খাওয়া বারণ৷ জিহোভা বলেছেন, খেলে সর্বনাশ হবে, আক্কেল খুলে যাবে, ভালো-মন্দর জ্ঞান হবে৷
আমি ল্যাজে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে সেই জ্ঞানবৃক্ষের একটা ফল
কামড়ে খেলুম৷ দন্তস্ফুট করা একটু শক্ত, কিন্তু বেশ খেতে৷ খোসা নেই, বিচি নেই, ছিবড়ে নেই, যেন কড়া পাকের সন্দেশ৷ পিতামহ, আপনি সর্পজাতিকে আক্কেলদাঁত দেননি, কিন্তু সেই ফলটি খাওয়া মাত্র আমার চারটি আক্কেল দাঁত ঠেলা দিয়ে বেরুল, বুদ্ধি টনটনে হল, কর্তব্য সম্বন্ধে মাথা খুলে গেল৷ হবাকে বললুম, ও বাছা, অ্যাদ্দিন করেছ কী, এমন ফল খাওনি?
প্রভুর যে বারণ আছে৷
দুত্তোর বারণ৷ বুড়োদের কথা সব সময় শুনতে গেলে কিছুই খাওয়া হয় না৷ আমি বলছি, তুমি এক কামড় খেয়ে দেখো৷
যদি আক্কেল খুলে যায়?
কোথাকার ন্যাকা মেয়ে তুমি! আক্কেল তো খোলাই দরকার, চিরকাল উজবুক হয়ে থাকতে চাও নাকি? নাও, এই দুটো ফল পেড়ে দিচ্ছি, একটা তুমি খাও, আর একটা ওই জংলি ভূত আদমকে খাওয়াও৷
হবা নিজে বড়ো ফলটা খেয়ে ছোটোটা আদমকে দিলে৷ তার পরেই জিভ কেটে ছুটে পালাল৷ একটু পরে একটা ডুমুর-পাতার ঝালর পরে ফিরে এসে বললে, এইবার কেমন দেখাচ্ছে আমাকে?
বাঃ, অতি চমৎকার, কোথায় লাগে উর্বশী রম্ভা মেনকা৷
হবা ঠোঁট ফুলিয়ে চোখ কুঁচকে বললে, আমার হার নেই, চুড়ি নেই, চিরুনি
নেই, আলতা নেই, ঠোঁটে দেবার রং নেই-
বললুম, সব হবে, ওই আদমকে বলো৷
আরও ঠোঁট ফুলিয়ে হবা বললে, ও বিশ্রী, কিচ্ছু দেয় না, ওর কিচ্ছু নেই৷ তুমি দাও, আমি তোমার কাছে থাকব, হুঁ-
বললুম, আমি ওসব কোথায় পাব? ওর হাত পা আছে, আমার তাও নেই৷ সাপের সঙ্গে তুমি ঘর করবে কী করে? আমার আবার পঞ্চাশটা সাপিনি আছে, তোমাকে দেখেই ফোঁশ করে উঠবে৷ ভাবনা কী খুকি, তোমার বরের কাছে গিয়ে ঘ্যানঘ্যান করে আবদার করো, তাহলেই ও রোজগার করতে যাবে, যা চাও সব এনে দেবে৷
এমন সময় হঠাৎ ঝড় উঠল, বিদ্যুৎ চমকানির সঙ্গে বজ্রনাদ হতে লাগল৷ দেখলুম দূর থেকে তালগাছের মতন লম্বা এক ভয়ংকর পুরুষ কোঁতকা নিয়ে আমার দিকে তেড়ে আসছেন৷ বুঝলুম ইনিই জিহোভা৷ আমি হেলে সাপের রূপ ধরে সুড়ুৎ করে পালিয়ে গেলুম৷
গড বললেন, শুনলে তো, বাসুকি দোষ কবুল করছে৷
ব্রহ্মা৷ দোষ কোথায়? তুমি দুটি প্রাণী সৃষ্টি করে তাদের অজ্ঞানের অন্ধকারে রেখেছিলে, সামনে জ্ঞানবৃক্ষ রেখেও তার ফল খেতে বারণ করেছিলে৷ বাসুকি দয়া করে তাদের জ্ঞানদান করেছে৷
গড৷ ছাই করেছে, আমার উদ্দেশ্যই পণ্ড করেছে৷ সেই আদি মানব-মানবীর আদিম অবাধ্যতার ফলেই জগতে পাপ আর দুঃখকষ্ট এসেছে৷
সেন্ট পিটার বললেন, শ্রীকৃষ্ণও তো অজ্ঞদের বুদ্ধিভেদ করতে বারণ করেছেন৷
নারদ৷ ভুল বুঝেছ বাবাজি৷ তাঁর কথার অর্থ-বোকা লোকদের বাজে তর্ক করতে শিখিয়ো না৷ যারা চালাক তাদের তিনি বুদ্ধিযোগ চর্চা করতে বলেছেন৷
সেন্ট পিটার৷ কিন্তু হবা আর আদম তো বোকাই৷
নারদ৷ আরে তারা যে আদিম মানব-মানবী শিশুর সমান৷ যদি চিরকাল বোকা করে রাখাই উদ্দেশ্য হয় তবে মানুষ সৃষ্টি করবার কী দরকার ছিল? ভেড়া গোরুর মতন আরও জানোয়ার তৈরি করে লাভ কী? আমাদের পিতামহের কীর্তি দেখো দিকি, প্রথমেই পয়দা করলেন দশজন প্রজাপতি, মরীচি অত্রি প্রভৃতি দশটি বিদ্যাবুদ্ধির জাহাজ৷
জলদগম্ভীর স্বরে গড বললেন, চোপ, গোল কোরো না৷ আমার আদেশ লঙ্ঘন করে হবা আর আদম যে আদিম পাপ করেছিল তার ফলেই তাদের সন্ততি
মানবজাতি অধঃপাতে যাচ্ছে৷ এখনও যদি সকলে যিশুর শরণ নেয় তো রক্ষা পাবে৷
ব্রহ্মা৷ লোকে যখন যিশুর শরণ নিচ্ছে না তখন ফ্রি উইল বাতিল করে
শ্রেয়স্করী বুদ্ধি দাও না কেন?
সেন্ট পিটার৷ ঈশ্বরের অভিপ্রায় বোঝা মানুষের অসাধ্য৷
নারদ৷ আমাদের পিতামহ ব্রহ্মা তো মানুষ নন, তাঁকে অভিপ্রায় জানালে ক্ষতি কী? প্রভু গড না হয় প্রভু ব্রহ্মার কানে কানে বলুন৷
পির৷ আল্লার যদি মর্জি হয় তবে এক লহমায় বিলকুল শাইস্তা করে দিতে পারেন৷
নারদ৷ তবে শাইস্তা করেন না কেন?
পির৷ যদি মর্জি না হয় তবে শাইস্তা করেন না৷
নারদ৷ বুঝেছি, সব প্রভুই লীলা খেলা খেলেন৷
গড৷ চুপ করো তোমরা৷ ব্রহ্মা, তুমি কেবল উড়ো তর্ক করছ, যেন আমিই আসামি আর তুমি হাকিম৷ তোমার প্রজারাও তো কম বদমাশ নয়, তাদের শাসন কর না কেন? তাদেরও ফ্রি উইল আছে নাকি?
ব্রহ্মা৷ ফ্রি উইল থাকবে কেন? আমার প্রজারা অত্যন্ত বাধ্য, যেমন চালাচ্ছি তেমনি চলছে, আবার কর্মফলও ভোগ করছে৷
গড৷ অর্থাৎ তুমিই তাদের দিয়ে কুকর্ম করাচ্ছ৷
ব্রহ্মা৷ সুকর্ম কুকর্ম সবই করাচ্ছি৷
গড৷ তোমার নীতিজ্ঞান নেই৷ আমি তোমার মতন পাপের প্রশ্রয় দিই না, এক দল পাপীকে মারবার জন্য আর এক দল পাপী উৎপন্ন করেছি, পরস্পরকে ধ্বংস করবার জন্য দু-দলকেই বজ্র দিয়েছি৷
পির৷ ইয়া গজব, ইয়া গজব! হারামজাদোঁকে দুশমন হারামজাদে!
ব্রহ্মা৷ তুমি কি মনে কর এই মারামারির ফলে সুবুদ্ধি আসবে?
গড৷ বেশ ভালোরকম ঘা ঘেলে ফ্রি উইলই পন্থা বাতলে দেবে, বেগতিক দেখলে সকলেই যিশুর শরণ নেবে৷
পির৷ নহি জি, নহি জি৷
গড৷ ব্রহ্মা, এইবার তোমার জেরা বন্ধ করো৷ তুমি নিজে কী করতে চাও তাই বলো৷
ব্রহ্মা৷ কিছুই করতে চাই না৷ বিশ্বের বিধান তৈরি করে আমি খালাস৷
গড৷ কেন, তুমি দয়াময় নও?
ব্রহ্মা৷ আমি নই৷ হরিকে লোকে দয়াময় বলে বটে৷
গড৷ তুমি সর্বশক্তিমান নও৷ তোমার সৃষ্টির একটা উদ্দেশ্য নেই?
ব্রহ্মা৷ যার শক্তি কম তারই উদ্দেশ্য থাকে৷ যে সর্বশক্তিমান তার উদ্দেশ্য তো সিদ্ধ হয়েই আছে, তার দয়া করবারই বা দরকার হবে কেন? আসল কথা চুপিচুপি বলছি শোনো৷ লোকে আমাদের সৃষ্টিকর্তা বলে, কিন্তু মানুষও আমাদের সৃষ্টি করেছে৷ যে লোক নিজে নির্দয় সেও একজন দয়ালু ভগবান চায়৷ যে নিজের তুচ্ছ শক্তি কুকর্মে লাগায় সেও একজন সর্বশক্তিমান ঈশ্বর চায় যিনি তার সকল কামনা পূর্ণ করবেন৷ মানুষ নিজের স্বার্থসিদ্ধির আশায় আমাদের দয়ালু আর সর্বশক্তিমান বানাতে চায়৷
