অনেকদিন আগে একটি ছেলে আমাকে বলেছিল যে, তার যে প্রেমিকা সেই মেয়েটি যমজ সন্তানের একজন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, দু’জনার মধ্যে ঠিক কোনজন তোমার প্রেমিকা বুঝতে তোমার কোন অসুবিধা হয় না?
ছেলেটি ঘাড় নেড়ে আমাকে জানিয়েছিল, আরে না, না দাদা, অসুবিধে হবে কেন? ওর ভাইয়ের একটা গোঁফ আছে যে।
সেই কবে পবিত্র বাইবেলে লেখা হয়েছিল যে ভালবাসা মৃত্যুর মতোই শক্তিশালী। এই বাইবেল-বাক্য স্মরণে রেখেই বোধহয় একজন প্রেমিক তার প্রেমিকাকে এক আবেগবিহ্বল মুহুর্তে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা আমি যদি হঠাৎ মরে যাই তা হলে তুমি খুব দুঃখ পাবে?
প্রেমিকের এই শিশুসুলভ প্রশ্নে খুবই কৌতুক বোধ করেছিল যুবতীটি কিন্তু মুখে বলেছিল, ‘নিশ্চয়’।
এরপর প্রেমিক জানতে চেয়েছিল, তুমি খুব কাঁদবে?
প্রেমিকা বলেছিল, কাঁদব না কেন?
তখন সেই প্রেমিক অন্যায় আবদার করে বসল, একটু কেঁদে দেখাও না।
এই অনুরোধ রক্ষা করার বদলে একটি অতি নিষ্ঠুর জবাব দিয়েছিল যুবতীটি, একটু মরে দেখাও না।
জানি না, এর পরেও ভালবাসা মৃত্যুর মতো শক্তিশালী ছিল কি না, এর পরেও টিকেছিল কিনা।
No Comment