গড৷ ওসব নাস্তিকের বুলি ছেড়ে দাও৷ স্পষ্ট করে বলো-মানুষ পাপ করলে তুমি রাগ কর? ভালো কাজ করলে তুমি খুশি হও?
ব্রহ্মা তাঁর চার মাথা সজোরে নাড়তে লাগলেন৷
নারদ গুনগুন করে বললেন, নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভুঃ- প্রভু কারও পাপপুণ্য গ্রাহ্য করেন না৷
গড৷ ব্রহ্মা, তুমি অতি কুচক্রী, মানুষ উৎসন্নে যেতে বসেছে, তবু তুমি নিশ্চিন্ত থাকবে? কিছুই করবে না?
ব্রহ্মা৷ তোমরাই বা কী করছ? ব্যস্ত হও কেন, অনন্ত কাল তো সামনে পড়ে আছে৷ মানুষ নানারকম সুকর্ম কুকর্ম করে ফলাফল পরীক্ষা করছে, কীসে তার সব চেয়ে বেশি লাভ হয় তাই খুঁজছে৷ যখন সে পরম স্বার্থসিদ্ধির উপায় আবিষ্কার করতে পারবে তখন মানবসমাজে শান্তি আসবে৷ যত দিন তা না পারবে তত দিন মারামারি কাটাকাটি চলবে৷
গড৷ তবে তুমিও ফ্রি উইল মান?
ব্রহ্মা৷ খেপেছ!
নারদ তাঁর কচ্ছপী বীণায় ঝংকার তুলে বললেন, ঈশ্বরঃ সর্বভুতানাং হৃদদেশেহর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভুতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া-হে অর্জুন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে আছেন এবং ভেলকি লাগিয়ে তাদের চরকিতে চড়িয়ে ঘোরাচ্ছেন৷
সেন্ট পিটার বললেন, আমাদের প্রভু প্রেমময়, পরম কারুণিক, সর্বশক্তিমান-
নারদ৷ কিন্তু শয়তানকে জব্দ করতে পারেন না৷
পির৷ আল্লা মেহেরবান, তাঁর মতলব খুঁজতে গেলে গুনাহ হয়৷ আল্লার রিয়াসতে কুছ ভি বুরা কাম হয় না৷
ব্রহ্মা৷ শোনো গড ভাই-মানুষ নিজে যখন প্রেমময় আর কারুণিক হবে তখন আমরাও তাই হব৷ তার আগে কিছু করবার নেই৷
সেন্ট পিটার৷ বলেন কী! আপনারা যদি হাল ছেড়ে দেন তবে লোকে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে৷ তিনজনে যখন এখানে এসেছেন তখন কৃপা করে একটা ব্যবস্থা করুন যাতে মানুষে মানুষে মিল হয়৷
পির৷ কভি নহি হো সকতা৷ আল্লার প্রজা হচ্ছে মিঠা শরবত, গডের প্রজা তেজি শরাব৷ এদের মিল হতে পারে, শরবত আর শরাব বেমালুম মিশে যায়৷ কিন্তু এই হজরত ব্রহ্মার প্রজা হচ্ছে বদবুদার অলকতরা৷
সহসা আকাশ অন্ধকার হল, একটা ঝটপট শব্দ শোনা গেল, যেন কেউ
প্রকাণ্ড ডানা নাড়ছে৷ ব্রহ্মা বললেন, বিষ্ণু আসছেন নাকি? গরুড়ের পাখার শব্দ
শুনছি৷
নারদ বললেন, গরুড় নয়৷ দেখছেন না, বাদুড়ের মতন ডানা, কালো রং, মাথায় শিং, পায়ে খুর, ল্যাজও রয়েছে৷ শ্রীশয়তান আসছেন৷
সেন্ট পিটার চিৎকার করে বললেন, অ্যাভন্ট, দূর হ! পিরসাহেব হাত নেড়ে বললেন, গুম শো, তফাত যাও! গড তাঁর আলখাল্লার পকেটে হাত দিয়ে বজ্র খুঁজতে লাগলেন৷
ব্রহ্মা বললেন, আহা আসতেই দাও না, আমরা তো কচি খোকা নই যে জুজু দেখলে ভয় পাব৷
শয়তান অবতীর্ণ হয়ে মিলিটারি কায়দায় অভিবাদন করে বললেন, প্রভুগণ, যদি অনুমতি দেন তো কিঞ্চিৎ নিবেদন করি৷ গড মুখ গোঁজ করে রইলেন৷ সেন্ট পিটার আর পিরসাহেব চোখ বুজে কানে আঙুল দিলেন৷ ব্রহ্মা সহাস্যে বললেন, কী বলতে চাও বৎস?
শয়তান বললেন, পিতামহ, আপনারা তিন বিধাতা এখানে এসেছেন, এমন সুযোগ আর মিলবে না; সেজন্য আপনাদের সঙ্গে একটা চুক্তি করতে এসেছি৷ জগতের সমস্ত ধনী মানী মাতব্বর লোকেরা আমাকে তাঁদের দূত করে পাঠিয়েছেন৷ তাঁরা চান কর্মের স্বাধীনতা, কিন্তু তার ফলে ইহলোকে বা পরলোকে তাঁদের কোনো অনিষ্ট যেন না হয়৷ এর জন্য তাঁরা আপনাদের খুশি করতে প্রস্তুত আছেন৷
ব্রহ্মা৷ অর্থাৎ তাঁরা বেপরোয়া দুষ্কর্ম করতে চান৷ মূল্য কী দেবেন? চাল-কলার নৈবেদ্য? হোমাগ্নিতে সের দশেক ভেজিটেবল ঘি ঢালবেন?
শয়তান৷ না প্রভু, ওসব দিয়ে আপনাদের আর ভোলানো যাবে না তা তাঁরা বোঝেন৷ তাঁরা যা রোজগার করবেন তার একটা অংশ আপনাদের দেবেন৷
ব্রহ্মা৷ নগদ টাকা আমরা নিতে পারি না৷
শয়তান৷ নগদ টাকা নয়৷ আপনাদের খুশি করবার জন্য তাঁরা প্রচুর খরচ করবেন৷ মন্দির গির্জা মসজিদ মঠ আতুরাশ্রম বানাবেন, হাসপাতাল রেড ক্রস স্কুল কলেজ টোল মাদ্রাসায় এবং মহাপুরুষদের স্মৃতিরক্ষার জন্য মোটা টাকা দেবেন, বুভুক্ষুকে খিচুড়ি খাওয়াবেন, শীতার্তকে কম্বল দেবেন৷ আপনার মানসপুত্রদের বংশধর কে কে আছেন বলুন, তাঁদের বড়ো বড়ো চাকরি আর মোটর কার দেওয়া হবে৷ এইসবের পরিবর্তে আপনারা আমার মক্কেলগণকে নিরাপদে রাখবেন৷
ব্রহ্মা৷ কত খরচ করবেন?
শয়তান৷ ধরুন তাঁদের উপার্জনের শতকরা এক ভাগ৷
ব্রহ্মা৷ তাতে হবে না বাপু৷
শয়তান৷ আচ্ছা, দু-পারসেন্ট?
ব্রহ্মা৷ আমাকে দালাল ঠাউরেছ নাকি?
শয়তান৷ পাঁচ পারসেন্ট? দশ-পনেরো-বিশ? আচ্ছা, না হয় শতকরা পঁচিশ ভাগ আপনাদের প্রীত্যর্থে খয়রাত করা হবে৷ তাতেও রাজি নন? উঃ, আপনার খাঁই দেখছি দেশসেবকদের চাইতেও বেশি৷ ক-বছর জেল খেটেছেন প্রভু? আচ্ছা, আপনিই বলুন কত হলে খুশি হবেন৷
ব্রহ্মা৷ শতকরা পুরোপুরি একশো চাই৷
নারদ৷ ওহে শয়তান, প্রভু বলছেন, কর্মের সমস্ত ফল সমর্পণ করতে হবে তবেই নিষ্কৃতি মিলবে৷
শয়তান৷ তা হলে তো রোজগার করাই বৃথা৷ যদি সবই ছেড়ে দিতে হয় তবে চুরি ডাকাতি লুটপাট মারামারি করে লাভ কী?
ব্রহ্মা৷ এই কথা তোমার মক্কেলদের বুঝিয়ে দিয়ো৷ কিছু হাতে রেখে চুক্তি করা যায় না৷ গড আর আল্লা তালা কী বলেন? কই, এঁরা সব গেলেন কোথা?
নারদ৷ সবাই অন্তর্হিত হয়েছেন৷
শয়তান৷ তবে আমিও যাই পিতামহ৷ আপনি তো নিরাশ করলেন৷
ব্রহ্মা৷ একটু থামো, শুধু হাতে ফিরে যেতে নেই৷ একটা বর দিচ্ছি৷-বৎস শয়তান, পুরুত পাদরি মোল্লা, পুলিশ সৈন্য বা মিলিত জাতিসংসদ, কেউ তোমাকে বাধা দেবে না, তোমার মক্কেলদের তুমি নির্বিঘ্নে নরকস্থ করতে পারবে৷ তারপর আমি আবার মানুষ সৃষ্টি করব৷ নারদ, এখন যাই চলো, আমার হাঁসটাকে ডেকে আনো৷
নারদ৷ প্রভু, সে মানস সরোবরে চরতে গেছে, এত শীঘ্র সভাভঙ্গ হবে তা তো জানত না৷ আপনি আমার ঢেঁকিতেই চলুন৷
Wednesday, October 7, 2015

বল্টুদার উৎসাহলাভ
-- নারায়ণ গঙ্গোপাধ্যায়

আমি বরাবর দেখেছি, আমাদের বল্টুদার যখন তেজ এসে যায়, তখন তাকে ঠেকানো ভারী মুশকিল।
রবিবার সকালে দিব্যি চাটুজ্জেদের রকে বসে আছি আর একটা কাকের পালক কুড়িয়ে নিয়ে আরামে কান চুলকোচ্ছি, হঠাৎ কোথেকে বল্টু দা এসে হাজির ৷ বললে, চল প্যালা-একটু বেরোনো যাক।
—কোথায় যেতে হবে ?
—মানে বন্ধু-বান্ধবদের একটু উৎসাহ দেওয়া দরকার। দেখছিস্ নে- সব কেমন মিইয়ে যাচ্ছে ?
শুনে কানের ভেতর আচমকা একটা পালকের খোচা লেগে গেল ।
—সে আবার কী? কাকে তুমি উৎসাহ দেবে ?
—যাকে পাই। বুঝলি, চারদিকে সবাই যেন কি রকম দমে যাচ্ছে। এই তো সেদিন তোর বন্ধু হাবুল সেনকে বললুম, চল হাবল, একটা অ্যাডভেঞ্চারের ফিলিম হচ্ছে —দুজনে মিলে দেখে আসি। তোর পকেটে যদি পাঁচ সিকের পয়সা থাকে, তা হলেই হয়ে যাবে এখন।’ বললে বিশ্বেস করবি না প্যাাঁ, হাবুল একেবারে খ্যাক করে উঠল। আমার নাকের সামনে হাত নেড়ে বললে থাউক, অত আহলাদ করতে হইবো না । যাইতে হইলে একাই যামু—তোমারে নিমু কান্ ? শুনলি একবার কথাটা ? দেশের এ কী অবস্থা হল বল দিকি ?
আমি বললুম, হু—দেশের অবস্থা খুব খারাপ। কিন্তু তাই বলে যদি আমাকে উৎসাহ দিতে এসে থাকে, তবে সুবিধে হবে না তা বলে দিচ্ছি। আমার পকেটে ঠিক তিনটে নয়া পয়সা আছে। চাও তো তা থেকে একটা তোমায় দিতে পারি।
বল্টুদা নাকটাক কুঁচকে মুখটাকে মোগলাই পরোটার মত করে বললে,থাক থাক, তোকে আর দয়া করতে হবে না। তুই যে এক নম্বরের ট্যাঁক-খালির জমিদার সে আর আমি জানিনে ? চল—আমাদের অভিলাষকে একটু উৎসাহ দিয়ে আসি।
অভিলাষের নাম শুনে আমার কান খাড়া হয়ে উঠল। 
—কোন অভিলাষ ? ওই যে সিনেমার সামনে নতুন রেস্তোর খুলেছে ? 
বল্টুদা বললে, আবার কে ? উৎসাহ দিতে হলে ভালো ভালো লোককেই দেওয়া উচিত--অাজে বাজে লোককে দেওয়া আমি পছন্দ করি না । নে— উঠে পড়—
তক্ষুণি উঠে পড়লুম। 
—কী রকম উৎসাহ দেবে বল্টুদা ? 
—চল না, দেখতেই পাবি । 
পরমানন্দে উঠে পড়লুম। আমার আর ভাবন কী। পকেটে তো মোট তিনটে নয়া পয়সা। তা ছাড়া বল্টুদার মনে যখন একবার উৎসাহ দেবার তেজ এসে গেছে তখন আর ওকে ঠেকাবে কে !
—ডি-লা গ্র্যাণ্ডি মেফিস্টোফিলিস—বলতে বলতে বল্টুদার পেছু নিলুম।
অভিলাষ আমাদের পাড়ার ছেলে । ওর বাবার মস্ত বড় পটোলের ব্যবসা । তাই অভিলাষকে বেশি লেখাপড়া না শিখিয়ে পটোলের ব্যবসায় লাগিয়ে দিয়েছিলেন। দু-বছর ধরে অভিলাষ এমন ব্যবসা করলে যে পটোলের দোকান পটোল তোলে আর কি ! তখন ওর বাবা রেগে মেগে ওকে কষে ঘটে থাপ্পড় দিলেন। অভিলাষ তাই শেষ পর্যন্ত এই রেস্তোরা খুলেছে আর মনের দুঃখে পটোল ভাজা পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে।
আমরা যখন গেলুম, তখন ওর দোকানে বিশেষ লোকজন নেই। একজন ঝাঁটাগুফো ভদ্রলোক তারিয়ে তারিয়ে ডিমের পোচ খাচ্ছেন আর এক বুড়ো নাকের ডগায় খবরের কাগজটা ধরে বসে আছেন।
অামাদের দেখেই অভিলাষের হাসি কান ছাপিয়ে, নকের ডগা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল ।
–এই যে এসে বল্টুদা—আয় প্যালা—
বল্টুদা আর আমি ততক্ষণে দুটো চেয়ার টেনে নিয়ে বসে পড়েছি। বল্টু,দা বললে, আরে আসব বই কি ! তুই বললে আসব, না বললে আসব, তাড়িয়ে দিলেও ফিরে আসব।
শুনে অভিলাষ ‘হেঁ— হেঁ’ করল। 
—অারে তাড়াব কেন ? তোমরা হলে খদের—দোকানের লক্ষ্মী। কী খাবে বলো এখন |
বল্টুদা বললে, কী খাব না, তাই বল। তোকে উৎসাহ দেবার জন্যেই তো প্যালাকে সঙ্গে করে নিয়ে এলুম। তোর কেক খাব, বিস্কুট খাব, টোস্ট খাব, ওমলেট খাব, চপ–কাটলেট-মাংস-ও, সেগুলো বুঝি এবেলা হয় না? আচ্ছ বেশ–চপ–কাটলেটগুলো সন্ধ্যেবেলায় এসেই খাওয়া যাবে তা হলে । এখন চা খাব, কফি খাব—
আমি বললুম, যদি আরো বেশি উৎসাহ পেতে চাস, তা হলে তোর কাপ —ডিশচামচে -কাঁটাগুলোও খেতে পারি।
অভিলাষ দারুণ খুশি হতে যাচ্ছিল, কিন্তু এবারে যেন একটু নার্ভাস হয়ে গেল । তাড়াতাড়ি বললে, না— না, কাপ-ডিশগুলো বরং—
—তুই আপত্তি করছি –বল্টুদা বললে, আচ্ছ, ওগুলো তবে থাক। আর যদ্দুর মনে হচ্ছে কাপ-ডিশ খেতে খুব ভালো লাগবে না, কাঁটা-চামচে খাওয়াও বেশ শক্ত হবে। তবে প্যালার যদি খুবই ইচ্ছে হয়ে থাকে, একটা ভাঙা পেয়ালা বরং ওকে দে—বসে বসে চিবোক । আর আমার জন্যে দুখান প্লাম কেক, চারটে টোস্ট, দুটো ডবল ডিমের ওমলেট—
আমি ভীষণ প্রতিবাদ করে বললুম, না, আমি কক্ষনো ভাঙা কাপ খাব না। আমিও কেক, টোস্ট, ওমলেট এইসবই খেতে চাই।
অভিলাষ বললে, হ্যা-হ্যা, তুইও খাবি। একটু বোস—আমি পাঁচ মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি।
প্রায় নাচতে নাচতে চলে গেল অভিলাষ। বোধ হয় ভাবছিল সকালে কার মুখ দেখেই না উঠেছে আজকে । কমসে কম তিন টাকা করে ছ’টাকার খদ্দের। কিন্তু আমি যদি  বল্টুদাকে চিনে থাকি তা হলে—
এদিক বুড়ো ভদরলোক উঠে যেতেই ছো মেরে খবরের কাগজটা তুলে এনেছে বল্টু,দা। একমনে খেলার খবর পড়ছে।
বললুম, বল্ট দা—
一উু!
—পকেটে টাকা-ফাকা অাছে তো ? না তোমার পাল্লায় পড়ে ঠ্যাঙানি খাব শেষ পর্যন্ত ?
বল্টুদার নাকের ডগায় একটা মাছি অনেকক্ষণ ধরে পজিশন নেবার চেষ্টা করছিল। খবরের কাগজের ঘা খেয়ে সেটা পালালে। বল্টু দা আমার কথা শুনে উঁচুদরের একটা হাসি হাসল-বাংলায় যাকে বলে হাই ক্লাস ।
—কে ঠ্যাঙাবে ? অভিলাষ ? না ও তেমন ছেলে নয়।
– তাই নাকি ?—আমার খটকা তবুও যেতে চায় না। জিজ্ঞেস করলুম, কী করে জানলে ?
–ও যখন পটোলের দোকানে বসত—জানিস তো ? সেই যখন দোকানের পটোল
তোলার জো হয়েছিল ? সেই সময় একদিন ও একা দোকানে বসে রয়েছে, দুজন লোক এসে হাজির ৷ একজন বললে, “খোকন, আমায় পটলডাঙার টেনিদার বাড়িটা চিনিয়ে দিতে পারো ?’ ও বললে, “ওই তো— বাটার দোকানের পাশ দিয়ে চলে যান । শুনে লোকটা বললে, “আমি কলকাতায় নতুন এসেছি ভাই—পথ-ঘাট কিছু চিনিনে। একটু আসবে সঙ্গে ? অভিলাষ বললে, “আমি যে দোকানে একা আছি । লোকটা বললে ‘তাতে কী—আমার সঙ্গের বন্ধুটি তোমার দোকান পাহার দেবে।’ শুনে অভিলাষ তো তাকে এগিয়ে দিতে গেল ।
পটলডাঙার গলিতে ঢুকেই লোকটা একদম ভ্যানিশ। ও মশাই, কোথায় গেলেন বলে অভিলাষ একঘণ্টা ধরে চেঁচিয়ে মিথ্যে গরু খোঁজ করে, ফিরে এসে দেখে লোকটা সঙ্গীও নেই। আর নেই—
বললুম, কী নেই ?
বল্টুদা বললে, এক ঝুড়ি পটোল। ভীষণ মন খারাপ করে হিসেবের খাতায় লিখে রাখল রাখলে ‘সাত সের তের ছটাক পটল কেহ বাকীতে লইয়া গেল। তাহার নাম-ঠিকানা কিছুই অবগত হইতে পারিলাম না।” আর সেই হিসেব দেখে ওর বাবা—
—ওর বাবা কী করলে ? 
বল্টুুদা চোখ মিট-মিট করে বললে, পরে বলব। ওই যে অভিলাষ আসছে ।
সত্যই অভিলাষ আসছে। নিজের হাতে করে আনছে দুটো প্লেট । তাতে ডবল ডিমের ওমলেট, দুটো করে প্লাম কেক আর চারটে করে টোস্ট !
বল্টুদা বললে, বা, তোফা! —তারপর প্রায় অভিলাষের হাত থেকে প্লেট কেড়ে নিয়েই খাওয়া শুরু করে দিল । আর আহ্লাদী আহ্লাদী মুখ করে পাশে দাঁড়িয়ে রইল অভিলাষ। কী খুশি !
—ওমলেট কেমন হয়েছে বল্টুদা ?
—খাসা ! তোকে তো উৎসাহ দিতেই এলুম অভিলাষ ! তোর ওমলেট খেয়েই বুঝতে পারছি-- তোর ভবিষ্যৎ কী নিদারুণ উজ্জল ।
অভিলাষের চোখ-মুখ চক-চক করে উঠল –তাই নাকি ?—
—তবে আর বলছি কী ? তোর রেঁস্তোরাঁ দিনের পর দিন ফেঁপে উঠবে, দেলখোসকে মেরে বেরিয়ে যাবে।
—সত্যি ?—আনন্দে অভিলাষ বার তুই খাবি খেল ।
—তা ছাড়া কী ? তারপর তোর রেঁস্তোরাঁ আরো বড় হবে – গ্র্যাগু হোটেলকেও ছাপিয়ে উঠবে। গ্রেট ইস্টার্ণ বা ফিরপোতে না গিয়ে দলে দলে লোক ছুটে আসবে তোর দোকানে। চাং-ওয়ার চাউ চাউ হাউ হাউ করে কাঁদতে থাকবে আর তুই গদী-আঁটা চেয়ারে বসে খালি টাকা গুনতে থাকবি ।
বক্তৃতা আর খাওয়া সমানে চলছে বল্টদার। আমিও যতটা পারি চট্‌পট্‌ প্লেট সাফ করছি। কখন যে কী হয়ে যায় কিছুই তো বলা যায় না।
দাঁড়িয়ে দাঁড়িয়েই খানিকক্ষণ নেচে নিলে অভিলাষ ; তারপর দৌড়ে যেতে যেতে বলে গেল, বোসো, তোমাদের জন্য ভালো করে ডবল কাপ চা নিয়ে আসি দুটো। বল্টুদা শেষ প্লাম কেকটা গোগ্রাসে গিলতে গিলতে বললে, কেমন বুঝছি ? বললুম, ভালো নয়। পকেটে যদি টাকা না থাকে— —টাকা ? টাকা কী হবে ? উৎসাহ দেবার শক্তি থাকলেই যথেষ্ট। দেখছিস না—এর মধ্যেই কেমন নাচতে শুরু করেছে অভিলাষ ? অার তাও ভেবে দ্যাখ প্যালা— ঝট্‌ করে কি রকম ওর রেঁস্তোরাঁটাকে গ্র্যান্ড হোটেলের চাইতেও বড় করে দিলুম। আর কী চাই ? হু হু ।
—মুখে বললেই তো হয় না ! 
—মুখে বলব না তো কান দিয়ে বলব নাকি ? কিন্তু তুই তো আমায় ভাবিয়ে তুললি, সত্যিই তো–কান দিয়ে কি বলা যায় ? অবিশ্যি নাক দিয়ে কেউ কেউ ঘুমের সময় বলে বটে, কিন্তু কী যে বলে তা বোঝাই যায় না । বোধ হয় হিব্রু বলে । না কি জার্মান ভাষা ? খুঁ-ঘুরুর—ঘুরুর— আচ্ছা, চীনে ভাষা না তো ? তোর কী মনে হয় প্যালা ?
নাকের ডাকের ভাষাটা যে কী বোঝবার আগেই অভিলাষ চা আনল। কী মনে হয় তা আর বলতে পারলুম না।
বল্টুদা আর আমি বেশ মন দিয়ে চা-টা শেষ করলুম। তারপর ধীরে মুস্থে— গোটা দুই ঢেঁকুর তুলে বল্টুদা উঠে দাঁড়াল। আমিও তক্ষুণি একেবারে দোরগোড়ায়— এইবারে যা হওয়ার হবে—-এসপার ওসপার।
বল্ট দা বললে, জোর খাইয়েছিস্ ! দ্যাখনা—বছর ঘুরতে না ঘুরতে তুই দেলখোসকে মেরে দিবি । তারপর ফিরপো—গ্রেট্‌ ইস্টার্ণ-গ্র্যাণ্ড হোটেল—
আনন্দে অভিলাষ হাসের মতো হাসফাস করতে লাগল । 
—তা হলে চলি— 
—এই যে বিলটা—অভিলাষ একখানা কাগজ এগিয়ে ধরল : পাচ টাকা বারো আনা—
—কিসের বিল ? কিসের টাকা ?—বল্টুদা যেন আকাশ থেকে পড়ল। আর অভিলাষ পড়ল—না, আকাশ থেকে নয়, সোজা স্পুটনিক থেকে । 
—বা-রে, পাঁচ টাকা বারে আনার খেলে দুজনে মিলে ? 
বল্টুদা বললে, মোটে পাঁচ টাকা বারো আনার ? তা হলে তো তোর কাছে আরো চুয়াল্লিশ টাকা চার আনা পাওনা রইল।
অভিলাষ এবার স্পুটনিক থেকে—না-না, সোজা চাঁদ থেকে পড়ল। পাঁচ বার খাবি খেয়ে বললে, চুয়াল্লিশ টাকা চার অান মানে ? আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা নিয়েছি ? কক্ষণো না । তুমি এক পয়সাও পাও না আমার কাছ থেকে ।
—বটে ? বসে বসে পঞ্চাশ টাকার উৎসাহ দিইনি এতক্ষণ ? বলিনি—লেগে থাক অভিলাষ—শেষে গদী-অাঁটা চেয়ারে বসে টাকা গুনবি ? সেই থেকে তো মোটে পাঁচ টাকা বারো আন শোধ হল ।
অভিলাষ বললে, তা—আঁ—আঁ—
—আঁ আঁ আঁ নয়, বল হাঁ হাঁ হাঁ। আর তোর হিসেবের খাতায় লিখে রাখ ; “কেহ পঞ্চাশ টাকা জমা দিয়া পাঁচ টাকা বারাঁ আনার খাইয়া গেল। পরে ক্রমশঃ বাকীাঁ খাইবে।” আচ্ছা চলি, টা-াঁ-—
অভিলাষ হাঁ—হাঁ বলতে পারলে না—একেবারে হাঁ করে দাঁড়িয়ে রইল ।
কিন্তু রাস্তায় বেরিয়ে আমার মনটা ভারী খারাপ হয়ে গেল । বেচার অভিলাষ । বল্টুদার পাল্লায় পড়ে ওকে অমন ভাবে ঠকানোটা একদম ঠিক হল না—না খেলেই ভালো হত বল্টুদার সঙ্গে। কিন্তু আমি কী করতে পারি? আমার পকেটে তো মোটে তিনটে নয়া পয়সা ছাড়া কিছু নেই। যদি কোনো দিন যোগাড় করতে পারি, ওর টাকা নিশ্চয় আমি শোধ করে দেব ; এ সব জোচ্চরিতে আমি নেই!
ভীষণ রাগ হল বল্টুদার ওপর। ট্রামে উঠতে যাচ্ছি—বল্টুদা ঠ্যাং ধরে আমায় টেনে নামাল।
—কোথায় যাচ্ছিস ?
—যাব একবার বলাই ঢ্যাং লেনে।
—ও, আমাদের পাচুগোপালের বাড়িতে ? তা চল—চল। ওর ক্ষেমঙ্করী পিসিম বেশ ভালো খাওয়ায় ।
কী রাক্ষস দেখেছ ? এই মাত্র অভিলাষের মাথায় কাঁটাল ভেঙে এতগুলো খেয়ে এসেছে। আবার এক্ষুণি খাই খাই করছে।
বললুম, আজ গিয়ে সুবিধে হৰে না। পাচুগোপাল ফুটবল খেলতে গিয়ে পা মচকে পড়ে আছে।
—পা মচকে পড়ে আছে ? আহা, চুক চুক। তা হলে তো ওকে উৎসাহ দেবার জন্যে আরো বেশি করে যাওয়া দরকার। চল-চল—
একটা হ্যাঁচকা টানে বল্টুদা আমায় ট্রামে তুলে ফেলল।
পাঁচুগোপালের বাড়ি গিয়ে কড়া নাড়তে ওর ক্ষেমঙ্কর পিসিমা দরজাটা খুলে দিলে। বল্টুদা সঙ্গে সঙ্গে এক মুখ দাঁত বের করে ফেলল। গলেই গেল বলতে গেলে ।
—পাঁচু কেমন আছে দেখতে এলুম পিসিমা ।
ক্ষেমঙ্করী পিসিমা ভারী খুশি হলেন : আহা বাবা, আয় আয়। বাাঁ আমার আজ ছুদিন থেকে মনমরা হয়ে শুয়ে আছে।
—সেই জন্যেই তো এলুম। শরীর খারাপ বলেই তো ওকে ভালো করে উৎসাহ দেওয়া দরকার ।
—তাই দে বাবা । আমি তোদের জন্য ক’টা তালের বড়া ভেজে আনি ।
সত্যিই তালের বড়ার গন্ধে বাড়ি ম-ম করছিল। বল্টুদা মুখটাকে ছুঁচোর মতো ছুঁচোলো করে আমায় চুপি চুপি বললে, দেখলি তো প্যালা—হু-হু! কেমন প্রেমসে গরম গরম তালের বড়া খাওয়া যাবে। কপাল ভালো থাকলে এমনিই হয়। এখন চল দেখি-- পেঁচোটা কী করছে ।
পায়ে চুন-হলুদ মাখিয়ে পাঁচুগোপাল প্যাচার মতো পড়ে আছে। বল্টুদা গিয়ে ধপাৎ করে তার পাশে বসে পড়ল ।
—কিরে পেঁচো, কেমন আছিস্ ?
পাচুঁ চি-চি করে বললে, ভীষণ ব্যথা।
—ভীষণ ব্যথা –বর্টুদা উৎসাহ দিতে লাগলঃ অমন হয়। ব্যথা হতে হতে শেষে সেপটিক হয়ে যায়।
পাঁচুগোপাল ভীষণ ঘাবড়ে গেল : মচকানি থেকে সেপটিক হয় ?
—হয় বই কি ! অনেক সময় পা কেটে ফেলতে হয়—কত লোকে মরেও যায়।
পাঁচুগোপালের চোখ কপালে চড়ে গেল : অ্যা—আমি তবে মারা যাব নাকি ?
উৎসাহ দিয়ে বল্টুদাবলতে লাগল, যেতে পারিস্–কিছু অসম্ভব নয়। তবে মারা না-ও যেতে পারিস্–মানে, মনে জোর থাকলে বেঁচে গেলেও বেঁচে যেতে পারিস। তবে একটা পা কাটা গেলেও ঘাবড়াসনি। না হয় লাঠি ভর করেই হাটবি। আর যদি মারাই যাস্—মনে কর মারাই গেলি—তা হলেও ঘাবড়ে যাসনি। দেখিস পেঁচো—বল্টুদা আরো বেশি উৎসাহ দিতে লাগল ? তোর মৃত্যুর পর আমরা কি রকম একখান শোকসভা—
বল্টুদা আর বলতে পারল না—শব্দ হল ঝপাং ! বাপ—বাপ বলে বল্টুদা লাফিয়ে উঠল।
ক্ষেমঙ্কর পিসিমার ঝাটা আবার নামল বল্টুদার পিঠে। পিসিমা যে কখন ঘরে ঢুকেছে আমরা দেখতে পাইনি।
বিকট রকম দাঁত খিঁচিয়ে ক্ষেমঙ্করী পিসিম আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগল ; তবে রে অলপ্পেয়ে–নচ্ছার, ড্যাকর, হাড়হাবাতে ! আমার পাঁচুর ঠ্যাং কাটা যাবে? আমার পাঁচু মারা যাবে ? তার অাগে তোরই মরণ ঘনিয়েছে—দেখে নে !
আবার ঝাঁটা নামল ; ঝপাং—ঝপাং— 
—বাবারে গেছি—গেছি—বলে বল্টুদা ছুটল। পেছনে ছুটল ঝাটা হাতে ক্ষেমঙ্করী পিসিমা । কী আর করা—আমাকেও ছুটতে হল সঙ্গে সঙ্গে ।
সন্ধ্যেবেলা গেছি বল্টুদার বাড়িতে। গায়ে ব্যাণ্ডেজ বেঁধে পড়ে আছে বল্টুদা। ঝাঁটার ঘায়ে বল্টুদাকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে ক্ষেমঙ্কর পিসিমা । উৎসাহ দেবার পালা আমার এবার।
বললুম, কিছু ভেবে না বল্টুদা ঝাঁটার ঘায়ে যদি সারা গা সেপটিক হয়ে যায়— যদি তুমি মারাই যাও তা হলেও কিছু চিন্তা কোরো না । অভিলায়ের দোকানে তোমার যে চুয়াল্লিশ টাকা চার আন পাওনা আছে—সেটা আমিই খেয়ে আসব এখন।
কিন্তু ৰল্টুদা একদম উৎসাহ পেল না। চেঁচিয়ে আমায় গাল দিতে লাগল : বেরো —বেরো এখান থেকে । উল্লুক—ভলুক—শল্লৰ্কী—পক্কবিশ-অম্লজান কোথাকার—
কী ছোটলোক—দেখেছ ?

গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায় এর লেখা  “৯টি হাসির গল্প” বইটি থেকে নেওয়া হয়েছে।

গণেশের মূর্তি
--শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মহাদেব বাবু মানুষটি বড় ভালো। দোষের মধ্যে তিনি গরিব। নুন আসতে পানতা ফুরোয়। আর সেইজন্যে বাড়িতে তাঁকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালোমানুষির জন্যই মহাদেববাবু কোনও উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করতেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব-দুঃখীদের সাহায্য করেন। কেউ ধারটার করলে শোধ চাইতে পারেন না। দুষ্টু লোকেরা তাঁকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন, এ জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না। তাঁর সেইজন্য তেমন দুঃখও নেই। তবে ছেলেপুলেরা খাওয়াদাওয়ার কষ্ট পেলে তাঁর খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তাঁর নেই। তবে আর সামান্য কিছু টাকা যদি রোজগার করতে পারতেন তা হলেই হত।
একদিন কাজকর্ম সেরে মহাদেব বাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটকলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুলি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু-সজ্জন দেখলেই সিকিটা আধুলিটা যাই হোক প্রণামি দিয়ে প্রণাম করে যান।
আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তাঁর বিশাল জটা আর দাড়ি গোঁফ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তিভরে একখানা সিকি প্রণামি দিয়ে প্রণাম করলেন।
সাধু তাঁর দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কী চাস তুই?
মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা।
সাধুটা সর্বত্যাগী, তাঁদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে।
সাধু তাঁর দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কিছুই চাস না?
না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন।
সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জ্বলজ্বলে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট্ট গণেশমূর্তি বের করে বললেন, এই নিয়ে যা।
মহাদেব মূর্তিটা ভক্তিভরে নিয়ে কাপালে ঠেকালেন। পেতলের তৈরী ছোট সুন্দর একখানা মূর্তি।
সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি।
যে আজ্ঞে। কিন্তু বাবা, আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কী করে?
কে কার দাম দিতে পারে রে ব্যাটা! দাম দেওয়া কি সোজা! যা, বাড়ি যা।
ভারি যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব। তাঁর বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন।
ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তাঁর পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতড়ে নিয়ে আলো জ্বেলে দেখলেন, একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোত্থেকে এল তা আকাশ-পাতাল ভেবেও বুঝতে পারলেন না।
পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলায় সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল, আজ একটা টাকা প্রণামি দিয়ে যাবেন, তা আর হল না।
সারাদিন হাড়ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়েদেয়ে ঘুমোলেন মহাদেববাবু। আবার কী আশ্চর্য! আজও মধ্যরাতে তাঁর পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কী হচ্ছে? এ্ কি গণেশঠাকুরের মহিমা?
তিনি গণেশমূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া!
তা রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেব বাবু।
মাসান্তে তাঁর ত্রিশটি টাকা অতিরিক্ত আয় হল। তাতে সংসারেরও সামান্য উন্নতি হল। মহাদেববাবু তিশটাকা থেকে পাঁচটি টাকা জমিয়ে ফেললেন। টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হত না।
গণেশবাবার পয়েই যে এ কান্ড ঘটছে তাতে তাঁর আর সন্দেহ রইল না। সাধুবাবা তাঁকে কী আশ্চর্য জিনিসটা না দিয়ে গেলেন!
কৃতজ্ঞতায় রোজ তাঁর চোখে জল আসে।
বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবে সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে। অল্প অল্প টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি। তাঁর বেশি লোভ নেই।
মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু-একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন, উল্টদিকের বাড়ির মদন চৌধুরি। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড় কেপ্পন।
একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গেও এল।
মদন জিগ্যেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেত-টেতন বাড়িয়ে দিয়েছে নাকি?
আজ্ঞে না, মদনদা।
তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি-খুশি ভাব দেখছি। বাউমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে? বলি ব্যাপারখানা কী?
মহাদেব বাবু অতি সরল মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশমূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরিকে বলে ফেললেন। মদন চৌধুরির চোখ লোভে চকচক করতে লাগল। বললেন, বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশবাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা -- ওতে কী হয়?
মহাদেব বাবু মাথা নেড়ে বললেন,-- না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের। আমার তার বেশি দরকার নেই।
মদন চৌধুরি খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন।
তিনচারদিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল-জল দিতে গিয়ে দেখেন, কুলুঙ্গিতে গণেশমূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও গণেশমূর্তি পাওয়া গেল না। মহাদেব বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন, তাঁর দু-চোখ বেয়ে টপটপ করে জল পড়তে লাগল।

একটা দীর্ঘশ্বাস পেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সওয়ার নয়।
ওদিকে মদন চৌধুরির আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশমূর্তি নিয়ে শুয়ে প্রথম রাতেই তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন।
সকালবেলা তিনি গণেশমূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহাম্মক বাবা। ও তোমার মহিমা কী বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেইজন্যই তো দুপুরবেলা চুপিচুপি তোমাকে চুরি করে এনেছি। ও-বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে পাঁচগুণ করে দাও।
তাই হল। পরের রাত পরপর পাঁচটি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরির পেটের ওপর। তিনি আহ্লাদে ডগোমগো। গণেশ তাঁর কথা শুনেছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন , তোমার হাত খুলে গেছে বাবা। তাহলে এবার টাকাটা পঞ্চাশগুণ হোক।
তাই হল। মাঝরাতে বৃষ্টির মতো তাঁর পেটের ওপর মোট আড়াইশো কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরির পেটে বেশ ব্যাথা লাগল। কিন্তু টাকা পেয়ে আহ্লাদে তাঁর ব্যথার কথা মনে রইল না। সকালে তিনি গণেশবাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়া যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও।
রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরি। মধ্যরাতে হঠাৎ যখন তাঁর পেটের ওপর টাকা পড়তে শুরু করল তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং টং টং করে টাকা পড়তে লাগল মাথায়, গায়ে, হাতে পায়ে। আড়াই লাখ টাকার বৃষ্টি যখন শেষ হল তখন মদন চৌধুরির মাথা পেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানা জায়গায় ক্ষত সৃষ্টি হকয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন। টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা।
যখন জ্ঞান ফিরল তখন শরীরে একশো ফোড়ার ব্যাথা। নড়তে পারছেন না। কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা দু-হাজার গুণ করে দাও।
তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাতে হঠাৎ যেন বজ্রনির্ঘোষের একটা শব্দ হর। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগল। আহ্লাদে দু-হাত তুলে চেঁচালেন মদন চৌধুরি। কিন্তু আহ্লাদ বেশিক্ষণ স্থায়ী হল না। পঞ্চাশ কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন। দম বন্ধ হয়ে আসতে লাগল। হৃদপিন্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি।
জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তখন তাঁর শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা, ঘুরছে, জিব বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশবাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে-কাঁদতে বললেন, আর চাইনে বাবা, আমার প্রাণটা রক্ষে কর।
কিন্তু কে শোনে কার কথা! মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরি বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো তাঁর মাথায় আর গায়েই এসে পড়তে লাগল। ঘরখানা টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নীচে আবার চাপা পড়লেন মদন চৌধুরি।
পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব চাট্টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে মদন চৌধুরি এসে তাঁর সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করো। এই নাও তোমার গণেশ। আমিই চুরি করেছিলুম লোভে পড়ে তার শাস্তি ভালোমতোই পেয়েছি। গণেশমূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এল।
মদন চৌধুরি চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশবাবা। আজ সকালে কেঁদে কেটে বললাম, বাবা তোমার টাকা ফেরত নাও। ও আমার চাই না। এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন আমার ঘরে আর একটিও টাকা নেই। আমিও হাঁফ ছেড়ে বেঁচেছি।
মহাদেব গণেশমূর্তিকে আবার কুলুঙ্গিতে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত এই গল্পটি “ঝুরি কুড়ি গল্প” বইটি থেকে নেওয়া হয়েছে।

মনোজদের অদ্ভুত বাড়ি -২ -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ফের ঠাকুরঝি আছাড় খেলেন।আজকে খেলেন গোয়াল ঘরে। আছাড় খাওয়া তার নিত্য দিনের কর্ম। বলতে পারেন হবি। এমন কোন জায়গা নেই যেখানে তিনি আছাড় খাননি। এমনকি যেখানে লোকজন সচরাচর পড়ে যায় না সেই শুকনো সমতল জায়গাতেও তিনি আছাড় খান। সে যাকগে দুঃখহরণ বাবু খুব মনোযোগ দিয়ে অংক কসছিলেন। হঠাৎ মুখ তুলে দেখেন তার ছাত্রছাত্রীরা নেই। সবাই গোয়াল ঘরের দিকে ছুটেছে।
বিরক্ত হয়ে দুঃখহরণ বাবু তখন গানের মাস্টারমশাই গণেশ ঘোষালের ঘরে গেলেন তার সাথে দুটো গল্প করতে। গিয়ে দেখেন, সেখানেও এক গোলমাল।
গণেশবাবু আত্মহত্যা করবেন বলে চালের বিমের সঙ্গে একটা মোটা দড়ির ফাঁস ঝুলিয়ে দড়িটা টেনেটুনে দেখছেন।
দুঃখবাবু বললেন, “এ কী?”
দৃশ্য দেখে দুঃখহরণবাবু চমকে উঠলেন না। মাসের মধ্যে দু-তিনবার গণেশ ঘোষাল আত্মহত্যার চেষ্টা করে থাকেন।
দুঃখবাবু দড়িটা ভালভাবে দেখে বললেন, “ভালো বাঁধা হয়নি।”
গণেশবাবু ফাঁসটা ধরে একটু ফুল খেয়ে বললেন, “না, দিব্যি শক্ত হয়েছে।’
দুঃখবাবু মাথা নেড়ে বলেন, ‘দড়িটাও বেশ পুরনো, মাঝখানে ফেঁসো বেরিয়ে আছে। ফাঁস গলায় দিয়ে ঝুলবার সময়ে যদি দড়ি ছি৭ড়ে যায় তো পড়ে হাত-পা ভাঙবে।”
গণেশবাবু তাচ্ছিল্যের সঙ্গে বললেন, “ভাঙে ভাঙুক। ভারী তো তুচ্ছ হাত-পা। মরতে গেলে হাত পায়ের চিন্তা করলে চলে না মশাই।”
গণেশবাবু মাথা নেড়ে বলেন, “হ্যাঁ। গরুর গলা থেকে খুলে এনেছি। বদমাশ গরুটা ঢুসিয়ে দিতে এসেছিল, কোনক্রমে বেরিয়ে এসে দরজার ঝাঁপটা টেনে দিয়েছিলাম ভাগ্যিস।
দুঃখবাবু চেয়ারে পা তুলে বসে বললেন, “এই সকালবেলাতেই মরতে চাইছেন কে? সকালবেলাটা সুইসাইড করার পক্ষে ভাল না। হুটহাট লোকজন এসে পড়তে পারে। এসব গভীর রাতে করতে হয়, যখন কেউ এসে বাঁচাতে পারবে না।”
“হুঁঃ”।” বলে গণেশবাবু দুঃখবাবুর দিকে একটু কটমট করে চেয়ে থেকে বললেন, “গভীর রাত পর্যন্ত আমি জেগে থাকতে পারি না। এত ঘুম পায় যে, মরা-টরার কথা মনেই থাকে না?”

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “মনোজদের অদ্ভুত বাড়ি” থেকে অংশ বিশেষ।

মনোজদের অদ্ভুত বাড়ি -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

আদ্যশক্তিদেবী আছাড় খেয়েছেন শুনলে আজকাল লোকজন কেউ তেমন অবাক হয় না। কেউ যদি কাউকে গিয়ে বলে, জানো, আদ্যাশক্তি আজ আছাড় খেয়েছেন? তাহলে যাকে বলা হয় তিনি অবাক হয়ে বলেন “ওওও, এ আর এমন কী? উনার আছাড় খাওয়া অভ্যাস।
তবু কেউ যদি আছাড় খায়ই, সে আদ্যাশক্তি দেবীই হোন বা আর যে কেউ হোক, নিয়ম হল লোকজন গিযে তাকে ধরিমরি করে তুলবে। গোয়াল ঘরের চেঁচামেচি শুনে তাই সবাই দৌড়ে গেল।
গিয়ে দেখে, গোয়ালঘরের এক কোণে যেখানে ব্যায়োগ্যাসের গবেষণার জন্য হারাধন বিজ্ঞানী গোবরের তাল জমিয়ে পচাচ্ছিল সেখানে আদ্যাশক্তিদেবীর অর্ধেক ডুবে আছে। তিনি নিঃশব্দে চেঁচাচ্ছেন। অর্থাৎ তাঁর মুখ নড়ছে কিন্তু শব্দ বেরচ্ছে না।
বুড়ি ঝি কিরমিরিয়ার অভ্যাস হল, বাড়িতে কোনও রকম ঘটনা ঘটলেই সে বিলাপ করে কাঁদতে বসবে। বাড়িতে কিছু ঘটলেই কিরমিরিয়ার বিলাপ শুরু হয়ে যায়। এই তো সেদিন খুঁকির ড্রইং খাতা হারিয়ে গিয়েছিল। সে কি বিলাপ!!!.. ও বাবাগো? খোঁকির এখন কী হবে গো! ইস্কুলের দিদিমিণি এখন খুঁকিকে বকবে গো! সারাদিন তার বিলাপের জ্বালায় সবাই অস্থির। এখন বাড়িতে যাই ঘটুক, কিরমিরিয়াকে কেউ কিছু খবর দেয় না।
প্রায় দুদিন কিরমিরিয়া বিলাপ করেনি। বিলাপ না করলে তার পেট ফেঁপে যায, খিদে নষ্ট হয়ে মুখে অরুচি হয়। রোগাও হয়ে যায় সে। দুদিন বাদে জবর ঘটনা দেখে কিরমিরিয়া গিযে গোবরে অর্ধেক ডুবে থাকা আদ্যাশক্তি দেবীর মুখের সামনে উবু হযে বসে মনের সুখে কেঁদেকেটে বিলাপ করতে লাগল, ‘ও ঠাকুরঝি গো, এত জায়গা থাকতে তুমি কেন গোবরে গিয়ে পড়লে গো! উঠোনে পড়লে না, পুকুরে পড়লে না, ছাদ থেকে পড়লে না, গোবরে গিয়ে পড়লে গো! এখন তোমারই বা কী হবে, গোবরেই বা কী হবে গো!

শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “মনোজদের অদ্ভুত বাড়ি” থেকে অংশ বিশেষ।

গোঁসাই বাগানের ভুত -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বুরুন সব বিষয়ে ভাল কিন্তু অঙ্কে সে গোল্লা। এবার পরীক্ষাতে সে অঙ্কে ১৩ পেয়েছে। এতে বাড়ির সবাই তার উপর অভিমান। তার বাবাতো রেগেমেগে আগুন। এমনটি তার বোনও তার সাথে কথা বলে না, খেলতে যাওয়া নিষেধ। বুরুনের নিজের কাপড় নিজেকেই ধুতে হয়। ঘর পরিস্কার করতে হয়, ভাত বেড়ে খেতে হয় আরও কত কি! এতো অবহেলা সহ্য করা যায় না। মনের দুঃখে বুরুন গেল গোঁসাইবাগানে। সাধারনত মন ভাল থাকলে বুরুন সেখানে যেত না। আজ তার মৃত্যুর ভয় নেই। সাপে কাটলেই কি আর বিছাতে কাটলেই কি। ঘনজঙ্গলের অনেক ডালপালা পেরিযে বনের অনেক গভীরে একটা পুকুর পাড়ে গিয়ে সে পৌছেছে। পুকুরের পাড়েই একটা কুল গাছ থেকে বুনো কুল পেরে খাচ্ছে। মনটা তার ভাল নেই। হঠাৎ সে দেখে পুকুরের ওপারে একটা মানুষ দাড়িয়ে আছে। বুরুন ভাবল, এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ কোথা থেকে এল রে বাবা। কিন্তু বুরুনের তাতে কোন ভ্রক্ষেপ নেই। মানুষ থাকলেই বা তাতে তার কি এসে যায়!
কিছুক্ষন পর মানুষটা পুকুরের জলের উপরে পা ফেলে বুরুনের দিকে আসতে লাগল। লোকটি জলের উপর দিয়ে হাঁটছে কিন্তু পা জলে ভিজছে না। বুরুন অবাক হলো, সে বিজ্ঞান ক্লাসে জেনেছে গ্রাভিটির কারনে জলের উপর দিযে হাঁটা অসম্ভব। কিন্তু লোকটি দিব্যি হাঁটতে। যাই হোক, বিজ্ঞানের যে আরও কত কিছু জানার বাকি আছে, কেই বা জানে। সে ঘটনাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আবার কুল গাছ থেকে কুল পেরে খেতে লাগল।
লোকটি বুরুনের সামনে এসে ইয়া বড় বড় দাঁত বের করে এক গাল হেঁসে বলল, “কি খোকা, ভয় পেয়েছ?”
বুরুন একটু অবাক হয়ে বলে, “ভয়? না, ভয় পাব কেন?
“পাওনি?” এবার লোকটাই অবাক।
“না, ভয় পাওয়ার কী আছে? আমি শুধু সায়েন্সের কথা ভাবছিলাম, মনে হয় সায়েন্স এখনো অনেক কিছু জানে না।?
“তা বটে।” বলে লোক একটু হেসে লোকে যেমন টুপি খোলে, ঠিক সেভাবে নিজের মাথাটা ঘাড় থেকে তুলে এনে হাতে নিয়ে একটু ঝেড়েঝুড়ে পরিষ্কার করল চাঁদির জায়গাটা, তারপর মুন্ডুটা আবার যথাস্থানে লাগিয়ে বলল, “মাথায় খুব উকুন হয়েছে কিনা, তাই চুলকাচ্ছে।”
“ও।” বুরুন বলে।
লোকটা বিরক্ত হয়ে বলে, “কী ব্যাপার তোমার বল তো! এবারও যে বড় ভয় পেলে না?”
বুরুন কাঁধ ঝাঁকিয়ে বলল, “আপনার মাথায় উকুন হয়েছে আর চুলকোচ্ছে বলে আমার ভয় পাওয়ার কী আছে?”
লোকটা রেগে গিয়ে বলল, “তুমি ভাবছ আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি?”
“হতে পারে”
লোকটা হঠাৎ ডান হাতটা ওপর দিকে তুলল। বুরুন দেখল, হাতটা লম্বা হয়ে একটা চালতা গাছেল মগডালে চলে গেছে। পরমুহূর্তে একটা পাকা চালতা পেড়ে এনে লোকটা বুরুনের সামনে ফেলে দিয়ে বলল, “দেখলে?”
বুরুন বিরক্ত হয়ে বলে, “না দেখার কী? চোখের সামনেই তো পাড়লেন।”
লোকটা ধমকে উঠে বলে, “তবে ভয় পাচ্ছ না যে!”
“ভয় না পেলে কী করব?” এই বলে বুরুন থোকা থেকে কয়েকটা কুল ছিঁড়ে মুখে ফেলল।
লোকটি ভারি আঁশটে মুখ করে বলল, “লজ্জা করছে না কুল খেতে? চোখের সামনে জলজ্যান্ত আমাকে দেখতে পেয়েও নিশ্চিন্ত মনে কুল খাওয়া হচ্ছে? আরো দেখবে? অ্যাঁ!”
বলে লোকটা হঠাৎ ডান হাত দিয়ে বাঁ হাতটা খুলে চারদিকে তলোয়ারের মতো ঘোরাতে লাগল; তারপর বাঁ হাত দিয়ে ডান হাত খুলে নিল। দুটো পা দু’হাতে খুলে নিয়ে দেখাল। তারপর একবার অদৃশ্য হয়ে ফের হাজির হল। তেরো-চোদ্দ ফুট লম্বা হয়ে গেল আবার হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট হয়ে গেল। এসব করে হাঁফাতে হাঁফাতে আবার আগের মতো হয়ে সামনে দাঁড়িয়ে বলল, ‘দেখলে?’
“হুঁ!”
“হুঁ মানে? এ-সব দেখাও পরও মূর্ছা যাচ্ছ না যে! দৌড়ে পালাচ্ছ না যে! দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খেয়ে যাচ্ছ যে বড়! আমি কে জান?”
“কে?”
“আমি গোসাঁই ডাকাতের বড় স্যাঙাৎ নিধিরাম। দুশো বছর ধরে এখানে আছি, বুঝলে? দুশো বছর।”
‘বুঝলাম।”
“কী বুঝলে?”
বুরুন বিরক্ত হয়ে বলে, “এসব তো সোজা কথা। বোঝাবুঝির কী আছে! আপনি দুশো বছর ধরে এখানে আছেন।”
লোকটা গম্ভীর হয়ে বলে, “তুমি বাপু তলিয়ে বুঝছ না। দুশো বছর কি কোন মানুষ বেঁচে থাকে বলো!”
“তা থাকে না।”
“তবে আমি আছি কী করে?”
“থাকলে আমি কী করব?”
লোকটা রেগে উঠে বলল, “তবু তুমি তলিয়ে বুঝছ না কিন্তু। আমি আসলে বেঁচে নেই।”
বুরুন আর একটা কুল মুখে নিয়ে বলে, “তাতে আমার কী?”
“ওঃ, খুবই চ্যাটাং চ্যাটাং কথা বলছ যে! ভূতকে ভয় পাওনা, কেমনতরো বেয়াদব ছেলে হে তুমি!”
বুরুন বলল, “ভয় লাগছে না যে।”
এই কথা শুনে লোকটার চেহারা ভারি করুণ হয়ে গেল। অসহায়ভাবে ছলছলে চোখে চেয়ে রইল বুরুনের দিকে।


শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কিশোর ক্লাসিক “গোঁসাই বাগানের ভুত” থেকে অংশ বিশেষ।

যতীন বাবুর চারহাত -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

-- যতীনবাবুর দোষটা কি জানেন?
-- আজ্ঞে না, দোষটা কী বলুন তো!
-- যতীনবাবুর সবচেয়ে দোষ হল উনি বড্ড ভালোমানুষ।
-- অ। তা ভালোমানুষিটা দোষের খাতে ধরছেন কেন?
-- ধরব না মশাই? কিছু পৈতিক সম্পত্তি ছিল, ব্যাংকে দিব্যি মোটা টাকার আমানত ছিল, কয়েক লাখ টাকা শেয়ারেও ছিল। গাড়ি-বাড়ি-জমিজমায় একপ্রকার ভাসাভাসি কান্ড, কিন্তু ওই যে, ভালামানুষির দোষ। কেবল বলেন আমি একা ভাল তো হবে না, অন্যদেরও ভালো রাখতে হবে। আর যেমনি কথা অমনি কাজ। দু-হাতে আর কতই বিলানো যায়। ভগবান যদি চারখানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হত।
-- বটে। তা তার ঠিকানাটা বলুন তো!
-- আহা! আগে শুনুন, তবে তো!
-- কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে!
-- আরে না মশাই, না। বিলি হয়েই যেত, কিন্তু ভগবান যে তাঁর আবদার মঞ্জুর করবেন সেটা যতীনবাবু ভেবে দ্যাখেননি। এখন যে তাঁর বিপদ চলছে।
-- কেন মশাই? কিসের বিপদ?
-- বলছি মশাই, বলছি। তার আগে একটা কথা শুনে রাখুন। ভগবান লোকটা বড্ড বেখায়ালের। বড় গলা করে চেয়েচিন্তে দেখবেন, কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো। কিন্তু হঠাৎ হয়তো আনমনে ফিসফিস করে কিছু একটা চেয়ে বসলেন, অমনি সেটা মঞ্জুর করে দিলেন। তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না।
-- তা হলটা কী মশাই?
-- ওই চারটে হাত চেয়েছিলেন যতীনবাবু। ওইটেই তাঁর কাল হল। রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ বগলের তলায় সুড়সুড়ি। প্রথমটায় তেমন বুঝতে পারেননি। অস্বস্তি বোধ করে এপাশ-ওপাশ করছেন, হঠাৎ দুই বগল ফুঁড়ে ভচাক ভচাক করে আরও দুটো হাত বেরিয়ে এল। প্রথমটায তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিলেন। বাড়ির লোকজনও সব লাঠিসোঁটা নিয়ে দৌড়ে এল্ কিন্তু কান্ড দেখে সবাই তাজ্জব। চোর-ডাকাতের ব্যাপার নয়। যতীনবাবুর দুই বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে-খুঁড়ে আরও দুটো হাত বেরিযে এসেছে।
-- যাঃ, এ আপনি গুল দিচ্ছেন।
-- আপনি তো গুল বলেই খালাস। যতীনবাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন এটা গুল হলেই বরং ভালো ছিল।
-- কেন মশাই, দুটো বাড়তি হাত থাকলে কাজকর্মের বেশ সুবিধেই হওয়ার কথা।
--কাজকর্মের কথা আর বলবেন না শশাই। কাজকর্মের আগে আরও জলন্ত সব সমস্যা রয়েছে। প্রথম কথা যতীনবাবুর সবজামারই দুটো করে হাতা। কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গলানো যাচ্ছে না বলে সকালেই দর্জিদের ডেকে পাঠানো হল। তারাও পড়ল সমস্যায়। জীবনে চার হাতাওয়ালা জামা বানায়নি, প্রথম সমস্যা হল সেটা।
-- আহা, হাতগুলো একটু বেশি ঢোলা করে দিলেই তো হয়।
-- না, হয় না। নতুন হাতদুটো মহা বজ্জাত। তারা পুরোনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয়। তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ার সেই চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে। যাই হোক, শেষ অবধি চার হাতওয়ালা জামা তৈরী করা হল বটে, কিন্তু চার হাতার গেঞ্জি অমিল। যতীনবাবুর আবার গেঞ্জি ছাড়া চলে না, শেষ অবধি হোসিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জিরও বন্দোবস্ত হল। কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে।
-- সেটা কীরকম?
-- বলছি। যতীনবাবু এখন দুখানা ডান হাত আর দুখানা বাঁ-হাত, বুঝলেন তো!
--দিব্যি বুঝেছি। দুপো ডান, দুটো বাঁ, সোজা হিসেব।
-- হিসেবটা যদি এত সোজা হত তাহলে আর চিন্তা ছিল কী? প্রথম মুশকিল হল খেতে বসে। যতীনবাবু পুরনো ডান হাত দিলে জলখাবারের একখানা লুচি আলুর ছেঁচকি সাপ্টে সবে মুখে তুলেছেন অমনি তাঁর নতুন ডান হাত ফস করে আরও দুখানা লুচি পায়েস মেখে তাঁর মুখে দিল গুঁজে। এখন আপনি বলুন আলুর ছেঁচকি সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয়।
-- তাই তো! কথাটা ভেবে দেখার বিষয়।
-- দুপুরে সবে ঘি মাখা ভাতের গরাস মুখে তুলতে যাবেন এমন সময় তার বিকল্প ডান হাত একগোছা সজনে ডাঁটার চচ্চড়ি তার মুখে গুঁজে দিলে যতীনবাবুর অবস্থাটা কী হয় বলতে পারেন।
-- খুব খারাপ হওয়ার কথা।
-- আর শুধু কি তাই? টেলিফোন ধরতে যাবেন, সেই ফোন নিয়ে দুই ডান হাতে এমন কাড়াকাড়ি হল যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল। বাঁ-হাতে ঘড়ি পরবেন সে উপায় নেই, এক হাতে ঘড়ি পরতে গেলেই আর এক হাত খাবলা মারে। একটু তবলা বাজানোর শখ আছে যোতীনবাবুর। কিন্তু এখন দুটো ডান হাত এবং দুটো বাঁ-হাত মিলে তবলা ডুগিতে এমন সব আওয়াজ তোলে যে কহতব্য। বরাবর বাঁ-হাতে চায়ের কাপ ধরার অভ্যাস তাঁর, সবে চুমুক দেবেন অমনি নতুন বাঁ-হাতটা উঠে এসে কাপটা এমন চেপে ধরল যে গরম চা চলকে পড়ে পেটে ফোসকা হওয়ার জোগাড়। বাজার করতে গিয়েও বিপত্তি। পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে। বুড়ো ঢ্যাঁড়স, পাকা পটল, ধশা আলু কী থাকছে না আজকাল তাঁর বাজারে!
-- এঃ হেঃ যতীনবাবুর তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই।
-- তার আর বলতে। তাই বলছিলুম, ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না। বেখেয়ালের লোক, কোনটা দিয়ে ফেলেন কে জানে। যা আছে তাই নিয়েই খুশি থাকুন মশাই বুঝলেন?
-- খুব খুব।

কবচ -- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

--আরে হরিপদবাবু যে! প্রাতঃপ্রণাম,প্রাতঃপ্রণাম!
-- প্রাতঃপ্রণাম। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলুম না মশাই?
-- তার তাড়াহুড়ো নেই, ক্রমে ক্রমে চিনবেন। আগে কুশলপ্রশ্নাদি সেরে নিই, তারপর না হয় অন্য কথা। তা বলি আপনার খিদে-টিদে ঠিকমতো হচ্ছে তো? রাতে বেশ সুনিদ্রা হয় তো? কোষ্ঠ নিয়মিত পরিষ্কার হচ্ছে তো?
-- দেখছেন মশাই, বাজারে যাচ্ছি। এখন কি আর এত খাতেনের জবাব দেওয়া সময় আছে?
-- কিন্তু হরিপদ বাবু, প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না। এসব প্রশ্নের পিছনে গূঢ় উদ্দেশ্যও থাকতে পারে তো। এই যে ধরুন, আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভাল ঘুমোননি, নানারকম দুশ্চিন্তা করেছেন। আপনার তেমন খিদেও হচ্ছেনা না বলে মুখখানা আঁশটে করে রেখেছেন। কোষ্ঠ পরিস্কার হচ্ছে না বলে আপনার মেজাজটাও বেশ তিরিক্ষি। ঠিক কি না!
-- তা খুব একটা ভুলও বলেলনি বটে। আপনার মতলবখানা কী বলুন তো?
-- চলুন, বাজারের দিকে হাঁটতে-হাঁটতে দুটো কথা কয়ে নিই।
-- কথা কওয়ার উদ্দেশ্যটা কী একটু বলবেন? খামোখা একজন উটকো লোকের সঙ্গে হাপরহাটি বকে মরার সময় আমার নেই।
-- আহা, চটে যাচ্ছেন কেন? ষষ্ঠীচরণ যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় আর সুদসমেত সেই পাঁচহাজার যে পঞ্চাশ হাজার দাঁড়িয়ে যেতে বসেছে, আর পচা গুন্ডা যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিযে প্রতিমাসে অন্যায্য টাকা আদায় করছে, সে তো আর আমার অজানা নয়।
-- দাঁড়ান মশাই, দাঁড়ান। এসব গুহ্য কথা আপনি জানলেন কী করে? মেয়ের বিয়ের সময় মোটে পাঁচটি হাজার টাকা ষষ্ঠীচরণের কাছে ধার নিয়েছিলুম। তখন কি আর জানতুম যে ওই পাঁচ হাজারের ফেরে আমার ঘটিবাটি চাঁটি হওয়ার জোগাড় হবে! ঠিকই বলেছেন মশাই, আমার খিদে হচ্ছে না, ঘুম উধাও, কোষ্ঠ পরিষ্কার নওয়ার লক্ষণই নেই।
-- শুধু কি তাই হরিপদবাবু? গণকঠাকুর সদানন্দ সরখেল যে শনির দৃষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি একখানা নীলা ধারণ করিয়েছিলেন তারও কিস্তি টানতে গিযে আপনি কি কম নাকাল হচ্ছেন। সদানন্দ আবার ভয় দেখিয়ে রেখেছে যে, কিস্তি ঠিকঠাক না দিলে মহাক্ষতির অভিশাপ লাগবে। তার ওপর ধরুন আপনার বাড়ির পাশেই মহাকালী ব্যায়ামাগারের আখড়া। তারা জোড় করে আপনার জমির আড়াই ফুট বাই ষাঠ ফুট দখল করে বসে আছে, আর আপনি প্রতিবাদ করলেই তেড়ে আসছে, এও তো সবাই জানে কিনা।
-- আশ্চর্য মশাই, আমি আপনাকে না চিনলেও আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন! তা মশাই, এত সব জানলের কী করে? আপনি কি শত্রুপক্ষের লোক?
-- ছিঃ ছিঃ, হরিপদবাবু এরিকম অন্যায় সন্দে আপনার হল কী করে? আপনার ভালো চাই বলেই না আর পাঁচটা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি! আপনার গিন্নির বাঁ-হাঁটুর বাত আর অম্বলের অসুখের জন্য ডাক্তার বদ্যি আর ওষুধের পিছনে যে হাজার-হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সে খবর জানি বলেই না আপনার দুঃখে ধুঃখিত হয়ে না এসে থাকতে পারলাম না।
-- কিছু মনে করবেন না মশাই, আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্দ ছিল। এখন বুঝতে পারছি, আপনি তেমন খারাপ লোক নন।
-- নই-ই তো! এই যে গেল হপ্তায় আপনি অফিসের লেজারে একটা চল্লিশ হাজার টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটের ঘরে বসিযে দিয়েছিলেন, তার জন্য গণেশবাবু কী অপমানটাই না আপনাকে করলেন। ইডিয়ট, গুড ফর নাথিং, অপদার্থ, মিসফিট, নন-কমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন! তার ওপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রাডাঙায় বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন। আর আপনি ভালোই জানেন, পায়রাডাঙায় বদলি হওয়া মানে আপনার ভবিষ্যত অন্ধকার।
-- ওঃ মশাই, আপনি নির্ঘাত অন্তর্যামী। এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাক হচ্ছি। সত্যিই মশাই, গণেশবাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না। এই তো গত ইয়ার এন্ডিং-এ গণেশবাবুর মান বাঁচাতে পরপর চারদিন অফিসের সময় পার করেও দু-তিন ঘন্টা করে বেশি খেটে তাঁর কাজ তুলে দিয়েছি। এই কি তার প্রতিদান? আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয়। সেদিন জামাইষষ্ঠীর নেমতন্নে যাব বলে একটু তাড়াহুড়ো ছিল। বিকেল ছ’টা ছাব্বিশের ট্রেন ধরব বলে তাড়াতাড়ি কাজ সারতে গিয়ে সামান্য একটা ভুল হয়ে গিয়েছিল।
--সেই কথাই তো বলছি। তারপর ধরুন, এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড়ে কী কান্ডটা হল?
-- কিছু হয়েছিল নাকি? কী হয়েছিল বলুন তো?
-- সে কী মশাই, এত বড় ঘটনাটা ভুলে মেরে দিলেন! আপনার তো এখনও ভীমরতি ধরার বয়স হয়নি। মাত্র বিয়াল্লিশ বছর তিনমাস, এর মধ্যেই স্মৃতিবিভৃম তো ভাল কথা নয়। অবশ্য জলাতঙ্কের ইনজেকশান নিলে অনেক সময়ে শরীরে নানারকম কেমিক্যাল চেঞ্জ হয়, তাতে স্মৃতিবিভ্রম হওয়াটাও বিচিত্র নয়।
-- আমি যে জলাতঙ্কের ইনজেকশান নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি। নাঃ আমার আরও অবাক হওয়ার উপায় নেই মশাই। ইতিমধ্যে অবাক হওয়ার আপটিমামে পৌছে গেছি।
-- আহা, অবাক হওয়ার দরকারটাই বা কী আপনার! এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রথতলার মোড় দিযে আসার সময় আপনি যে দূরে শ্যামাদাস মিত্তিরকে দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে, “শ্যামাদাস, ওহে শ্যামাদাস” বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন, তা কি আপনার মনে নেই?
-- দোষটা কিন্তু শ্যামাদাসরই, বুঝলেন মশাই, গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাবে বলে আমার কাছে দূরবিনটা ধার চেয়েছিল। দূরবিনটা আমার ঠাকুরদার। সাবেক জিনিস, একটা স্মৃতিচিহ্নও বটে। কিন্তু শ্যামাদাস এমন বেআক্কেলে যে, দূরবিনটা ছ’মাসের মধ্যে ফেরত দিল না। চাইলেই বলে, দেব দিচ্ছি। তারপর ‍শুনলুম তার বড় শালা নাকি দূরবিনটা তার কাছে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারতে বেড়াতে যাবে বলে। বলুন তো, টেনশন হওয়ার কথা নয়! তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিলুম।
-- আর তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরের লেজ মাড়িযে ফেললেন। আর কুকুরটাও ঘ্যাক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল।
-- ওঃ সে একটা দুঃস্বপ্নের মতো ঘটনাই বটে। তবে আপনি যে অন্তর্যামী যে বিষয়ে আমার আর কোন সন্দেহই নেই। এসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগ ছাড়া কেউ জানে না। কুকুড়ের কামড়ের চেয়েও অনেক বেশি যন্ত্রনা পেটে অতগুলো ইনজেকশন নেওয়া। সে কী অসহ্য অবস্থা তা কহতব্য নয়।
-- না হরিপদবাবু, আপনি নবুবাবুর কথা ভুলে যাচ্ছেন। আপনার দুর্ভোগের জন্য নবুবাবুর অবদানের কথাটাও একটু ভাবুন। সেবার অ্যানুয়াল পরীক্ষায় নবুবাবুর ছেলে গজা অঙ্কে বাইশ পেয়েছিল। নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন। অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম। গজাকে অঙ্ক শেখানোর জন্য আনাকে নবুবাবু মাসে সাতশো টাকা দিতেন। তা দেবেন নাই বা কেন। নবুবাবুর টাকার লেখাজোখা নেই, আর গজাও তার একমাত্র ছেলে। কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে এগারো পেল এবং অ্যানুয়ালে পেয়েছিল মাত্র তিন। এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনই, তার উপর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন। অভিযোগ ছিল, আপনি ইচ্ছা করেই গজাকে ভুলভাল শিখিয়েছেন। তা ছাড়া তাঁর গোয়ালে আগুন লাগানোর অভিযোগে এক দফা, তাঁর বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আর এক দফা, তাঁর বাড়িতে যে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর এক দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন। পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানায় লক আপে এক রাত্রি আটকেও রাখে। ঠিক কিনা?
-- আর বলবেন না মশাই, আমার কী দোষ বলুন! গজা বেশিরভাগ দিনই অঙ্ক কষতে বসে ঘুমিয়ে পড়ত বা পেট ব্যাথা বলে আমাকে বিদায় করে দিত। নবুবাবুকে বলেও লাভ হত না। বলতেন, ছেলেমানুষ, ওরকম তো একটু করবেই। ওই ফাঁকে ফাঁকে শিখিয়ে নেবেন। কী কুক্ষণে যে গজাকে পড়াতে রাজি হয়েছিলুম কে জানে। নবুবাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন।
-- সম্প্রতি তিনি আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্যও তৈরী হচ্ছেন বলে শুনেছি।
-- ওরে বাবা!
-- তা তো বলছি, আপনি কেমন আছেন সেটা জানা বড় দরকার।
-- যে আজ্ঞে। ভেবেচিন্তে মনে হচ্ছে আমি বিশেষ ভাল নেই। আমার ঘুম হচ্ছে না, খিদে হচ্ছে না, কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না। বুক দুরদুর করে, শরীর দুর্বল লাগে,মাথা ঘোরে।
-- আহা, তার জন্য চিন্তা কী হরিপদবাবু। আমি তো আছি।
-- আপনি আছেন, কিন্তু কীভাবে আছেন?
-- আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল বলেই তো হিমালয়ে পাহাড়িবাবার কাছে ছুটে গিয়েছিলাম।
-- বলেন কী? আমার জন্যে আপনি হিমালয় ধাওয়া করেছিলেন? আপনি তো অতি মহৎ মানুষ মশাই। কিন্তু আমি তো আপনাকে চিনিও না!
-- তাতে কি? আমার চেনা-অচেনা ভেদ নেই। আপনার দুঃখের কথা পাহাড়িবাবার শ্রীচরণে নিবেদন করতেই উনি টানা পাঁচ বছরের ধ্যানসমাধি থেকে জেগে উঠে চিন্তিত মুখে বললেন, তাই তো? হরিপদর সময়টা তো বিশেষ ভাল যাচ্ছে না! এর একটা বিহিত করতেই হবে।
-- বলেন কি মশাই?
-- তবে আর বলছি কী! পাহাড়িবাবার মহিমা তো জানেন না। সাক্ষাৎ শিবস্বয়ম্ভো! তিনি প্রসন্ন হলে আর চিন্তা কীসের? তা তিনি সব টেনেটুনে আপনার ওপর প্রসন্ন হয়েই এই একস্ট্রা স্পেশাল বগলমুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে কাঁচা দুধ, দই আর গঙ্গাজলে শোধন করে ধারণ করবেন। দেখবেন সব গ্রহ-বৈকল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ।
-- আপনি তো বড় পরোপকারী মানুষ মশাই।
-- আর লজ্জা দেবেন না। মানুষের জন্য আর কতটুকুই বা করতে পারি। যাই হোক, প্রণামী বাবদ সামান্য পাঁচ হাজার টাকা ফেলে দিলেই হবে।
-- অ্যাঁ!
-- আজ্ঞে হ্যাঁ।